বাড়বে পণ্যের দাম, কমবে ক্রয়ক্ষমতা
এবি সিদ্দীক ভুঁইয়া :বাজারে ডলারের দাম বাড়ায় সার্বিক অর্থনীতিতে বহুমুখী প্রভাব পড়ছে। এতে ইতিবাচকের চেয়ে নেতিবাচক দিকই বেশি। নেতিবাচক দিকগুলোর মধ্যে বৈদেশিক ঋণ ও অন্যান্য দায়দেনা বাড়বে। বৃদ্ধি পাবে আমদানি খরচ। ফলে আমদানি পণ্যের দাম বাড়বে। বেড়ে যাবে শিল্প স্থাপনের খরচ। এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। টাকার মান কমে গিয়ে হ্রাস করবে মানুষের ক্রয়ক্ষমতা। পণ্যের দাম বাড়ায় এবং টাকার মান কমায় চাপ বাড়বে মূল্যস্ফীতির ওপর। যার যন্ত্রণায় ভোগবে নিু, স্বল্প ও মধ্য আয়ের মানুষ।ইতিবাচক দিকগুলো হচ্ছে, ডলারের দাম বাড়ায় বিদেশের বাজারে বাংলাদেশের রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রবাসীরা রেমিট্যান্সের বিপরীতে দেশে আরও বেশি টাকা পাবে। ফলে তারা লাভবান হবেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত রোববার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে ৮৫ টাকা ৬৫ পয়সা দরে। গত বছরের ২৫ অক্টোবর বিক্রি করেছিল ৮৪ টাকা ৮০ পয়সা করে। এক বছরে ডলারের বিপরীতে টাকার এক শতাংশ অবমূল্যায়ন হয়েছে। অর্থাৎ এ হারে ডলারের দাম বেড়েছে। গত অর্থবছর শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১ হাজার ১৫৮ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় ৯৯ হাজার ৫৮৮ কোটি টাকা। এক শতাংশ দাম বাড়ায় এ ঋণ পরিশোধের সময় আরও ৯৯৬ কোটি টাকা বেশি দিয়ে ডলার কিনে ঋণ পরিশোধ করতে হবে। বৈদেশিক মুদ্রায় যা ১১ কোটি ৫৮ লাখ ডলার। এভাবে বৈদেশিক দায় পরিশোধের সব ক্ষেত্রেই বাড়তি অর্থ লাগবে। মূল ঋণ যেমন বাড়বে, তেমনই ঋণের সুদও বাড়বে। তবে যেসব খাতে বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে একই মুদ্রায় আয় করে তা শোধ দিতে হবে, সে ক্ষেত্রে প্রভাব পড়বে না। তবে বৈদেশিক মুদ্রা স্থানীয় মুদ্রায় রূপান্তর করে ব্যবহার করলে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ টাকা দিয়ে ডলার কিনে যে কোনো বৈদেশিক লেনদেন করলেই বাড়তি খরচ হবে। এর মধ্যে বিদেশ ভ্রমণ, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয়, পণ্য আমদানি এমন সব খাত আছে।
গত বছরের ২৭ অক্টোবর বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের কাছে গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ৮৪ টাকা ৯৫ পয়সা দরে। এখন বিক্রি করছে ৮৫ টাকা ৮০ পয়সা দরে। এক বছরে দাম বেড়েছে ১ শতাংশ। তবে নগদ ডলারের দাম বেশি বেড়েছে। আগে নগদ ডলার বিক্রি করত ৮৬ টাকা ৯০ পয়সা দরে। এখন বিক্রি করছে ৮৭ টাকা ৭০ পয়সা থেকে ৯০ টাকা দরে। এ হিসাবে দাম বেড়েছে ১ থেকে সাড়ে ৩ শতাংশ।
বাজারে নগদ ডলারের চাহিদা বেশি হওয়ায় কার্ব মার্কেটেও ডলারের দাম বেড়েছে। এক বছর আগে কার্ব মার্কেটে ডলারের দাম ব্যাংক রেটের কাছাকাছি ছিল। অর্থাৎ ৮৪ টাকা ৮০ পয়সা থেকে ৯০ পয়সা। এখন তা বেড়ে গড়ে ৯২ থেকে ৯৩ টাকা করে বিক্রি হচ্ছে। গত এক বছরে এর দাম বেড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। যদিও কার্ব মার্কেটে ডলারের দাম বাড়লে অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়ে না। তবে ব্যাংক থেকে নগদ ডলার অবৈধভাবে কার্ব মার্কেটে চলে আসতে পারে বেশি মুনাফার আশায়। একইভাবে বিদেশ থেকে যেসব ডলার প্রবাসী বা ভ্রমণকারীরা নগদ আকারে নিয়ে আসেন, সেগুলো ব্যাংকে না গিয়ে কার্ব মার্কেটে চলে আসার আশঙ্কা থাকে। এতে মুদ্রা পাচার বাড়বে।একইভাবে ইউরোপীয় অঞ্চলের একক মুদ্রা ইউরো ও যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের বিপরীতেও টাকার মান কমেছে। বেড়েছে ওইসব মুদ্রার মান। এক বছর আগে প্রতি ইউরো বিক্রি হতো ৯৯ টাকা ৮০ পয়সা দরে। এখন ১০০ টাকা ৬০ পয়সা দরে বিক্রি হচ্ছে। আলোচ্য সময়ে নগদ ইউরোর দাম ১০০ টাকা থেকে ১০৫ টাকা হয়েছে। একই সময়ে পাউন্ডের দাম ১১০ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে ১১৭ টাকা ৮১ পয়সা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, গত মার্চের তুলনায় জুনে ডলারের বিপরীতে টাকার মান ৮৪ টাকা ৮০ পয়সা থেকে ১ পয়সা বেড়ে ৮৪ টাকা ৮১ পয়সা হয়েছে। শতকরা হিসাবে টাকা অবমূল্যায়িত হয়েছে শূন্য দশমিক ০১ শতাংশ। গত বছরের ১৯ অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে টাকা অবমূল্যায়িত হয়েছে ১ শতাংশ। মূলত আমদানি ব্যয় বাড়ার কারণে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বেড়েছে। এতে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়িত হয়েছে।
সূত্র জানায়, করোনার কারণে গত দেড় বছরে প্রায় ১৪০ কোটি ডলারের এলসির অর্থ পরিশোধ বকেয়া পড়েছে। এগুলো গত জুন থেকে পরিশোধ করা হচ্ছে। বেসরকারি খাতে ৬ মাস মেয়াদি বিদেশি ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ১ বছর করা হয়েছে। সেগুলো এখন পরিশোধ করা হচ্ছে। করোনার প্রভাব কমায় আমদানি বেড়েছে। ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কাজে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ায় হঠাৎ করেই ডলারের চাহিদা বেড়েছে। একদিকে বাজারে চাহিদা বেড়েছে। অন্যদিকে সরবরাহ কমেছে। কেননা রপ্তানি বাড়লেও কমেছে রেমিট্যান্স। এছাড়া বেড়েছে হুন্ডির প্রবণতা। এতেই ডলারের দাম ঊর্ধ্বমুখী।সূত্র জানায়, বৈদেশিক বাণিজ্যে সব সময়ই বাংলাদেশ ঘাটতিতে থাকে। রপ্তানির চেয়ে আমদানি বেশি। ফলে রপ্তানি আয় দিয়ে আমদানি ব্যয় মেটানো সম্ভব হয় না। এজন্য রেমিট্যান্সের ওপর ভর করতে হয়। গত অর্থবছরে আমদানি হয়েছে ৬ হাজার ৬৮ কোটি ডলার। রপ্তানি হয়েছে ৩ হাজার ৭৮৮ কোটি ডলার। রপ্তানির চেয়ে আমদানি প্রায় দ্বিগুণ। ডলারের দাম বাড়ায় টাকার অঙ্কে এ ঘাটতি আরও বেড়ে যাবে। টাকার অঙ্কে আমদানি ব্যয় ও রপ্তানি আয়ও বাড়বে। কিন্ত রপ্তানির চেয়ে আমদানি বেশি হয় বলে এ খাতে বেশি বাড়বে।সূত্র জানায়, করোনাকাল থেকে এখন পর্যন্ত বিশ্বের প্রায় সব দেশের মুদ্রারই দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছিল ইউরোর। এখন এগুলো ঘুরে দাঁড়িয়েছে। ওই সময়ে বাংলাদেশের মুদ্রার মান স্থিতিশীল ছিল। গত জুলাই থেকে বৈদেশিক দেনা শোধের চাপ বেড়ে গেলে টাকার দরপতন হতে থাকে। তখন কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার ছেড়ে টাকার দরপতন ঠেকিয়েছে। গত আগস্টে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ছেড়েছে ৩০ কোটি ৫০ লাখ ডলার। সেপ্টেম্বরে বাজারে ছাড়া হয়েছে ৬৪ কোটি ১০ লাখ ডলার। গত ১৭ অক্টোবর পর্যন্ত ছাড়া হয় ৩৬ কোটি ডলার। আগস্ট থেকে এ পর্যন্ত রিজার্ভ থেকে বাজারে ছাড়া হয়েছে ১৩০ কোটি ৬০ লাখ ডলারের বেশি। শুধু চলতি অক্টোবরেই ৭০ কোটি ডলারের চাহিদার কথা ব্যাংকগুলো জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। এদিকে বাংলাদেশি মুদ্রার চেয়ে ভারতীয় মুদ্রা রুপির দরপতন বেশি হয়েছে।
ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা দিয়ে ডলার কিনছে। দাম বাড়ায় তাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। এতে ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যাচ্ছে। এ পর্যন্ত ১১ হাজার কোটি টাকার বেশি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। যেগুলো একদিকে কেন্দ্রীয় ব্যাংকে অলস পড়ে আছে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ার আশঙ্কা রয়েছে, যা মুদ্রা ব্যবস্থাপনার ভারসাম্যহীনতার ইঙ্গিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে করোনার কারণেই এ ধরনের সংকট হয়েছে।আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ প্রায় সব পণ্যের দামই বেড়েছে। জ্বালানি তেলের কারণে জাহাজ ভাড়া বেড়েছে। আমদানি খরচের সঙ্গে এটাও যোগ হচ্ছে। বেশি দামে পণ্য আমদানি করায় বাজারে এর দাম বাড়ছে। আবার শিল্পের কাঁচামালও বেশি দামে আমদানি করতে হচ্ছে। ফলে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাচ্ছে।এদিকে প্রবাসীরা যে রেমিট্যান্স পাঠান, ডলারের দাম বাড়ায় তারা একই ডলার পাঠিয়ে এখন বেশি টাকা পাবেন। এতে তারা লাভবান হবেন। তবে এই টাকা দেখে খরচ করতে গেলে আবার ডলারের দাম বাড়ার নেতিবাচক প্রভাবের মধ্যে তাদেরও পড়তে হচ্ছে।ডলারের দাম বাড়ার কারণে রপ্তানিকারকরা বিদেশের বাজারে মুদ্রার অবমূল্যায়নজনিত সুবিধা পাবেন। অর্থাৎ আগে ১০০ ডলার দিয়ে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে যে পণ্য কিনতে পারতেন, এখন তা দিয়ে আরও বেশি পণ্য কিনতে পারবেন।