নতুন করে রাস্তা তৈরি না করে বিদ্যমান রাস্তাগুলো সংস্কারের নির্দেশ
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :নতুন করে রাস্তা তৈরি না করে বিদ্যমান রাস্তাগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনসংখ্যার ঘনত্ব অনুসারে বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের দেশে রাস্তা বেশি আছে।তাই নতুন রাস্তা করার প্রয়োজন নেই। বিদ্যমান রাস্তাগুলোর সংস্কার, প্রশস্তকরণ, শক্তিশালীকরণ এবং উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। এছাড়া তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির জন্য জনগণকে সচেতন করে তোলারও নির্দেশ দেন তিনি।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। বৈঠক শেষে ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান।একনেক বৈঠকে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারসহ ১১ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে ৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯৬৩ কোটি ৩৮ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৬৪১ কোটি ৯০ লাখ টাকা ব্যয় করা হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় বিশ্বের ১২১টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম হয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে আছি আমরা।এজন্য সঠিক দিকনির্দেশনা ও নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে একনেকের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তিনি জানান, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১৪টি) প্রকল্পে ১ হাজার ১১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।এ পর্যন্ত ৩৯টি হাইটেক আইটি পার্ক স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি স্থানে সফটওয়্যার টেকনোলজি, আইটি বিজনেস, ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে।
দেশের বিপুলসংখ্যক তরুণ বেকারের কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্য দেশের বিভিন্ন সম্ভাব্য অঞ্চলে আইটি পার্ক সৃষ্টির মাধ্যমে আইটি, হাইটেক সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান তাদের ব্যবসা কার্যক্রম শুরুর জন্য এ সেক্টরের অবকাঠামোগত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।এছাড়া দেশের প্রতিটি অঞ্চলে বিপিও সেক্টরের তরুণ উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা প্রকল্পটির মূল উদ্দেশ্য। এজন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রকল্পটি হাতে নিয়েছে।তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির জন্য জনগণকে সচেতন করে তোলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের তরুণরা আউট সোর্সিংয়ের মাধ্যমে অনেক টাকা আয় করছেন। এ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরুণদের আরও উৎসাহ দিতে হবে।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-বাপবিবোর বিদ্যমান ৩৩/১১ কেভি পোল মাউন্টেড উপকেন্দ্রের নবায়ন ও আধুনিকায়ন (৬৭৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়), নেসকো এলাকায় স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বাস্তবায়ন (২৪১ কোটি টাকা), ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন প্রকল্প (৫৫৬ কোটি ৩৬ লাখ টাকা), লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (এলওজিআইসি) (১৩৭ কোটি ৩৫ লাখ টাকা), শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমির (যশোর) প্রতিষ্ঠাকরণ (১৯৮ কোটি ৯৫ লাখ টাকা), মিঠামইন উপজেলার ঘোড়াউতরা, বোলাই-শ্রীগাং নদীর অংশবিশেষ ও ইটনা উপজেলার ধনু নদী, নামাকুড়া নদী এবং অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীর অংশবিশেষের নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার (ব্যয় ৩৪২ কোটি ২৬ লাখ টাকা), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রাগার (প্রথম পর্যায়ে ৪০টি) নির্মাণ (৬৪ কোটি ৬৮ লাখ টাকা), দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু/জরাজীর্ণ কালভার্টগুলো পুনর্নির্মাণ এবং বাজার অংশে রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণ (৪৬৩ কোটি ৭২ লাখ টাকা), শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন (ব্যয় ১ হাজার ৮৪২ কোটি ২৭ লাখ টাকা), ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প (১৮৪ কোটি ৭১ লাখ টাকা)। ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বক্তব্য দেন। এ সময় পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং পরিকল্পনা কমিশনের সদস্য নাসিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান : সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সদস্যরা এদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমরা শুধু আপনাদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল (জোন) নির্ধারণ করে দিতে পারি। বিনিয়োগের পরিবেশ সহজ করতে সর্বোত্তম সম্ভাব্য নীতি কাঠামো এবং জোরালো সম্ভাবনার বিষয়ে আমি আপনাদের আশ্বস্ত করছি।বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অভিন্ন মূল্যবোধ ও অংশীদারত্বমূলক স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সম্ভাব্য সব খাতে মার্কিন ব্যবসায়ীরা আরও বিনিয়োগ করবেন বলে বিশ্বাস করি।বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াকরণ, ওষুধ, সিরামিকের মতো খাতে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগ করতে পারে।
তিনি বলেন, আমি নিশ্চিত যে আপনারা অনুকূল পরিবেশ বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের আস্থা অনুভব করতে পারবেন।বাংলাদেশ এখন আরএমজি, চামড়া, প্লাস্টিক, আইসিটি, পাট, কৃষি প্রক্রিয়াকরণ এবং আরও অনেক খাতে অত্যাধুনিক উৎপাদন কারখানার জন্য স্বীকৃত। আমাদের অনুকূল পরিবেশে বিনিয়োগের সুযোগ নেওয়ার জন্য অনুগ্রহ করে আপনারা ‘সময়’ তৈরি করুন। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মার্কিন বিনিয়োগকারীদের জন্য আমরা একটি জোন নির্ধারণ করে দিতে পারি।তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র আমাদের বিশ্বস্ত উন্নয়ন অংশীদারদের অন্যতম এবং আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রেখেছে। বাংলাদেশের জন্য এফডিআই এবং রপ্তানি বাজারের একক বৃহত্তম উৎস যুক্তরাষ্ট্র।ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ার জে আর প্রাইর, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড সদস্য এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিজনেস এক্সিকিউটিভরা বৈঠকে বক্তব্য দেন।এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।