ঋণ-বিলখেলাপিরা আরও সুযোগ পাচ্ছেন আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ক্ষুদ্র ও কৃষি ঋণ এবং সেবা খাতের বিলখেলাপিদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আরও বাড়ছে। এ সুযোগ রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অন্তর্ভুক্তিসহ মোট দশটি উপধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।বিভিন্ন মহলের আপত্তি ও সমালোচনার মুখে মেয়াদের শেষ সময়ে ২৫ অক্টোবর কমিশনের এক সভায় এ সংশোধনী অনুমোদন করে ইসি। সংশোধনীটি জাতীয় সংসদে পাশের জন্য সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ১৪ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, আরপিও সংশোধনে আমাদের কিছু প্রস্তাব আগেই ছিল। ইংরেজি থেকে বাংলা ভাষায় রূপান্তরের কারণে সংশোধনীগুলো স্থগিত ছিল।বাংলা ভাষায় আরপিও রূপান্তরের আগের প্রস্তাবগুলোই সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এসবের মধ্যে নতুন একটি প্রস্তাবও রয়েছে। তা হচ্ছে-বয়স্ক ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির বিধান যুক্ত করা।
ইসির সংশোধনী প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কৃষি ও অন্যান্য ক্ষুদ্র ঋণ এবং ব্যক্তিগত বিল পরিশোধের সময়ে সংশোধনী আনা। শারীরিক প্রতিবন্ধী এবং ৮০ বছর বয়সি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি প্রণয়ন করা। রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ মহিলা সদস্য রাখার শর্ত প্রতিপালনের সময় ১০ বছর বাড়িয়ে ২০৩০ সাল নির্ধারণ করা।জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আয়কর সনদ দেওয়া বাধ্যতামূলক করা। রিটার্নিং কর্মকর্তার অধিক্ষেত্র জেলা অথবা নির্বাচনি এলাকা সম্প্রসারণ করা। রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত হিসাবে সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার সময় সংকোচন করা।কমিশনের মেয়াদের শেষ সময়ে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়ে সুশীল সমাজসহ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞদের কয়েকজন ঋণ ও বিলখেলাপিদের আরও সুযোগ দেওয়ার সমালোচনা করেন। তারা বলেন, আগামী সংসদ নির্বাচন ২০২৩ সালের শেষের দিকে অথবা ২০২৪ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে ওই নির্বাচন হবে। আরপিও সংশোধনের বিষয়টিও নতুন কমিশনের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা ইসির গুরুত্বপূর্ণ কাজ। কোনো নির্বাচনই তারা সুষ্ঠু করতে পারেনি, চেষ্টাও করেনি। বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে যেসব অনিয়ম চলছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না। অথচ ঋণ-বিলখেলাপিদের আরও সুযোগ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। এসব কাজ তাদের পরিহার করা উচিত।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত ধারা সংশোধনের প্রস্তাব করেছে। ঋণ ও বিলখেলাপিদের প্রার্থী হতে আরও সুযোগ দিতে আরপিওর ধারা ১২(১)(এল) ও ১২(১)(এন) এ সংশোধনী চূড়ান্ত করেছে ইসি। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে ক্ষুদ্র ও কৃষি ঋণের খেলাপি টাকা এবং টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি ও সেবা খাতের খেলাপি বিল দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।ঋণ ও বিলখেলাপির টাকা পরিশোধের পরদিনই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর যৌক্তিকতা তুলে ধরে ইসি আইন মন্ত্রণালয়কে জানিয়েছে, বিদ্যমান অবস্থায় কোনো কোম্পানির পরিচালক বা ফার্মের অংশীদারদের ক্ষেত্রে বড় ধরনের ঋণ বা এর কিস্তি মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পরিশোধের বিধান রয়েছে।বড় ধরনের ঋণ এবং ক্ষুদ্র ঋণ ও বিল পরিশোধে অভিন্ন সময়সীমা রাখতে এ সংশোধন আনা হয়েছে। ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের টাকা ঋণখেলাপিদের প্রার্থী হওয়ার শর্ত শিথিল করা হয়। ওই ধারাবাহিকতায় এবার ঋণ ও বিলখেলাপিদের সুযোগ দেওয়া হলো।আরও জানা গেছে, রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ প্রতিটি স্তরে ৩৩ শতাংশ মহিলা সদস্য রাখার সময়সীমা ১০ বছর বাড়িয়ে ২০৩০ সাল করার প্রস্তাব করেছে ইসি। আরপিওর ৯০(খ)(১)(বি) ধারায় এ সময়সীমা ২০২০ সাল নির্ধারিত ছিল। ওই সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল এ শর্ত প্রতিপালন করতে না পারায় আরপিও সংশোধনের প্রস্তাব করেছে ইসি।এছাড়া আরপিওর ২৭(১) ধারায় প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্ক ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আরপিওর ২৭(১) ধারায় নতুন উপধারা (সি) সংযুক্তের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, ৮০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এর যৌক্তিকতায় বলা হয়েছে, ভোটার নিবন্ধন ফরমের ক্রমিক ২১ এ দৃষ্টি, শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের তথ্য ইসির কাছে রয়েছে। এ চার ধরনের ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।এছাড়া বয়স বিবেচনায় ৮০ বছরের বেশি বয়স্করাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। বর্তমানে এ সুযোগ নির্বাচনের দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিদেশে অবস্থানরত প্রবাসীরা পেয়ে থাকেন।এছাড়া ১২(৩ক)(গ) অনুচ্ছেদে ১২ ডিজিটের টিআইএন সনদের কপি প্রার্থী হওয়ার সময়ে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য নির্বাচনে প্রার্থীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। রাজনৈতিক দল নিবন্ধনসংক্রান্ত অধ্যায়ে সংশোধন আনা হচ্ছে। রাজনৈতিক দল নিবন্ধনের ৩০ দিনের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছে।