গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা ১৩ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই ১৩ বছরে আপনারা পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাচ্ছেন। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। আবুধাবির আবাসস্থল থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তিনটি ভেন্যু- দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট, আবুধাবি থিয়েটার এবং রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ সংযুক্ত ছিল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর একটি কালো অধ্যায় ছিল কিন্তু কালো মেঘ চলে গেছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কোভিড-১৯ কালে সমস্যা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন আরেকটি সমস্যা তৈরি হচ্ছে। তিনি বলেন, আমরা আরেকটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। জ্বালানির দাম বাড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা সমস্যা দেখা যাচ্ছে। আমরাও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে, আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশে এটি মোকাবিলা করতে সক্ষম হব।

দেশে কোনো জমি অনাবাদি রাখা না হয়-এ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিষয়টি প্রবাসীরা যেন তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের জানান। তিনি আরও বলেন, এটা করতে পারলে বিশ্বজুড়ে যতই অর্থনৈতিক মন্দা এবং খাদ্য ঘাটতি থাকুক না কেন আমাদের কোনো অসুবিধা হবে না। দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, কেউ ইচ্ছা না করলে দেশে বেকার থাকার সুযোগ নেই। কেউ একটু উদ্যোগ নিলে আর বেকার থাকবে না।সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে শেখ হাসিনা বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমি মনে করি আমার সফর খুবই ফলপ্রসূ হয়েছে।প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা যেন কখনোই অবৈধ পথে বিদেশে না যান এবং বাড়ি-জমি বিক্রি না করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যান। দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রবাসীদের বিদেশের মাটিতে নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আপনাকে নিজের মর্যাদা রক্ষা করতে হবে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিজ দেশ এবং যে দেশে আপনি আছেন উভয় দেশের মর্যাদা সমুন্নত রাখতে হবে।প্রবাসীদের দাবির বিষয়ে শেখ হাসিনা বলেন, দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে এবং বিমানবন্দরে আরও সিসিটিভি ক্যামেরা স্থাপন করে হয়রানি বন্ধে নজরদারি জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, একসঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করলে বিমানবন্দরে লাগেজ ডেলিভারি সেবা নিয়ে কিছু সমস্যা দেখা যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তার সরকার নির্মাণ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে লাগেজ সমস্যা কেটে যাবে। বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রমুখ। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে একজন কলেজছাত্রীসহ তিনজন প্রবাসীও বক্তব্য দেন।

Top