প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে টিকা দেওয়ার নতুন রেকর্ড করল বাংলাদেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে টিকা দেওয়ার নতুন রেকর্ড করল বাংলাদেশ


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে টিকা দেওয়ার নতুন রেকর্ড করল বাংলাদেশ। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মঙ্গলবার সারা দেশে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়।মঙ্গলবার ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ টিকা। যারা বাদ পড়েছেন তারা আজও টিকা নিতে পারবেন। এর আগে একদিনে এত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়নি। সকাল ৯টায় দেশের চার হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীসহ দেশের প্রতিটি টিকা কেন্দ্রে ভিড় থাকলেও অনেকটা উৎসবমুখর পরিবেশে সবাই লাইনে দাঁড়িয়ে টিকা নেন। দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর টিকা পেয়ে তাদের মধ্যে দেখা যায় স্বস্তির ভাব। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কোথাও টিকা নেওয়ার পর গোলাপ ফুল, মিষ্টি, কেক ও দুপুরের খাবারও দেওয়া হয়। অতিরিক্ত ভিড়ের কারণে কোথাও কোথাও কিছুটা বিশৃঙ্খলা দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় এ কার্যক্রম। শেষ সময়ে এসএমএস পাওয়ায় অনেকে কেন্দ্রে আসতে পারেননি। আবার অনেক স্থানে স্কুলে কেন্দ্র থাকায় সকালে টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। স্কুল ছুটির পর দুপুরে শুরু হয় টিকা দেওয়া। এর ফলে সকালে টিকা নিতে আসা মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

২৫ বছরের বেশি বয়সি যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্যে থেকেই এদিন টিকার প্রথম ডোজ দেওয়া হয়। সেজন্য তাদের মোবাইল ফোনে আগেই এসএমএস পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছিল। এসএমএস ছাড়া যারা টিকা নিতে আসেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তবে কোনো কোনো কেন্দ্রে পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের স্পট রেজিস্ট্রেশন করে টিকা দিতে দেখা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে এ বিশেষ টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হলেও সরবরাহ সংকটে এ কর্মসূচি থমকে যায়। পর নতুন চালান এলে টিকাদানেও গতি আসে। ৭ আগস্ট থেকে ছয় দিনের গণটিকাদান কর্মসূচির আওতায় ৫০ লাখের বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। সেই কর্মসূটির প্রথম দিনই টিকা পেয়েছিলেন ৩০ লাখের কিছু বেশি মানুষ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তিনটি, পৌরসভায় একটি এবং সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বুথে টিকা দেওয়া হয়। ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে ১৫শ, পৌরসভার কেন্দ্রে ৫শ এবং সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোয় এক হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষকে সিনোফার্মের টিকা দেওয়া হয়। টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সবাই টিকা নেন। তবে স্তন্যদানকারী মা ও অন্তঃসত্ত্বা নারীদের এ ক্যাম্পেইনে টিকা দেওয়া হয়নি। ২৮ অক্টোবর সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সকালে রাজধানীর ধানমন্ডির একটি টিকা কেন্দ্র পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন চলছে। কোথাও যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে আগামীকালও (আজ) এ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। আগামী ডিসেম্বর কিংবা নতুন বছরের শুরুতে আমরা ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছি।তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত প্রতিটি টিকাই মানসম্মত। ফলে এ টিকার মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। দেশে আজ ফাইজারের যে ২৫ লাখ টিকা এসেছে সেগুলো কারা পাবেন জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দেশের নাগরিকরাই এ টিকা পাবেন। তবে যেসব দেশে ফাইজারের টিকা ছাড়া যাওয়া যায় না সেসব দেশের প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সাবরিনা ফ্লোরা প্রমুখ।

বিশেষ ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি ওয়ার্ডের ৭৫টি আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৪টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। তবে উত্তর সিটি এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্র করায় সকাল ৯টায় নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করতে পারেনি। স্কুল খোলা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থায়ী কেন্দ্রে টিকাদান শুরু হয় দুপুর আড়াইটা থেকে। অন্যান্য কেন্দ্রে টিকাদান নির্দিষ্ট সময়েই শুরু হয়। সকালে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিকার জন্য মানুষের উপস্থিতি বেশ ভালো। অনেকে সকাল ৮টার সময়ও কেন্দ্রে উপস্থিত হয়েছেন। কিন্তু ক্লাস চলায় সেখানে সকালে টিকাদান শুরু করা যায়নি। তবে দক্ষিণ সিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কেন্দ্র ছিল তা আশপাশে সরিয়ে নেওয়া হয়। ফলে সেখানে টিকা কার্যক্রম ব্যাহত হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, সবখানেই ছিল টিকাগ্রহীতাদের লম্বা লাইন। ভোর থেকে অনেকে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। তবে কোথাও কোথাও লাইনে না দাঁড়িয়েও কেউ কেউ টিকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ডিএসসিসির ৬৪ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে টিকাদান কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবেই টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি ওয়ার্ডে ১ হাজারের বেশি টিকা দেওয়ার কথা থাকলেও কোথাও ৩০০ থেকে ৩৫০ জনকে টিকা দেওয়া হয়। নিবন্ধন থাকার পরও অনেকেই টিকা নিতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে ওয়ার্ডভিত্তিক টিকা দেওয়ার দাবি জানান। আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) সৈয়দ মজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে মানুষের মধ্যে করোনা ভাইরাসের টিকা প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত। তবে আজ শুধু পূর্বের নিবন্ধনকারীরা টিকা দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে নিবন্ধন ছাড়া পঞ্চাশোর্ধ্ব নারী-পুরুষের স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়ার সুযোগ ছিল।

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : জেলার নিয়মিত টিকাদান কেন্দ্রসহ ১৫৫টি কেন্দ্রে রেজিস্ট্রেশন এবং মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন কেবল তাদের টিকা দেওয়া হচ্ছে। জেলার ১২ উপজেলার ১০৯টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার এক লাখ ৭৮ হাজার জন সিনোফার্ম টিকার শুধু প্রথম ডোজ পাবেন। প্রতিটি ইউনিয়নে দেড় হাজার করে মোট এক লাখ ৬৩ হাজার ৫০০ জনসহ বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ১০ হাজার ৫০০, শেরপুর এবং এবং সান্তাহার পৌরসভায় ৬ কেন্দ্রে তিন হাজার জন টিকা পাবেন। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথ ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি বুথে টিকা দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগ টিকা ক্যাম্পেইন সফল করতে কাজ করছেন।

ময়মনসিংহ : সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, জেলায় ২০১টি কেন্দ্রে দুই লাখ ৩৮ হাজার ৫০০ ডোজ গণটিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিটি করপোরেশনের ৩৩ ওয়ার্ডের প্রতিটিতে একটি কেন্দ্র থেকে ৫০০ ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ৩৩টি কেন্দ্র থেকে মোট ১৬ হাজার ৫০০ ডোজ টিকা দেওয়া হবে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলা সদর ও ১০টি পৌর এলাকায় ১৭৮টি কেন্দ্রে গণটিকা দেওয়া হয়েছে।

বরিশাল : নগরীর একে স্কুলে গিয়ে দেখা গেছে টিকা নিতে জনতা তাদের কার্ড নিয়ে সুষ্ঠুভাবে টিকা দিতে পারছেন। এ নিয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বলেন, তারা যাদের ম্যাসেজ এসেছে তাদের এই টিকা দিচ্ছে। টিকার প্রথম ডোজ জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সদর উপজেলার স্থায়ী কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায় মিলিয়ে ৮৭টি কেন্দ্রে প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় ২৩৭টি কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার ৬৭টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় ২৩৭টি কেন্দ্র থেকে এ টিকা দেওয়া হয়। বেলা ১টার মধ্যে অধিকাংশ কেন্দ্রে নির্ধারিত টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকা না পেয়ে ফিরে গেলেন অর্ধেক মানুষ। এতে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।

Top