প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে শপথ পড়াবেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে শপথ পড়াবেন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সারা দেশের মানুষকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে একযোগে শপথবাক্য পাঠ করানো হবে। মূল অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এতে অংশ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। এই অনুষ্ঠানে অংশ নিতে অতিথিদের কোভিড সার্টিফিকেট নিয়ে প্রবেশ করতে হবে। এজন্য ১০টি পয়েন্টে কোভিড পরীক্ষার ব্যবস্থাও থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় জানানো হয়, ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মহাবিজয়ের মহানায়ক’। এসব অনুষ্ঠানে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীরকে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছানো হয়েছে। এ অনুষ্ঠানে সবমিলিয়ে দেশি-বিদেশি চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও আসন সংখ্যা থাকবে তিন হাজার। শুধু বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এসব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। বেসরকারি টেলিভিশনগুলো বাংলাদেশে টেলিভিশন থেকে সম্প্রচার করতে পারবে।সংবাদ সম্মেলনে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১৬ ও ১৭ ডিসেম্বর দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম দিন অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৪টায় এবং শেষ হবে রাত ৮টায়। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় থাকবে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ এ শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে ২৫ মিনিট বিরতি দেওয়া হবে।

তিনি জানান, দ্বিতীয় ধাপে থাকবে আলোচনা পর্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই পর্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানীয় অতিথির বক্তব্য দেবেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। শুভেচ্ছা বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা সম্মানীয় অতিথিকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক প্রদান করবেন। দ্বিতীয় দিনের কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।এদিকে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি ই-পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

Top