অপরদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :গত অর্থবছরে (২০২০-২১) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। অপরদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বুধবার (১৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ ‘মন্ত্রণালয় ও বিভাগমূহের ২০২০-২১ অর্থবছরের এপিএতে প্রাপ্ত নম্বর’ প্রকাশ করেছে।তালিকা অনুযায়ী, ৯৮ দশমিক ৬৬ নম্বর পেয়ে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এপিএ বাস্তবায়নে শীর্ষে স্থান পেয়েছে আইসিটি বিভাগ। ৬৫ দশমিক ৭৬ নম্বর পেয়ে তালিকার একেবারে নিচে স্থান হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। এর আগের অর্থবছরেও (২০১৯-২০) এপিএ বাস্তবায়নে সেরা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।গত অর্থবছরে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রাপ্ত নম্বরের গড় ৮৯ দশমিক ০১ শতাংশ। এর আগের অর্থবছরে যা ছিল ৮২ দশমিক ০৪ শতাংশ। ২০১৯-১৯ অর্থবছরে গড় নম্বর ছিল ৮৬ দশমিক ৫০ শতাংশ। তবে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরের এপিএ মূল্যায়নে কিছু পরিবর্তন আনা হয়েছিল বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা।
আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কাজ করবে, সেই কাজের একটি অঙ্গীকারনামা হচ্ছে এপিএ বা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিনিয়র সচিব ও সচিবরা সই করেন। মন্ত্রণালয় ও বিভাগগুলো অধীন দপ্তর/সংস্থাগুলোর সঙ্গে এপিএ করে থাকে।বছর শেষে মূল্যায়ন হয় এই চুক্তির। চুক্তি অনুযায়ী বাস্তবায়ন পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন জাতীয় কমিটি মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নম্বর দিয়ে থাকে। এপিএ বাস্তবায়নে সেরা ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে সম্মাননা দেওয়া হয়ে থাকে।মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং গতিশীলতা আনতে সরকার কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু করে। এই চুক্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের কৌশলগত উদ্দেশ্য, গৃহীত কার্যক্রম ও লক্ষ্যমাত্রা এবং এসব কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিমাপের জন্য কর্মসম্পাদন সূচক রয়েছে। মন্ত্রণালয়/বিভাগের বার্ষিক ও মধ্যমেয়াদী বাজেট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এপিএর আওতায় বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে।২০১৪-১৫ অর্থবছর থেকে সব মন্ত্রণালয়/বিভাগ এপিএ স্বাক্ষর করছে। পরবর্তীতে ২০১৫-১৬ অর্থবছরে মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে অধীন দপ্তর/সংস্থার এপিএ স্বাক্ষর শুরু হয়। ২০১৬-১৭ অর্থবছরে বিভাগীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের অফিস এপিএর আওতায় আনা হয়। সব শেষে ২০১৭-১৮ অর্থবছরে উপজেলা পর্যায়ের অফিসে এপিএ সম্প্রসারিত হয়।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরও জানা গেছে, বর্তমানে এপিএ প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের কাজটি এপিএএমএস নামে একটি সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট এপিএ প্রণয়ন ও বাস্তবায়নে মন্ত্রণালয়/বিভাগসহ সব পর্যায়ের সরকারি অফিসকে সহযোগিতা দিচ্ছে।
সেরা দশে আছে যেসব মন্ত্রণালয়-বিভাগ
আইসিটি বিভাগ ৯৮ দশমিক ৬৬ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে। এর আগের অর্থবছরে ৯৪ দশমিক ৯৭ শতাংশ নম্বর নিয়ে সেরা ছিল একই বিভাগ।এবার ৯৮ দশমিক ৪২ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দ্বিতীয় এবং ৯৭ দশমিক ৯৭ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কৃষি মন্ত্রণালয়।৯৬ দশমিক ৯৫ শতাংশ নম্বর পেয়ে পানি সম্পদ মন্ত্রণালয় চতুর্থ, ৯৬ দশমিক ৯৪ নম্বর পেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পঞ্চম, ৯৬ দশমিক ৫৬ নম্বর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ষষ্ঠ, ৯৬ দশমিক ২০ নম্বর পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সপ্তম, ৯৬ দশমিক ০৩ নম্বর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় অষ্টম, স্থানীয় সরকার বিভাগ ৯৫ দশমিক ৪১ শতাংশ নম্বর পেয়ে নবম এবং ৯৫ দশমিক ৩০ শতাংশ নম্বর পেয়ে অর্থ বিভাগ দশম হয়েছে।
অন্যান্য মন্ত্রণালয়-বিভাগের অবস্থান
এপিএ বাস্তবায়নে পর্যায়ক্রমে স্থান করে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (৯৪ দশমিক ৯৯), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (৯৪ দশমিক ৫০), নৌপরিবহন মন্ত্রণালয় (৯৪ দশমিক ১৩), বিদ্যুৎ বিভাগ (৯৪ দশমিক ৯০), খাদ্য মন্ত্রণালয় (৯৩ দশমিক ৯০), সেতু বিভাগ (৯৩ দশমিক ৮৮), আইন ও বিচার বিভাগ (৯৩ দশমিক ৩২), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (৯৩ দশমিক ২৪), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৯২ দশমিক ৯০), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (৯২ দশমিক ৭৫), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (৯২ দশমিক ৫৮), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় (৯১ দশমিক ৯৩), বস্ত্র ও পাট মন্ত্রণালয় (৯১ দশমিক ৫৪), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ (৯১ দশমিক ৪০), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (৯০ দশমিক ৮৫) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (৯০ দশমিক ৮০)।এছাড়া এপিএ বাস্তবায়ন দক্ষতা অনুযায়ী তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছে- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (৯০ দশমিক ৫৭), জননিরাপত্তা বিভাগ (৯০ দশমিক ১৬), স্বাস্থ্য সেবা বিভাগ (৮৯ দশমিক ৬০), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (৮৯ দশমিক ৫৮), কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (৮৯ দশমিক ৪৬), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (৮৮ দশমিক ৮২), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (৮৮ দশমিক ৫৯), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ (৮৮ দশমিক ২৪), সুরক্ষা সেবা বিভাগ (৮৮ দশমিক ১৬), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় (৮৭ দশমিক ১৯), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (৮৭ দশমিক ০৮), সমাজকল্যাণ মন্ত্রণালয় (৮৫ দশমিক ৯৩), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (৮৫ দশমিক ৩৯), ভূমি মন্ত্রণালয় (৮৫ দশমিক ২৭), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (৮৪ দশমিক ৫৩), শিল্প মন্ত্রণালয় (৮৩ দশমিক ৮২), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (৮২ দশমিক ৫২), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (৮২), পররাষ্ট্র মন্ত্রণালয় (৭৯ দশমিক ৫৮), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (৭৮ দশমিক ৩৭), ধর্মবিষয়ক মন্ত্রণালয় (৭৭ দশমিক ৩৯), পরিকল্পনা বিভাগ (৭৪), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (৭২ দশমিক ৭৮), রেলপথ মন্ত্রণালয় (৬৯ দশমিক ৩৫) এবং বাণিজ্য মন্ত্রণালয় (৬৫ দশমিক ৭৬)।