দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে কাজ করা উচিত
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনকল্যাণে কাজ করা উচিত। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’।বৈঠকে হাইকমিশনার ইমরান সিদ্দিকী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তান আগ্রহী। হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
তিনি একটি ফটো অ্যালবাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিককো-অপারেশন) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজও উপহার দেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পাকিস্তান কর্তৃক বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশের প্রশংসা করেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।