টোল আরোপের মাধ্যমে পদ্মা সেতুর খরচ তুলে মুনাফা করা হবে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :টোল আরোপের মাধ্যমে পদ্মা সেতুর খরচ তুলে আনা হবে। শুধু খরচ নয়, আশা করছি এই বিনিয়োগের বিপরীতে মুনাফাও করা হবে। তবে এখন পর্যন্ত টোল হার নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, ‘বিশ্বের সব দেশেই এ ধরনের বড় বিনিয়োগের টাকা টোলের মাধ্যমে তুলে আনা হয়। আমরা আশাবাদী সেতু নির্মাণের শেষদিন পর্যন্ত যে খরচ হবে, সব টোলের মাধ্যমে আদায় করা হবে। বরং খরচের চেয়ে বেশি অর্জন হবে। না হলে এগিয়ে যাওয়া যাবে না। আর এই টোলের অর্থ দিয়ে সেতুর পরবর্তী সংস্কার, রক্ষণাবেক্ষণ ও নতুন প্রকল্পে ব্যয় করা হবে। এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে না।কবে নাগাদ পদ্মা সেতু চালু হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি এ বছরের শেষ নাগাদ চালু করতে পারব। তবে কিছু সমস্যা বলেকয়ে আসে না। প্রত্যাশা করছি-একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারব। কিন্তু অনিবার্য কারণে দেখা গেছে আরও সময় লেগে যেতে পারে। এছাড়া বর্তমান ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কারণে কার্যকর প্রতিশ্রুতি কেউই দিতে পারছে না।’ টোল আদায়ের মাধ্যমে কত বছরে পুরো খরচ তুলে আনা সম্ভব জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে বিস্তারিত এখনো কাজ হয়নি।শ্রীলংকার বিদ্যমান অর্থনৈতিক সংকটের মতো পরিস্থিতি আমাদের দেশে হওয়ার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘একটি দেশের বিপদের মূল কারণ জিডিপির (মোট দেশজ উৎপাদন) চেয়ে ঋণের অঙ্ক বেশি হলে। কিন্তু বাংলাদেশের ঋণের অঙ্ক এখনো জিডিপির মাত্র ৩৪ শতাংশের সমান। পৃথিবীর অনেক দেশের তুলনায় এই হার কম। এখনো গোটা বিশ্ব বলছে, বাংলাদেশ অনেক শক্তিশালী অবস্থানে আছে। আমাদের সামষ্টিক অর্থনীতির কোনো সূচক এমন পর্যায়ে নেই, যা আগামীতে খারাপ পরিস্থিতির ইঙ্গিত বহন করে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয় ভালো অবস্থানে আছে। টাকার কোনো অবমূল্যায়ন করা হয়নি। আগামীতে দেশ আরও ভালো অবস্থানে যাবে। শ্রীলংকার মতো পরিস্থিতি বাংলাদেশে হওয়ার কোনো কারণ নেই।’
অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। সেখানে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১টি এবং ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ১০টিসহ মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৮০৭ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯৮০ কোটি টাকা। বাকি অর্থ দেশীয় ব্যাংক ঋণের মাধ্যমে সম্পন্ন করা হবে।যেসব প্রস্তাব পাশ হয়েছে : কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩৩৯ কোটি টাকা।পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ৫ বছর মেয়াদে ৬৯২ কোটি ৯২ লাখ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।এছাড়া রাজশাহী জেলার ‘চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদী ভাঙন হতে রক্ষা’ প্রকল্পের ড্রেজিং এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ২৭ কোটি টাকা।বৈঠকে নাটোর রোড থেকে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ আব্দুল মোনেম লিমিটেডকে ৩৮ কোটি টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের ‘বে-টার্মিনাল নির্মাণ’ পিপিপি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে যৌথভাবে দুটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। এতে ব্যয় হবে ১২৬ কোটি টাকা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ইডিসি প্রকল্পের আওতায় জি টু জি ভিত্তিতে পণ্য, ভৌত কাজ এবং সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের নিকট থেকে ক্রয় করা হবে। এছাড়া কাতার থেকে ৩০ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৪৭ কোটি টাকা। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ১০ হাজার টন ফসফরিক এসিড কেনা হবে। মূল্য হবে ৮৩ কোটি টাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। ব্যয় হবে প্রায় ২৪২ কোটি টাকা।