বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে প্রতিটি শিল্পকারখানা ও অন্যান্য স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা প্রতিটি শিল্পকারখানা থেকে শুরু করে নির্মাণাধীন অন্য সব স্থাপনা, সবকিছু পরিবেশবান্ধব করার পদক্ষেপ নিচ্ছি।’ নরসিংদী জেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ১০ হাজার ৪৬০ কোটি টাকার এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্ট অন্যরা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও নরসিংদীর প্রকল্পস্থান থেকে এ অনুষ্ঠানে যোগ দেন। তিনি একই সময়ে বাংলাদেশ ক্ষুুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) নবনির্মিত ১৪ তলা ভবন উদ্বোধন করেন। উদ্বোধন করা অন্য প্রকল্পগুলো হলো-মাদারীপুর বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট সম্প্রসারণ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টারের (বিআইটিএসি) আওতায় টুলস ইনস্টিটিউশন স্থাপন এবং বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) আওতায় এলইডি লাইট অ্যাসেম্বিং প্ল্যান্ট স্থাপন।শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঘোড়াশাল থেকে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বিআইসিসি থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিও বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পগুলোর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিল্প মন্ত্রণালয় প্রকাশিত শিল্পায়নের ব্যাপারে বঙ্গবন্ধুর চিন্তাধারার ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা ও পলাশ ইউরিয়া সার কারখানা বছরে ৩.১৫ লাখ মেট্রিক টন সার তৈরি করছে। বিসিআইসি বর্তমান কারখানা দুটির পাশেই নতুন এ কারখানা স্থাপন করছে। এর দৈনিক উৎপাদন ক্ষমতা ২ হাজার ৮০০ মেট্রিক টন। বছরে ৯.২৪ লাখ টন। প্রকল্পের ১৮৪৪ কোটি টাকা আসছে রাজস্ব বিভাগ থেকে এবং অবশিষ্ট ৮৬১৬ কোটি টাকা দেবে বিডাররা। বিসিকের ১৪ তলা পরিবেশবান্ধব ভবনটি তৈরিতে ব্যয় হয়েছে ৮৪ কোটি টাকা। ভবনটিতে বিএসসিআইসি সদরদপ্তর, আঞ্চলিক কার্যালয় ও প্রকল্প কার্যালয় থাকবে। ভবনটিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাও থাকবে।বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব (গ্রিন) ১০টি তৈরি পোশাক কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার প্রতিটি ধাপে পরিবেশ বিবেচনায় পদক্ষেপ নিচ্ছে। দেশব্যাপী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। আমাদের অনেক দায়িত্ব আছে এবং এগুলো সম্পন্ন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার অভ্যন্তরীণ বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্যপণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে গুরুত্ব দিচ্ছে। প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যের মান বৃদ্ধি করতে পারলে আমরা দেশের চাহিদা মিটিয়েও তা বিদেশে রপ্তানি করতে পারব।শেখ হাসিনা বলেন, সরকার কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের উন্নয়নে বিশেষ লক্ষ্য দেওয়ায় বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নিয়মিত গবেষণার ফলে বাংলাদেশে শস্য, ফল, শাকসবজি, ডিম, মাছ ও মাংস উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাই আমরা (খাদ্য প্রক্রিয়াজাত শিল্প উন্নয়নে) নানা পদক্ষেপ গ্রহণ করছি।ইউরিয়া প্রকল্পের ব্যাপারে সরকারপ্রধান বলেন, সরকার ২০১৪ সালে পুরোনো ঘোড়াশাল ও পলাশ উইরিয়া সার কারখানার স্থানেই উচ্চক্ষমতাসম্পন্ন, স্টেট অব দ্য আর্ট, জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব নতুন ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। নতুন কারখানাটি দিনে প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে পারবে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্বন ডাই-অক্সাইড থেকে ইউরিয়া উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী এ প্রকল্পে ঋণ সহায়তা দেওয়ায় জাপান ও চীন সরকারকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থানীয় প্রকৌশল সহায়তা দিতে এবং হালকা প্রকৌশল খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। টুল ইনস্টিটিউট অব বিআইটিএসি দেশীয় প্রযুক্তির সহায়তায় বিভিন্ন যন্ত্র ও শিল্প প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা করবে। আর এটা বিদেশ থেকে যন্ত্র আমদানি হ্রাস করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়ক হবে। তিনি বলেন, ইস্টার্ন টিউবস লিমিটেডের উদ্ভাবনায় এলইডি লাইট অ্যাসেম্বিং প্ল্যান্ট স্থাপনের পর এর পণ্যগুলো জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।