ইভিএমই বড় প্রশ্ন ও নির্বাচনকালীন সরকার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ইভিএমই বড় প্রশ্ন ও নির্বাচনকালীন সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দলীয় সরকারের অধীনে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন কতটা আইন ও বিধি প্রয়োগ করতে পারবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশের সুশীলসমাজের স্বনামধন্য কয়েকজন আলোচক। তারা সংলাপে অংশ নিয়ে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন।২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে সেই অভিজ্ঞতা হয়েছে। তাই নির্বাচনকালীন সরকারের আচরণের ওপর নির্ভর করছে আগামী সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে। সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে কয়েকজন বক্তা এসব কথা বলেন। তবে সংলাপে অংশ নেওয়া সবাই নিরপেক্ষ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনে করার পরামর্শ দিয়েছেন। আস্থা ফেরাতে কাজ দিয়ে নিজেদের প্রমাণ করার ওপর জোর দেন।

এছাড়া সংলাপে বক্তারা ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা, নির্বাচনব্যবস্থার প্রতি আস্থা ফেরানো, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং মোটাদাগে ঐকমত্য ছাড়া ইভিএম ব্যবহার না করার পরামর্শ দেন। নির্বাচনে ধর্মকে ব্যবহার করতে না দেওয়া, সংখ্যালঘু, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তা বিধান এবং প্রতিবন্ধকতা হলে বর্তমান কমিশনকে প্রয়োজনে পদত্যাগের মতো সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখার কথা বলেন। তারা বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ইসিকে উদ্যোগী হতে হবে। সেই সঙ্গে কমিশনকে কাজ দিয়েই প্রমাণ করতে হবে তারা নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করবেন। নির্বাচনের সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তারা সিইসি ও কমিশনারদের এও স্মরণ করিয়ে দিয়ে বলেন, কমিশনারদের এখন পাওয়ার বা হারানোর কিছু নেই। সেটি বিবেচনায় রেখে দায়িত্ব পালন করতে হবে।তাদের এসব বক্তব্যের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা ঠিকই বলেছেন, আমাদের হারানোর আর কিছুই নেই। যেই বয়স হয়েছে তাতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা আর নেই। আমাদের পাওয়ারও কিছু নেই। আপনাদের পরামর্শ বিবেচনায় নিয়ে জীবনের শেষ প্রান্তে এসে এখন যদি ইতিবাচক কিছু করতে পারি, সবার অংশগ্রহণের নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু করা যায়, তাহলে সেটাই আমাদের সফলতা হতে পারে। শতভাগ সফলতা হয়তো হবে না; কেউ কেউ বলেছেন ৫০-৬০ শতাংশও যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সেটাও বড় সফলতা।সংলাপে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এই কমিশন, ওই কমিশন কোনো ফ্যাক্টর না। সবই নির্বাচন কমিশন। আমাদের ব্যর্থতা কোথায় ছিল, সেটা দেখতে হবে, যাতে সেই ব্যর্থ্যতা সামনে আর না আসে।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবীব খান বলেন, ‘আমাদের মধ্যে দ্বিধাবিভক্তি নেই। সবাই মিলে সহযোগিতা করলে নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ‘আমার চাওয়ার, পাওয়ার ও হারানোর কিছু নেই। সততা দিয়ে দায়িত্ব পালন করতে চাই।দেশের বিশিষ্ট নাগরকিদের সঙ্গে নির্বাচন ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় এ সংলাপ চলে। এতে সভাপতিত্ব করেন সিইসি নিজেই। সংলাপে দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক অংশ নেন। যদিও ৩৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে থাকায় তিনি অংশ নিতে পারেননি।প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। ওই সংলাপে ৩০ জনকে আমন্ত্রণ জানালেও ১৩ জন অংশ নেন।সংলাপে অংশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা হলো, নির্বাচন কমিশন আইন ও সংবিধানে দেওয়া ক্ষমতা ব্যবহার করতে পারবে কি না, তা অনেকখানি নির্ভর করে নির্বাচনকালীন সরকার কী হবে তার ওপর। নির্বাচনের সময় এমন একটি সরকার থাকতে হবে, নির্বাচনের ফলাফলের ব্যাপারে যারা নিস্পৃহ (নিরপেক্ষ) হবে।’

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধান ও আইনে দেওয়া ক্ষমতা ইসিকে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। ইসিকে দেখতে হবে, সরকার নির্বাচনের আগে রাজনৈতিক বিবেচনায় যেভাবে পুলিশ ও প্রশাসনে নিয়োগ পদায়ন করে, ইসি তা বদলাতে পারবে কি না, বিদেশি পর্যবেক্ষকরা আসতে পারবেন কি না।’ তিনি বলেন, ‘নির্বাচনে ইভিএমের ব্যবহার এই মুহূর্তে বিতর্কিত। এ বিষয়ে ঐকমত্য না হলে ইভিএম ব্যবহার না করাই ভালো হবে। এখনকার বাস্তবতায় ইভিএম ব্যবহার করা হলে আরও বেশি সংশয় তৈরি হবে।’ তিনি নির্বাচনপূর্ব ও নির্বাচনোত্তর সহিংসতার বিষয়ে নজরদারি বাড়ানো, সংখ্যালঘু, আদিবাসী, দুর্গম এলাকার ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার পরামর্শ দেন। নির্বাচন কমিশনকে ভোটারদের সামনে একটি অঙ্গীকারনামা দেওয়ার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি কাজ করতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করার সাহস থাকতে হবে।গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনে করা অনুসন্ধান কমিটি যদি ১০ জনের নাম প্রকাশ করত, তাহলে এই কমিশনের ওপর জনগণের আস্থা বাড়ত। বর্তমান কমিশনের কেউ কেউ তাদের কানেকশনের কারণে প্রশ্নবিদ্ধ। যেমন: বর্তমান কমিশনের একজন সদস্য আগের চরম ব্যর্থ কমিশনের সচিব ছিলেন। আরেকজন কমিশনারের শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি।দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে সংলাপ শেষে সাংবাদিকদের জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন। তবে অসম্ভব নয়।’ তিনি বলেন, নির্বাচন কমিশনের সাহসিকতার ওপর ভবিষ্যৎ নির্ভর করছে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, তাদের আস্থায় আনতে সচেষ্ট হতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারা উচিত বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে ইভিএম ব্যবহার না করা ভালো-এমন মন্তব্য করে সংলাপে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিনা টেন্ডারে ইভিএম কেনা হয়েছিল। এ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত।সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, গত দুটি জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন কথা এসেছে। সামগ্রিকভাবে ভোটাররা নির্বাচনবিমুখ। নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। কেন এটা হয়েছে, তা বের করতে হবে। অতীতের ভুলভ্রান্তি স্বীকার না করলে শোধরানো যাবে না। ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গত দুটি নির্বাচন এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যে কারণেই হোক, নির্বাচন কমিশন এখন সরকারি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এটি এখন আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই। তাদের আনুগত্য সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি নয়। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা পর্যালোচনা করে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা কী, তা বের করতে হবে। নির্বাচনকালীন সরকারের আচরণের ওপর নির্ভর করে ভোট কতটা সুষ্ঠু হবে। নির্বাচনকালীন সরকারের আচরণ এমন হতে হবে, যা সবার কাছে গ্রহণযোগ্য। এটি করতে আইন, সংবিধানের পরিবর্তন আনার প্রয়োজন আছে কি না দেখতে হবে। সংসদ বহাল রেখে নির্বাচন করা বর্তমান বাস্তবতায় কতটুকু যৌক্তিক দেখতে হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের অন্তরায়গুলো চিহ্নিত করে তা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের কাছে প্রস্তাব করার পরামর্শ দেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে প্রতিবাদ করুন। আপনারা যদি মনে করেন, এই পরিবর্তনগুলো না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাহলে ইস্তফা (পদত্যাগ) দিন। দৃষ্টান্ত স্থাপন করুন। জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। ইসিকে অস্বীকৃতির মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যর্থতা থাকলে সেটা সাহস করে বলতে হবে। এককভাবে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে পারবে না। কিন্তু কেন্দ্রীয় ভূমিকা তাদেরই নিতে হবে।নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জোর সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন বলেন, ইভিএম সব সময় সব দেশে বিতর্কিত। নির্বাচনকালীন প্রশাসন নিরপেক্ষ রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভোটের সময় মূল ভরসা হলো মাঠ প্রশাসন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার ৪ মাস আগ থেকে ভোটের ২ মাস পর পর্যন্ত প্রশাসনে নিয়োগ-বদলি ইসির নিয়ন্ত্রণে আনতে হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ মাসের জন্য সংসদ অকার্যকর রাখতে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য ইসিকে প্রস্তাব করেন তিনি। তিনি বলেন, আস্থা অর্জন করতে পারলে শান্তিপূর্ণ নির্বাচন হবে। আস্থা অর্জিত হলে সবাই ভোটে আসবে।সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ বলেন, র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। সোমালিয়ায় সঠিক সময়ে নির্বাচন করতে না পারায় সে দেশটির ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে আমিই আপনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে আবেদন করব।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সাহসী নির্বাচন কমিশন দরকার। গত কমিশনের অনেকগুলো দুর্বলতার একটি ছিল নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব। তখন একজন আলাদা সংবাদ সম্মেলন করতেন। নিজেদের মধ্যে সমন্বয় না থাকলে আস্থা কমে যাবে। ইচ্ছা থাকলে ভালো নির্বাচন করা সম্ভব তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দেখা গেছে।সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা খুবই গুরুত্বপূর্ণ। এখনকার পরিবেশে যত সৎভাবেই কাজ করা হোক ইভিএমে ভোট হলে তার ফলাফল নিয়ে সংশয় তৈরি হবে। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা যাতে কাজ করতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। ভোটের আগে-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এমএ সাঈদ বলেন, ‘ইসি এত সংলাপ করার মানে হচ্ছে এখানে সংকট রয়েছে। আপনার কাজ দিয়ে প্রমাণ করুন, আস্থা অর্জন করুন সবার। নির্বাচনের সময় কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। তবে আমি আশাবাদী মানুষ।’

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, দলীয় সরকারের অধীনে সর্বশেষ সুষ্ঠু নির্বাচন হয়েছে ১৯৫৪ সালে। যারা ক্ষমতায় থাকে তারা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সে নির্বাচন অবাধ হয় না। ক্ষমতার মধু একবার যে পেয়েছে সে তা জীবনেও আর ছাড়তে চায় না।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। নারী, প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, দুর্গম এলাকার ভোটারদের বিষয়ে বিশেষ নজর দিতে হবে। ভয়ভীতির জায়গা দূর করতে হবে। তিনি নিবাচনি প্রচারে প্লাস্টিকের ব্যানার-ফেস্টুন যাতে ব্যবহার না হয় তা নিশ্চিত করার পরামর্শ দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, নির্বাচনের জন্য যেসব আইন আছে যথাযথ প্রয়োগ করতে পারলে সেগুলো যথেষ্ট। সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সাহস ও শক্ত মেরুদণ্ড। এক্ষেত্রে গত কমিশনের ঘাটতি ছিল। সীমিত সাধ্য নিয়েও সাধ পূরণ করা যায় যদি সাধনা থাকে।সংলাপ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশের বিশিষ্ট বুদ্ধীজীবীদের মতামত, পরামর্শ ও উপদেশ শোনার জন্য আজকের সংলাপের আয়োজন করা হয়েছে। এ আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। সবাই কথা বলেছেন এবং অনেক বিষয় নিয়ে এসেছেন। তাদের যে বক্তব্য শুনেছি, তা নিয়ে আমাদের নিজেদের মধ্যে পর্যালোচনা করব এবং এগুলো নোট রাখব। এখান থেকে নতুন কিছু আইন, কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনায় যদি সংযোজন করতে পারি এবং এতে করে যদি নির্বাচনটা আরও অধিক গ্রহণযোগ্য, অবাধ, স্বচ্ছ হতে পারে তাহলেই আমাদের সফলতা আসবে।

এর আগে সংলাপের ভেতরেই আলোচকদের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন সিইসি। বিশিষ্টজনদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধিবিধানের অভাব নেই। কিন্তু বাস্তব এনফোর্সমেন্টের ঘাটতি আছে। এনফোর্সমেন্ট ক্যাপাসিটিটা আরও বর্ধিত করতে পারি কিনা-সেই আলোচনা হয়েছে। ইভিএম প্রসঙ্গে সিইসি বলেন, আবার নারায়ণগঞ্জে ইভিএমে ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে। ইভিএম-এ কোনো অসুবিধা আছে কিনা; মেশিনের মাধ্যমে ভোটে কোনো ডিজিটাল কারচুপি হয় কিনা-এটা আমাদের দেখতে হবে। ইভিএমের প্রতি আস্থা নিয়ে কথা উঠেছে। ইভিএমে ভালো দিক রয়েছে, দ্রুত গণনা হয়ে যায়। কিন্তু পুনর্গণনার সমস্যা রয়েছে। কারচুপি হয়ে থাকলে সেটা পুনরায় গণনা করা যাবে কিনা, সেটা দেখতে হবে। কাগজের ব্যালটে ভোট পুনর্গণনা করা যায়। কারিগরি কমিটির মিটিং করে আমাদের ইভিএম সম্পর্কে এটা ধারণা নিতে হবে। কেউ কেউ বলেছেন, ইভিএম সঠিক হলে তা চালিয়ে যেতে হবে।আবার কেউ কেউ বলেছেন, ইভিএম কাজে না লাগলে যত টাকা দিয়ে কেনা হোক বর্জন করাই ভালো। এসব মতামত খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম যেন নির্বাচনে কোনোভাবে উপজীব্যতা না পায়- তা অবশ্যই আমরা দেখব।নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে সিইসির বলেন, আলোচনায় এসেছে যে দল সরকারের থাকে তাদের কিছুটা বাড়তি এডভান্টেজ থাকে। কারণ প্রশাসন, পুলিশ সবই তাদের নিয়ন্ত্রণে থাকে। ইসি তাদের ওপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারে, আইনের কোনো অভাব নেই। কিন্তু প্রয়োগের দিক থেকে বাস্তব ঘাটতি রয়েছে। আমরা এনফোর্সমেন্টটা যেন ভালোভাবে করতে পারি সেটা চেষ্টা করব। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে এনফোর্সমেন্ট ক্যাপাসিটি আরও বাড়াতে পারি কিনা দেখি? তাহলে তৃণমূলে ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি হয়।লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে সিইসি বলেন, আপনারা সবাই বলেছেন এটা খুব কষ্টসাধ্য একটা কাজ। কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে। আপনারাও বলেছেন, নির্বাচন কমিশন এককভাবে এটা করতে পারবে না। সবাই যদি হস্ত সম্প্রসারণ না করেন, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সেই দায়িত্ব পালন করা সম্ভব হবে না। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা চেষ্টা করব।সংলাপে অন্যদের মধ্যে সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল, নিজেরা করির সমন্বয়ক খুশি কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা ও অধ্যাপক শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট জহুরুল আলম সংলাপে অংশ নেন।

Top