সরকার স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকার স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্নসহ ভিন্নভাবে সক্ষম লোকদের জীবন সুরক্ষিত করার জন্য সরকার স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আটটি বিভাগ আছে। আমরা এই আট বিভাগে প্রথমে এটি (স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থান) প্রতিষ্ঠা করব এবং পর্যায়ক্রমে আমরা প্রতিটি জেলায় তৈরি করব।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘বলতে চাই’ এবং ‘স্মার্ট অটিজম বার্তা’ নামে দুটি অ্যাপস উদ্বোধন করেন। তিনি বলেন, এগুলো অটিস্টিক ব্যক্তি, কথা বলতে সমস্যায় থাকা ব্যক্তিদের কথা বলতে এবং অটিজম চিকিৎসায় সহায়ক হবে। শেখ হাসিনা বলেন, ‘নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্ট’র অধীনে ভিন্নভাবে সক্ষম ব্যক্তি এবং অটিজম আক্রান্তদের স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আমরা ট্রাস্টের মাধ্যমে তাদের জন্য হোস্টেল বা ডরমিটরি তৈরি করতে পারি যেখানে তাদের দেখাশোনার জন্য লোক থাকবে।’ প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীকে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য একটি প্রকল্প গ্রহণ করতে বলেন। যাদের অভিভাবকরা সমর্থন দিতে অক্ষম এমন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিরাপদ জীবনযাপনের জন্য এই প্রকল্প স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার অটিস্টিক ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সমাজে সুন্দর ও উন্নত জীবন নিশ্চিত করতে কাজ করছে। দেশের সব ধনী নাগরিকের দায়িত্ব ভিন্নভাবে সক্ষম লোকদের যত্ন নেওয়া। তারা আমাদের আত্মার আত্মীয়। অটিজমে আক্রান্ত ব্যক্তিরা তাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে, কারণ তাদের অনেক প্রতিভা রয়েছে। আমাদের তাদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। বিশেষ অলিম্পিকে স্বর্ণ এবং রৌপ্য বিজয়ী এবং সম্প্রতি চার দেশের বিশেষ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জনে বাংলাদেশি ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ খেলোয়াড়রাও এটা পারেন না। অটিজম বিষয়ে গুরুত্ব এবং সচেতনতা জাতীয় ও আন্তর্জাতিকভাবে বৃদ্ধির ক্ষেত্রে কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বাবা-মা ও অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের শারীরিক ও মানসিক অক্ষমতা বিষয়ে লজ্জাবোধ এড়িয়ে সমাজের মূলধারায় অটিস্টিকদের সম্পৃক্ত করার প্রচেষ্টার জন্য অনুরোধ জানান। এ ধরনের সন্তানের সঙ্গে আরও বেশি সময় ব্যয় করারও আহ্বান জানান।

সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এবং সচিব মাহফুজা আক্তার বক্তব্য দেন। অন্ষ্ঠুানে প্রধানমন্ত্রীর পক্ষে সমাজ কল্যাণমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চারটি ক্যাটাগরিতে অটিজমে আক্রান্ত তিন শিশু, তিনটি সংস্থা, দুজন ব্যক্তি এবং একজন মায়ের হাতে পুরস্কার তুলে দেন। সমাজে অবদান রাখার জন্য অটিজমে আক্রান্ত তিন শিশু মাসুদুল ইমান, মুনতাসির ইনাম এবং ইসাবা হাবিব সুশমির প্রত্যেকের হাতে একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া, অটিজমে আক্রান্তদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখায় তিন সংস্থা এনআই খান ফাউন্ডেশন, আরটিভি এবং ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন এবং দু’জন ব্যক্তি সুবর্ণ চাকমা, প্রফেসর খন্দকার আবদুল্লাহ আল মামুনকে সম্মানজনক মানপত্র প্রদান করা হয়। অটিস্টিক শিশুর সফল মা শারমিন চৌধুরীকে পুরস্কার দেওয়া হয়। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পক্ষে অনুষ্ঠানে ছোট্ট শিশু ইসাবা হাবিব সুশমি বক্তব্য দেয়। এ ছাড়া অনুষ্ঠানে অটিজমে আক্রান্তদের সুন্দর ও উন্নত জীবনের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, তাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষা লাভের সুযোগ দেওয়া উচিৎ। সাধারণ শিশুদের সাথে যত বেশি মেলামেশা করার সুযোগ পাবে, ততই তাদের সুস্থ হওয়ার সুযোগ বেড়ে যাবে।’ এ ব্যাপারে তিনি বলেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য মাসে ৭৫০ টাকা থেকে ১৩০০ টাকা ভাতা দিচ্ছে। এখন দেশের ২০ লাখ আট হাজার ভিন্নভাবে সক্ষম মানুষ মাসে ৭৫০ টাকা করে ভাতা পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ১৯৯৯ সালে ন্যাশনাল ডিজঅ্যাবল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। অটিজমদের সঙ্গে কী আচরণ করতে হবে তা জানতে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ জরুরি।

Top