রেকর্ড পরিমাণ বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

রেকর্ড পরিমাণ বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :রেকর্ড পরিমাণ বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। ফলে এর প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে, যা মে মাসে ছিল ৮ দশমিক ৩০ শতাংশ।এর আগে কখনো এত বেশি মূল্যস্ফীতি হয়নি। গ্রাম ও শহর সব জায়গায়ই খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে গেছে। তবে গ্রামে এই চাপ শহরের তুলনায় বেশি পড়েছে। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশরাশিয়ায় ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যমূল্য বেড়ে যাওয়ার প্রভাব হিসাবে দেশের বাজারে এমনটি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসব তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি এসব তথ্য প্রকাশ করেন। রাজধানীর শেরেবাংরা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এদিকে জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ। মে মাসে এ হার ছিল ৭ দশমিক ৪২ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুন মাসে বেড়ে হয়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ, যা মে মাসে ছিল ৬ দশমিক ০৮ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, স্বস্তির কথা হলো এখন বাজারে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন পণ্যের দাম নিম্নমুখী। কয়েকদিন আগেও ঊর্ধ্বমুখী যে প্রবণতা ছিল সেটি এখন নেই।ফলে এর প্রভাব হয়তো আমরা জুলাই মাসে দেখতে পাব। অর্থাৎ জুলাইয়ের হিসাবে মূল্যস্ফীতি কমে আসবে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারের চাপের কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে।আমরা চেষ্টা করছি লাগাম টানার। বিবিএসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এর আগে ২০১৩-১৪ অর্থবছরে সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ৮ দশমিক ৫৬ শতাংশ।সে সময় গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১১ শতাংশ। পরবর্তী সময়ে ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ০৫ শতাংশে উঠেছিল দেশের খাদ্য মূল্যস্ফীতি।এরপর দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত এপ্রিল মাসে এই হার বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ২৩ শতাংশে। গত মে মাসে সেটি আরও বেড়ে ৮ দশমিক ৩০ শতাংশে ওঠে।

এবার জুনে এসে সব রেকর্ড ভেঙে হয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ। গত জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ার পেছনে রয়েছে নানা কারণ।
যেমন চাল, ভোজ্যতেল, প্রসাধনসামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহণ, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার বেড়েছে।খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বাজারে চাল, ডাল, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধজাতীয় ও অন্যান্য খাদ্যসামগ্রী কিনতে বিপাকে পড়ছেন ক্রেতারা।বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামে গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ০৯ শতাংশ, যা মে মাসে ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ।এ সময় খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫১ শতাংশে, যা মে মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।এদিকে শহরে গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২ শতাংশে, যা মে মাসে ছিল ৬ দশমিক ৪৯ শতাংশ।এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ০৮ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৮৫ শতাংশ।প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি। বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সর্বোচ্চ রেকর্ড হয়েছে গ্রামে অর্থাৎ ৮ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে।

Top