নির্বাচন এবার সবকিছু কঠিন থেকে কঠিনতর হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচন এবার সবকিছু কঠিন থেকে কঠিনতর হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়েই আলোচনা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। এতে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনশ আসনেই ইভিএমে ভোট করার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। এবার সবকিছু কঠিন থেকে কঠিনতর হবে। এদিক মাথায় রেখেই নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলেও সভাকে অবহিত করা হয়। সেভাবেই দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা হয়।ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন হতে পারে। এর আগে তৃণমূল আওয়ামী লীগের সম্মেলনের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিরোধী দলের মিছিল-মিটিং, সমাবেশে বাধা না দেওয়ার কথাও হয়। তারা যেন স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারেন এ বিষয়ও আলোচনায় উঠে আসে। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে সারা দেশে ওই দিন ওয়ার্ড পর্যায় পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনের কথা বলা হয়।দীর্ঘ সাড়ে ৫ মাস পর শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সুনির্দিষ্ট বারোটি এজেন্ডা ছিল এই সভার। কিন্তু এসব এজেন্ডার বাইরেও নানা ইস্যুতে টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা বৈঠক চলে। সভায় ৬ জন সাংগঠনিক সম্পাদক নিজ নিজ বিভাগের প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, গত নির্বাচন নিয়ে এখনো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে জবাব দিতে হয়। তাই আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও কঠিন হবে। সবকিছুই কঠিন থেকে কঠিনতর হবে এবার। বিএনপির নেতা তারেক রহমান এবার রমজানে ওয়ার্ড নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেছেন। পশ্চিমা দেশগুলোতে অন্তত ৫০টি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন। তারা চুপ করে বসে নেই। দল গোছাতে হবে। সর্বস্তরে সম্মেলন করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। বৈঠকে উপস্থিত নেতারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে করণীয় বিষয়ে মূলত কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনা দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আলোচনায় পরবর্তী সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়ে বিশ্লেষণ চলে। এসময় অনির্ধারিত আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, তেলের মূল্যবৃদ্ধি, ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, তৃণমূলে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতা নেতাদের কর্মকাণ্ড এবং পদ্মা সেতুর প্রসঙ্গ উঠে আসে।রুদ্ধদ্বার সভায় শেখ হাসিনা সাফ জানিয়ে দেন যে, সংসদ নির্বাচনে দলের কোনো প্রার্থীকে জেতানোর দায়িত্ব তিনি নেবেন না। দ্বাদশ সংসদ নির্বাচন সারা দেশে ইভিএমে হবে। ফলে বিকল্প উপায়ে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জেতার কোনো সুযোগ নেই। নির্বাচন করেই সবাইকে জিতে আসতে হবে। জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গ তোলা হলে আওয়ামী লীগ সভাপতি বলেন, দল করতে হলে সিদ্ধান্ত মানতে হবে। সিদ্ধান্ত না মানলে দল করার প্রয়োজন নেই। যারাই নৌকার বিরোধিতা করেছে তাদের দলীয় সব পদপদবি থেকে বহিষ্কার করতে হবে। যেখানে এখনো সম্মেলন হয়নি কিন্তু বিদ্রোহী ব্যক্তি দলীয় পদে আসীন, তাকে বাদ দিয়ে প্রস্তুতি কমিটি করে সম্মেলন করতে হবে। কোনোভাবেই বিদ্রোহীদের মাফ করার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইভিএমে। ৩০০ আসনেই এ পদ্ধতি থাকবে। এ নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। এ কারণে যোগ্য প্রার্থী বেছে নিতে সারা দেশে জরিপ চলছে। তিনি সবকিছু বিবেচনা করেই এবার দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন।তিনি বলেন, এবার নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ইভিএমে হয়েছে। সেখানে বিএনপির শক্তিশালী প্রার্থী ছিল। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এ ভোট নিয়ে কোনো অভিযোগ কেউ করতে পারেনি। কাজেই আমি দেখতে চাই, দেশের মানুষের জন্য এত করলাম, দেশের মানুষ আমাকে কী দেয়? ইভিএমে ভোটে যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে। এজন্য দলীয় নেতাকর্মী এবং এমপিদের এলাকায় যোগাযোগ বাড়াতে হবে। কর্মীবান্ধব হতে হবে। পদ্মা সেতুর উদ্বোধন যথাসময়ে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই পদ্মা সেতু তৈরি করেছি। দেশবাসীকে সঙ্গে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে সেতুর উদ্বোধন করব।

দ্রুত জেলা-উপজেলার সম্মেলনের মাধ্যমে দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম মেয়াদোত্তীর্ণ সংগঠনের নতুন নেতৃত্ব সৃষ্টির তাগিদ দেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, জেলা-উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করলেই শেষ হবে না। সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনও শেষ করতে হবে। সভায় ৬ জন সাংগঠনিক সম্পাদক নিজ নিজ বিভাগের প্রতিবেদন উপস্থাপন করেন। শফিউল আলম চৌধুরী নাদেল প্রয়োজনের বাইরে গিয়ে কথা বলেন। তিনি মন্তব্য করেন, এখন বিমান ভ্রমণে গেলে নিচে সবই আলোয় পরিপূর্ণ দেখতে পাই। এর মাধ্যমে তিনি বিদ্যুতের উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করলে প্রধানমন্ত্রী বলেন, এটা কী সাংগঠনিক প্রতিবেদনের অংশ? এরপর অপর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আমার বিভাগে দায়িত্বে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানকসহ অনেক নেতা। আমরা ত্রাণ সহায়তা দিয়েছি, আপনার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রী অনেকটা রসাত্মক ভঙ্গিতে তার কাছেও জানতে চান এটাও কি সাংগঠনিক প্রতিবেদন?আরেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপনের সময় সংক্ষিপ্ত করলে দলীয় সভাপতি বলেন, তোমার বিভাগ ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত। তোমার সময় এত কম কেন? সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক রংপুর বিভাগের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, তোমার প্রতিবেদন তো রমেশ চন্দ্র সেন দাদা বলেই দিয়েছেন। তুমি বস। সভায় সাংগঠনিক সম্পাদকরা তৃণমূলের সম্মেলন, স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের বিষয় উপস্থাপন করেন। সভায় বলা হয়, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বর্ণাঢ্য আয়োজন করা হবে। সভায় নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে ৩১ মার্চ অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দেওয়া অব্যাহতি বহাল রাখার সিদ্ধান্ত হয়। তাকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সচিবালয়ের ভেতরে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিকদের আন্তর্জাতিক একটি সংগঠনের অফিস রয়েছে জানিয়ে বলেন, এটা ঠিক নয়। প্রধানমন্ত্রী বলেন, এটা কেন সচিবালয়ে থাকবে? শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানি না। আমি তো দাওয়াতই পাই না।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তৃণমূলে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমন্বয়ের কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে হচ্ছে। কিন্তু সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন হচ্ছে না। এতে তৃণমূলের সব সংগঠন নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়বে। শেখ হাসিনা এ সময় বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য বিভাগওয়ারি আটটি কমিটি রয়েছে। তৃণমূল আওয়ামী লীগের সম্মেলনের পাশাপাশি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের বিষয়েও তারা দেখভাল করবেন। দলীয় সভাপতি শেখ হাসিনা তার বক্তব্যে নির্ধারিত সময়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান। তিনি বলেন, সম্মেলন যথাসময়েই হবে। তাই ডিসেম্বরের আগেই সম্মেলনের প্রস্তুতি শেষ করতে হবে। কেন্দ্রীয় নেতাদের কয়েকজন বিভিন্ন সরকারি কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার কথা তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলকে সরকারের মধ্যে ঢোকাতে চাই না। দল ও সরকার আলাদাই থাকবে। দল দলের মতো কাজ করবে। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে দলকে এখন থেকেই সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামী নির্বাচনে বিরোধী দলগুলোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিরোধী দলের ব্যাপারে নেত্রী বলেছেন তারা মিছিল-মিটিং, সমাবেশ করুক। তারা স্বাধীনভাবে করুক। আমাদের তরফ থেকে কোনো প্রকার বাধা সৃষ্টি করার প্রয়োজন নেই।

Top