হঠাৎ ঢাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

হঠাৎ ঢাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:হঠাৎ ঢাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। কীটতত্ত্ববিদদের মতে, শীতের মধ্যে নর্দমা, জলাশয় ও আবর্জনা পরিষ্কার না করায় এমনটা হয়েছে। আর ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিউলেক্স মশার বংশবিস্তারের সহায়ক। বর্তমানে ঢাকার তাপমাত্রা কিউলেক্স মশার বংশবিস্তারের উপযোগী অবস্থায় রয়েছে। এ অবস্থায় সিটি করপোরেশনের বেশি কিছু করণীয় নেই। মশার উপদ্রব নিয়ন্ত্রণের কাজটি বছরজুড়ে করা দরকার। আর এ কাজটি একটি নিয়মতান্ত্রিক পন্থায় হতে হবে। যে কাজটি সিটি করপোরেশনের করার কোনো আগ্রহ দেখা যায় না।জানা যায়, ঢাকার দুই সিটিতে প্রায় ৭৫০ কিলোমিটার বক্সকালভার্ট ও কাভার্ড ড্রেন রয়েছে। যেগুলোয় দুই সিটি মশার ওষুধ ছিটাতে পারে না। পাশাপাশি প্লাস্টিক দ্রব্যসামগ্রী, পলিথিন, ডাবের খোসাসহ বিভিন্ন আবর্জনায় ড্রেনগুলো ভরাট থাকে। যে কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না। এই জমাটবদ্ধ পানিতে কিউলেক্স বংশবিস্তার করছে। এসব স্থানে মশার প্রজনন ধ্বংস করতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। এছাড়াও জলাশয়, খাল, নর্দমা এবং যত্রতত্র ছড়িয়ে থাকা প্লাস্টিক দ্রব্য ও ডাবের খোসার পানিতেও ভয়াবহরূপে মশার বংশবিস্তার ঘটছে। মশক নিধনে দুই সিটির পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে। তারপরও নগরবাসীকে মশার ধকল সইতে হবে কেন-এমন প্রশ্নের উত্তর মিলছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলতি অর্থবছরের বরাদ্দ ৮৫ কোটি টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বরাদ্দ ২৬ কোটি ৩০ লাখ টাকা।

ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকাবাসীর সঙ্গে জড়িয়ে রয়েছে করোনা মহামারি ও ডেঙ্গির প্রাদুর্ভাব। পাশাপাশি ধুলাবালু, শব্দদূষণ ও যানজটের যন্ত্রণায় অতিষ্ঠ। এর সঙ্গে কিউলেক্স মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়া নগরবাসীর ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। বাসা-বাড়ি, অফিস-আদালত, বাজার, উন্মুক্ত স্থান, সড়ক, পার্ক, খেলার মাঠ, মসজিদ যেখানেই যান না কেন-মশার উপদ্রব থেকে কোনো নিস্তার মিলছে না। দুই সিটির ব্যর্থতার কারণে মশার কয়েল, স্প্রে, মশারি বিক্রিও বেড়েছে। এসব পণ্যের বিক্রি বাড়াতে কৌশলগত কারণে রাজধানীতে মশার উপদ্রব বাড়ানো হয়েছে বলেও সংক্ষুব্ধ ভুক্তভোগীদের কেউ কেউ অভিযোগ করছেন। ডিএসসিসির শনির আখড়া, রায়েরবাগ, গোড়ান, ধলপুর এবং ডিএনসিসির উত্তরা, তুরাগ, বাড্ডা, সাতারকুল, ডুমনি, মিরপুর, কুড়িল, কল্যাণপুর এলাকার মশার উপদ্রব বেশি।ভুক্তভোগীরা জানান, বাসাবাড়ি-কর্মস্থান কোথাও কিউলেক্স মশার উপদ্রব থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। কয়েল জ্বালিয়ে, ওষুধ স্প্রে করেও রেহাই নেই। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে জলাশয়, নর্দমা ও আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি লার্ভা নিধন করা দরকার।ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জোর কার্যক্রম চালানো হচ্ছে দাবি করা হলেও ভুক্তভোগীরা বলছেন ভিন্নকথা। তাদের মতে, সিটি করপোরেশনের কাজ লোক দেখানো। প্রধান সড়কের পাশে ওষুধ স্প্রে করেন মশক নিধনকর্মীরা। ভেতরের গলিতে তাদের খুব একটা দেখা মেলে না। এছাড়া অভিজাত এলাকাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, অন্য এলাকাকে সেভাবে দেওয়া হয় না।এ প্রসঙ্গে কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঢাকায় কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। রাজধানীতে এখন যেসব মশা দেখা যাচ্ছে এর মধ্যে ৯৮ ভাগই কিউলেক্স। পানি শুকিয়ে ঘন হচ্ছে। এমন পরিবেশ কিউলেক্স মশার বংশবিস্তারের জন্য সহায়ক। অতি সম্প্রতি ঢাকার জলাশয়গুলোয় সার্ভে করে দেখা যায়, মশার ঘনত্ব প্রায় ৬০ ভাগ।তিনি বলেন, জলাশয়ে কিউলেক্স মশার ঘনত্ব জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারির শেষে অনেকাংশে বেড়েছে। প্রতিনিয়ত মশার উপদ্রব বাড়ছে। এই অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে হলে নর্দমা, জলাশয়ের পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটাতে হবে। তাহলে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। বিষয়টি দুই সিটি করপোরেশনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা মনিরুল হক যুগান্তরকে বলেন, আমার বাসা ছয়তলায়। এরপরও মশার উপদ্রবে অতিষ্ঠ আমরা। মশার অত্যাচারে বাসায় থাকা দায়। কয়েল, স্প্রে করেও প্রতিকার মিলছে না। শনির আখড়ার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দুই সপ্তাহ ধরে এলাকায় মশার উপদ্রব বেড়েছে। বাসাবাড়ি, দোকানপাট, অফিস কোথাও স্বস্তিতে থাকা যায় না। বাচ্চারা স্কুলে গিয়েও মশার কামড়ে অতিষ্ঠ।

এ প্রসঙ্গে কীটতত্ত্ববিদ ড. জিএম সাইফুর রহমান বলেন, ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিউলেক্স মশার বংশবিস্তার ঘটে। এবার শীতের পর হঠাৎ তাপমাত্রা বেড়েছে। এজন্য কিউলেক্স মশার বংশবিস্তারও সমান তালে বেড়েছে। কিউলেক্স মশার প্রজনন মৌসুমে উপদ্রব নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের সফল হওয়ার সুযোগ কম। কেননা এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিক উপায়ে বছরব্যাপী কার্যক্রম পরিচালনা করতে হয়। দুই সিটির এ ধরনের কার্যক্রমের ঘাটতি রয়েছে।এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, ঢাকায় কিউলেক্স মশার উপদ্রব নিয়ন্ত্রণে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। বিশেষ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, ডিএসসিসি এলাকায় কিউলেক্স মশা নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও পরিস্থিতি যেন বৃদ্ধি না পায়, সেজন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।ডিএসসিসির মশার উপদ্রবপূর্ণ এলাকার কিছু ঘটনা তুলে ধরলে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমি আমাদের অবস্থান বর্ণনা করেছি। আপনার যদি ভিন্ন মূল্যায়ন থাকে, তবে সেটা লিখুন। কিন্তু আমাদের কাছে যে চিত্র আছে, তাই বলেছি।

Top