কৃষিতে আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :সামনে আরও বন্যার আশঙ্কার কথা জানিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে ভাসমান বীজতলা প্রস্তুতসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলেছেন তিনি।সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশ দেন। তার কার্যালয়ে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন তিনি।বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সিলেটের বন্যা পরিস্থিতির যতটুকু উন্নতি হয়েছে তাতে সন্তুষ্ট হলে চলবে না। পানি এসে দ্রুত চলে যাচ্ছে বলে মনে করার কারণ নেই যে পানি আর আসবে না।বৈঠক সূত্রে জানা যায়, বন্যায় আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আরও বন্যা হলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। তাই ভাসমান বীজতলা প্রস্তুত করে ক্ষতি কীভাবে কমিয়ে আনা যায়, সেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আবহাওয়ার পূর্বাভাস যেমন দেখছি, তাতে আরও বন্যা হতে পারে। যেভাবে মেঘালয়ের পানি বাংলাদেশে ঢুকেছে, আসামে বড় বন্যার পানি ওইভাবে আসেনি। আসামের বন্যার পানি আসার ক্ষেত্রে সম্ভাব্য প্রস্তুতি রাখতে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের জেলা প্রশাসকদের বলা হয়েছে।মঙ্গলবার (আজ) প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বন্যা উপদ্রুত উপজেলা পর্যায়ের সবাইকে বসে কর্মপরিকল্পনা করার জন্য বলা হয়েছে। এসব এলাকার সবার ছুটি বাতিল করা হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার বন্যায় যেভাবে পানি এসেছে তা গত ৫০-৬০ বছরে দেখা যায়নি। পানিটা এমনভাবে এসেছে যে কাউকে সুযোগ দেয়নি। সৌভাগ্য যে শুরু থেকেই আমরা সমন্বিতভাবে কাজ করায় বড় ধরনের দুর্যোগ হয়নি।তিনি বলেন, চারপাশে দেওয়াল দিয়ে সুনামগঞ্জ সদরের খাদ্যগুদামে থাকা সাড়ে ৭ হাজার টন খাদ্য রক্ষা করা হয়েছে। আরেকটি গুদামে সার ছিল, সেটাও আমরা রক্ষা করতে পেরেছি।খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমি বহু বন্যা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলাম। এবার মানুষ এত ধৈর্য ধরছেন যে, এটা প্রশংসার বিষয়। মানুষ কোথাও ক্ষুব্ধ হয়নি। সিদ্ধান্ত হয়েছিল প্রয়োজন হলে রাস্তাগুলো কেটে দিতে হবে, দেখা গেছে রাস্তারও ৫-৬ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তাই রাস্তা কাটার প্রয়োজন হয়নি।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকার সবকিছুর ব্যবস্থা করছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।প্রধানমন্ত্রী বলেন, এবার বন্যার প্রকোপ একটু বেশি ও তা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। তিনি দুঃখ প্রকাশ করেন যে, আমাদের এই প্রকৃতির সাথেই বাঁচতে হবে।জাপানের রাষ্ট্রদূত বলেন, আজ বিশ্ব শরণার্থী দিবস এবং জাপান চায় বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন। শেখ হাসিনা বলেন, এ লক্ষ্যে তার সরকার ভাষানচরে রোহিঙ্গাদের জন্য উন্নত সুযোগ-সুবিধা দিয়েছে।শেখ হাসিনা বলেন, সরকার বিশ্বের দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকতকে পুঁজি করে কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চায়। বহুল আলোচিত পদ্মা সেতু সম্পর্কে তিনি বলেন, ২০০১ সালের ৪ জুলাই তিনি প্রথম সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরবর্তীতে সেতুর কাজের অগ্রগতি না হওয়ায় আবার ক্ষমতায় এসে আীওয়ামী লীগ সরকার কাজ শেষ করেছে। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকে জাপান সমর্থন দিয়ে আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে জাপানের সমর্থনের কথা স্মরণ করেন।জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, তার দেশ বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। তিনি আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, তার এই সফরে জাপান খুশি হবে।তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি ফটো অ্যালবাম হস্তান্তর করেন যার শিরোনাম ‘১৯৭৩ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফর’, যেটি জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রকাশিত হয়।রাষ্ট্রদূত বলেন, মেট্রোরেল উদ্বোধনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী বছর থেকে জাপানি কোম্পানিগুলো আড়াইহাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজ শুরু করবে বলেও তিনি উল্লেখ করেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পণ্য জাপানে ৯৮ শতাংশ শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার পেয়েছে।বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন, এটি দীর্ঘদিন সেনানিবাসে বন্দি ছিল।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।