ঈদে ৮ হাজার কোটি টাকা বাড়তি ভাড়া আদায়
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ঈদযাত্রায় ৮ হাজার কোটি টাকা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পরিবহণ মালিক-শ্রমিক ও চাঁদাবাজেরা এ টাকা লুটে নিচ্ছে।এই ভাড়া নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে গণপরিবহণ সংকটকে কাজে লাগিয়ে কিছু অসাধু মালিক ও পরিবহণ চাঁদাবাজদের নেতৃত্বে ভাড়া নৈরাজ্যের এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের পৃষ্ঠপোষকতার কারণে সরকার নানাভাবে চেষ্টা করেও এই ভাড়া নৈরাজ্য বন্ধ করতে পারছে না। তিনি দাবি করেন, এবার সড়ক পথে ৪০ কোটি ট্রিপ হবে। প্রতি ট্রিপে যাত্রীপ্রতি গড়ে ১০০ টাকা বাড়তি ধরা হলেও প্রায় চার হাজার কোটি টাকা বাড়তি আদায় করা হচ্ছে। নৌ, রেল ও আকাশ পথে ২০ কোটি ট্রিপ যাত্রায় যাত্রীপ্রতি গড়ে ২০০ টাকা অতিরিক্ত আদায় হলে আরও প্রায় চার হাজার কোটি টাকা বাড়তি ভাড়া আদায় হবে। সব মিলিয়ে এবারের ঈদে আট হাজার কোটি টাকার বেশি ভাড়া নৈরাজ্যকারী সিন্ডিকেটের পকেটে যাবে; যার ৪০ শতাংশ চাঁদাবাজ সিন্ডিকেট লুটে নেবে এবং বাকি ৬০ শতাংশ পরিবহণ মালিক-শ্রমিক ও নেতাদের পকেটে যাবে। এ ধরনের নৈরাজ্যের কারণে নিু আয়ের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বাস-ট্রাক ও ট্রেনের ছাদে, কাভার্ড ভ্যান, পণ্যবাহী পরিবহণ ও ফিটনেসবিহীন যানবাহনে কম ভাড়ায় যাতায়াত করতে বাধ্য হবে। ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।
লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, অন্যান্য বারের মতো এবারও আকাশ পথে ভাড়া নৈরাজ্য চরমে পৌঁছেছে। ঢাকা-বরিশাল ৬১ অ্যারোনটিক্যাল মাইলের উড়োজাহাজের ভাড়া ঢাকা-ব্যাংককের প্রায় দেড়গুণ বাড়তি আদায় করা হচ্ছে। এই রুটে ইউএস বাংলার বিমানে চার হাজার টাকার ভাড়া এখন ১০ হাজার ৮০০ টাকা, নভোএয়ারে ৪৮০০ টাকার ভাড়া এখন ৮ হাজার ৪০০ টাকা এবং বাংলাদেশ বিমানে তিন হাজার টাকার ভাড়া ৭ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে। ঢাকা-সৈয়দপুর, ঢাকা-কক্সবাজার রুটে চার হাজার ৫০০ টাকার নিয়মিত ভাড়া ১০ থেকে ১২ হাজার টাকায় ঠেকেছে। তিনি আরও বলেন, গত বছরের নভেম্বরে সরকার ডিজেলের মূল্য ২৩ ভাগ বাড়ানোর সময়ে বাস ভাড়া ২৭ ভাগ ও লঞ্চ ভাড়া ৩৬ ভাগ বাড়ানো হয়। লঞ্চ মালিকেরা নানা কারচুপির মধ্য দিয়ে সর্বোচ্চ ৪৬ শতাংশ হারে বর্ধিত ভাড়া আদায় করে আসছিলেন। ঢাকা-বরিশাল নৌ-রুটে আগে ডেকের ভাড়া ছিল ২০০ টাকা। ভাড়া বৃদ্ধির পর তা ৩৫০ টাকা হারে আদায় করা হলেও এবারের ঈদে ৪৫০ থেকে ৫০০ টাকা হারে আদায় করা হচ্ছে। এক শয্যার কেবিনের ভাড়া ৯০০ টাকা ছিল। ভাড়া বৃদ্ধির পর তা এক হাজার ২০০ টাকা করা হলেও এবারের ঈদে এক হাজার ৫০০ টাকা আদায় করা হচ্ছে। দুই শয্যার ডাবল কেবিনের ভাড়া আগে ছিল এক হাজার ৮০০ টাকা ভাড়া বৃদ্ধির পর তা দুই হাজার ৪০০ টাকা করা হলেও এখন আদায় করা হচ্ছে তিন হাজার টাকা।যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়, সড়ক পথে ঢাকা থেকে চুয়াডাঙ্গা, বগুড়া, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রামসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রতিটি রুটে যাত্রীপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা হারে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।সামনের দিনগুলোতে তা আরও বাড়বে। ঢাকা-রংপুর রুটে হানিফ এন্টারপ্রাইজের ভাড়া আগে এক হাজার টাকা নেওয়া হলেও এখন এক হাজার ৮০০ টাকা নেওয়া হচ্ছে। এ রুটে ঈগল পরিবহণের ভাড়া এক হাজার ২০০ টাকা নেওয়া হলেও এখন এক হাজার ৮০০ টাকা নেওয়া হচ্ছে। শাহআলী পরিবহণ ৮৫০ টাকার ভাড়া ১৪০০ টাকা নেওয়া হচ্ছে। ঢাকা-লালমনিরহাট রুটে শুভ বসুন্ধরা বাসে ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩০০ টাকা নেওয়া হচ্ছে। ঢাকা-পটুয়াখালী সাকুরা পরিবহণের এসি বাসে এক হাজার টাকার ভাড়া এক হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ, গণপরিবহণ বিশেষজ্ঞ আবদুল হক, সংগঠনের সহ-সভাপতি তাওহিদুল হক লিটন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।