অভিভাবককে তাদের শিশুদের বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করার আহ্বান
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে অভিভাবককে তাদের শিশুদের বাইরে খেলাধুলা করতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। যা তাদেরকে যে কোনো ভুল পথে যাওয়া বন্ধের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে। জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।তিনি বলেন, ‘আমাদের বেশির ভাগ শিশু ফ্ল্যাটে মোবাইল ফোন, ল্যাপটপ এবং আইপ্যাড নিয়ে সময় কাটাচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক নয়।’ প্রধানমন্ত্রী শিশুদের দৌড়ঝাঁপের সুযোগ করে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সরকারপ্রধান বলেন, ‘আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হবেন। তাহলে শিশুরা আর ভুল পথে যাবে না।’
শেখ হাসিনা বুধবার সকালে দেশের ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠককে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মূল অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা বলেন, খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিকচর্চা একটি জাতির জন্য অপরিহার্য। এ কথা সবাইকে মনে রাখতে হবে-আমাদের একেবারে ছোট শিশু থেকে সবাইকে উৎসাহিত করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাহলেই আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হতে পারবে। তাদের মনটাও ভালো থাকবে, তারা ভালোভাবে লেখাপড়া শিখবে এবং বিপথে যাবে না-এটাই আমার বিশ্বাস।প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা করলে আমাদের ছেলেমেয়েরা শারীরিক-মানসিকভাবেও যথেষ্ট উপকৃত হয়। সেই সঙ্গে আমাদের দেশের গ্রামাঞ্চলে অনেক ধরনের খেলাধুলা ছিল, সেগুলো আবার সচল করতে হবে। এজন্য আন্তঃস্কুল ও আন্তঃকলেজসহ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাগুলো যেন ব্যাপকভাবে চলে সে ব্যবস্থা নিতে হবে।তিনি বলেন, আমাদের জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাঁতার, হকিসহ বিভিন্ন খেলার সঙ্গে দেশীয় খেলাগুলো যেমন ডাংগুলি, সাতচারা, গোল্লাছুট থেকে শুরু করে হাডুডুসহ যেসব খেলা প্রচলিত ছিল, সেগুলো আবার চালু করতে হবে। এগুলো আমরা ফুটবলের ক্ষেত্রে প্রাথমিক পর্যায় থেকেই আন্তঃস্কুল প্রতিযোগিতা শুরু করেছি। ফলে আমাদের অনেক নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হচ্ছে এবং তারা জাতীয় পর্যায়েও বিশেষ অবদান রাখছে।রাজধানীতে খেলাধুলার জায়গা কম উল্লেখ করে তিনি বলেন, আমরা কিছুটা উদ্যোগ নিয়েছি প্রত্যেক এলাকাতেই যেন খেলার মাঠ থাকে। যেখানে খালি জায়গা পাচ্ছি, খেলার মাঠ করে দিচ্ছি। সে ক্ষেত্রে সংসদ ভবনের পাশে বিশেষ চাহিদাসম্পন্নদের খেলাধুলার জন্য একটা একাডেমিও নির্মাণ করে দেওয়া হচ্ছে।
ছিয়ানব্বই সালে তিনি প্রথম সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্নদের অলিম্পিকে আমেরিকা থেকে ৭২টি পদক জয় করে আনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তাদের আরও পৃষ্ঠপোষকতা দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ জন ক্রীড়াব্যক্তিত্ব ও সংগঠককে এই মর্যাদাপূর্ণ জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কার হিসাবে প্রত্যেকে পান একটি আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সনদপত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহিদ লে. শেখ জামালকে ২০২০ সালের খেলোয়াড় ও সংগঠক হিসাবে (মরণোত্তর) পুরস্কার দেওয়া হয়েছে। তার পক্ষে পরিবারের সদস্য খুলনা-২ আসনের সংসদ-সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল পুরস্কার গ্রহণ করেন।শেখ হাসিনা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়রা বিভিন্ন সময়ে স্পেশাল আলিম্পিকে অংশগ্রহণ করে ২১৬টি স্বর্ণ, ১০৯টি রৌপ্য ও ৮৪টি ব্রোঞ্জপদক অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। সব ক্রীড়াক্ষেত্রেই আমাদের নারীদের সাফল্য উল্লেখ করে তিনি নারীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করে দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন। এ প্রসঙ্গে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল দেশের একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।খেলাধুলার মানোন্নয়নে তার সরকার উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছে, সে কাজ আরও দ্রুত সম্পন্ন করার জন্যও প্রধানমন্ত্রী এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে তাগিদ দেন।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুবিধাদির উন্নয়নের লক্ষ্যে প্রথম পর্যায়ে দেশের ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৮৬টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু করা হয়েছে। তৃতীয় পর্যায়ে দেশের অবশিষ্ট ১৭১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ চলমান রয়েছে। তবে আমি মনে করি, এ ব্যাপারে যাতে আর সময় না নেওয়া হয়, সেটা দেখতে হবে। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াবিদদের জন্য জাতির পিতা ১৯৭৫ সালের ৬ আগস্ট ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ প্রস্তাব অনুমোদন করে যান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এরপর আর সেটা সেভাবে কার্যকর না হলেও তার সরকার ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন-২০১১’ প্রণয়নের মাধ্যমে সিডমানি দিয়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এখানে সমাজের বিত্তশালীদের দুস্থ এবং অসুস্থ খেলোয়াড়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ক্রীড়া পুরস্কার পেলেন যারা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠককে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রদান করেছেন। জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে ২০১৩ সালের জন্য ১১ জন, ২০১৪ সালের জন্য ১০ জন, ২০১৫ সালের জন্য ১১ জন, ২০১৬ সালের জন্য ১৩ জন, ২০১৭ সালের জন্য ১১ জন, ২০১৮ সালের জন্য ১০ জন, ২০১৯ সালের জন্য ১১ জন এবং ২০২০ সালের জন্য ৮ জনসহ সর্বমোট ৮৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার সুপারিশ করেছেন।
২০২০ সাল (৮ জন) : মুক্তিযোদ্ধা শহিদ লেফটেন্যান্ট শেখ জামাল (মরণোত্তর)-খেলোয়াড় ও সংগঠক, মুক্তিযোদ্ধা আফজালুর রহমান সিনহা (মরণোত্তর)-সংগঠক (ক্রিকেট), নাজমুল আবেদীন ফাহিম-সংগঠক (ক্রিকেট কোচ), মো. মহসীন-খেলোয়াড় (ফুটবল), মাহাবুবুল এহছান রানা-খেলোয়াড় (হকি), গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব-খেলোয়াড় (দাবা), বেগম মোছা. নিলুফা ইয়াসমিন-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), আব্দুল কাদের স্মরণ-খেলোয়াড় (ব্যাডমিন্টন-বুদ্ধিপ্রতিবন্ধী)।
২০১৯ সাল (১১ জন) : তানভীর মাজহার তান্না-সংগঠক (ফুটবল), অরুণ চন্দ্র চাকমা (মরণোত্তর)-অ্যাথলেটিক্স, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম-সংগঠক (আরচারি), দিপু রায় চৌধুরী-খেলোয়াড় (ক্রিকেট), কাজী নাবিল আহমেদ-সংগঠক (ফুটবল), ইন্তেখাবুল হামিদ-সংগঠক (শুটিং), বেগম মাহফুজা রহমান তানিয়া-খেলোয়াড় (সাঁতার), বেগম ফারহানা সুলতানা শীলা-খেলোয়াড় (সাইক্লিং), টুটুল কুমার নাগ-খেলোয়াড় (হকি), মাহবুবুর রব-খেলোয়াড় (ব্যাডমিন্টন), বেগম সাদিয়া আক্তার ঊর্মি-খেলোয়াড় (টেবিল টনিস-বুদ্ধিপ্রতিবন্ধী)।
২০১৮ সাল (১০ জন) : ফরিদা আক্তার বেগম-সংগঠক (অ্যাথলেটিক্স), জ্যোৎস্না আফরোজ-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), মো. রফিক উল্যা আখতার মিলন-সংগঠক (অ্যাথলেটিক্স), কাজী আনোয়ার হোসেন-খেলোয়াড় (ফুটবল), মো. শওকত আলী খান জাহাঙ্গীর-সংগঠক (ফুটবল), মীর রবিউজ্জামান-খেলোয়াড় (জিমন্যাস্টিকস), মোহাম্মদ আলমগীর আলম-খেলোয়াড় (হকি), তৈয়েব হাসান সামছুজ্জামান-সংগঠক (রেফারি), নিবেদিতা দাস-খেলোয়াড় (সাঁতার), মাহমুদুল ইসলাম রানা-সংগঠক (তায়কোয়ানডো)।
২০১৭ সাল (১১ জন) : শাহরিয়া সুলতানা-খেলোয়াড় (ভারোত্তোলন), আওলাদ হোসেন-সংগঠক (জুডো, কারাতে ও মার্শাল আর্ট), ওয়াসিফ আলী-খেলোয়াড় (বাস্কেটবল), শেখ বশির আহমেদ মামুন-সংগঠক (জিমন্যাস্টিকস), মো. সেলিম মিয়া-খেলোয়াড় (সাঁতার), হাজী মো. খোরশেদ আলম-সংগঠক (রোইং), আবু ইউসুফ-খেলোয়াড় (ফুটবল), এটিএম শামসুল আলম-সংগঠক (টেবিল টেনিস), রহিমা খানম যুথী-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), আসাদুজ্জামান কোহিনুর-সংগঠক (হ্যান্ডবল), মো. মাহবুব হারুন-খেলোয়াড় (হকি)।
২০১৬ সাল (১৩ জন) : মোহাম্মদ মনিরুজ্জামান-খেলোয়াড় (সাঁতার), লে. কমান্ডার এ কে সরকার (অব.)-সংগঠক (বাস্কেটবল), বেগম সুলতানা পারভীন লাভলী-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), মুক্তিযোদ্ধা শামীম-আল-মামুন-সংগঠক (ভলিবল), আরিফ খান জয়-খেলোয়াড় (ফুটবল), খন্দকার রকিবুল ইসলাম-খেলোয়াড় (ফুটবল), মোহাম্মদ জালাল ইউনুস-সংগঠক (ক্রিকেট), মো. তোফাজ্জল হোসেন-সংগঠক (অ্যাথলেটিক্স), কাজল দত্ত-খেলোয়াড় (ভরোত্তোলন), মো. তাবিউর রহমান পালোয়ান-সংগঠক (কুস্তি), জেড আলম (মরণোত্তর)-সংগঠক (ফুটবল), আবদুর রাজ্জাক সোনা মিয়া (মরণোত্তর)-খেলোয়াড় (হকি), কাজী হাবিবুল বাশার-খেলোয়াড় (ক্রিকেট)।
২০১৫ সাল (১১ জন) : অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-সংগঠক (ক্যারম), মো. আহমেদুর রহমান-খেলোয়াড় ও সংগঠক (জিমন্যাস্টিক্স), আহমেদ সাজ্জাদুল আলম-সংগঠক (ক্রিকেট), খাজা রহমতউল্লাহ (মরণোত্তর)-খেলোয়াড় (হকি), মাহ্তাবুর রহমান বুলবুল-খেলোয়াড় ও সংগঠক (বাস্কেটবল), বেগম ফারহাদ জেসমীন লিটি-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), বরুণ বিকাশ দেওয়ান-খেলোয়াড় (ফুটবল), রেহানা জামান-খেলোয়াড় (সাঁতার), মো. জুয়েল রানা-খেলোয়াড় (ফুটবল), বেগম জেসমিন আক্তার-খেলোয়াড় (ভারোত্তোলন) কারাতে ও তায়কোয়ানডো), বেগম শিউলী আক্তার সাথী-খেলোয়াড় (ব্যাডমিন্টন)।
২০১৪ সাল (১০ জন) : শামসুল বারী (মরণোত্তর)-খেলোয়াড় ও সংগঠক (হকি), এনায়েত হোসেন সিরাজ-সংগঠক (ক্রিকেট), ফজলুর রহমান বাবুল-সংগঠক (ফুটবল), সৈয়দ শাহেদ রেজা-সংগঠক (হ্যান্ডবল), ইমতিয়াজ সুলতান-খেলোয়াড় (ফুটবল), এহসান নামিম-খেলোয়াড় (হকি), বেগম কামরুন নেছা-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), সামছুল ইসলাম-খেলোয়াড় (সাঁতার), মিউরেল গোমেজ-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), জোবায়েদুর রহমান রানা-খেলোয়াড় (ব্যাডমিন্টন)।
২০১৩ সাল (১১ জন) : মুজাফ্ফর হোসেন পল্টু-খেলোয়াড় ও সংগঠক (ক্রিকেট), কাজী মাহতাব উদ্দিন আহমেদ-সংগঠক (হ্যান্ডবল), উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ-সংগঠক (ভারোত্তোলন), সামশুল হক চৌধুরী-সংগঠক (ফুটবল), মুক্তিযোদ্ধা মো. শাহ্জাহান মিজি-খেলোয়াড় (সাঁতার), রোকেয়া বেগম খুকী-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), বেগম মুনিরা মোর্শেদ খান হেলেন-খেলোয়াড় (টেবিল টেনিস), ইলিয়াস হোসেন-খেলোয়াড় (ফুটবল), বেগম জ্যোৎস্না আক্তার-খেলোয়াড় (অ্যাথলেটিক্স), ভোলা লাল চৌহান-খেলোয়াড় (স্কোয়াশ), খালেদ মাহমুদ সুজন-খেলোয়াড় (ক্রিকেট)।