করোনাকালীন সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলে
আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালীন সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলে। এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরও আমি অনুরোধ করব স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো একটু মেনে চলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে গেলেও মাস্ক পরা বা হাত ধোয়ার মতো সুরক্ষাবিধিগুলো না মানলে তাদের মাধ্যমে অন্যদের মধ্যে ভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকেই যায়। সে কারণে বিশেষজ্ঞরা টিকা নেওয়ার পাশাপাশি সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দিয়ে আসছেন। দেশের মানুষ ও প্রবাসে যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করছি।মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ-সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, দুর্ভাগ্য হলো এ সংসদে একের পর এক সদস্য হারাচ্ছি। এ সংসদে আমরা এতজন সংসদ-সদস্য হারালাম-এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন প্রতি মুহূর্তে শোকপ্রস্তাব নিতে চাই না। আল্লাহ? সবাইকে সুস্থ রাখুন। অধ্যাপিকা মাসুদা এম রশীদকে স্মরণ করে প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, আজকে আমরা আরও একজন সংসদ-সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানী মানুষ মেয়েদের মধ্যে কমই পাওয়া যায়। এছাড়া তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা। খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নতুনভাবে প্রেরণা জুগিয়েছেন। এরকম বহু গুণসম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতি।
একাদশ সংসদের চলতি অধিবেশনে তিনজন সংসদ-সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়েছে। ৩ দিনই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা শোকপ্রস্তাবের ওপর আলোচনা করেন। তিনি বলেন, এবারের অধিবেশন যখন শুরু করলাম দুজন সংসদ-সদস্য হারিয়েছি। এবার মুলতবি অধিবেশনের আগে কালকে (সোমবার) পেলাম এ মৃত্যুর খবর। সত্যি খুবই হৃদয় ভারাক্রান্ত হলো। অধ্যাপিকা মাসুদা রশীদ চৌধুরীর আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি খুবই মিষ্টভাষী ও জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বেঁচে থাকলে সমাজ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক অবদান রাখতে পারতেন। তার মৃত্যুতে আমাদের সমাজের যথেষ্ট ক্ষতি হলো। শেখ হাসিনা বলেন, তার বহুমুখী প্রতিভা নারী সমাজকে প্রেরণা দেবে। সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস জোগাবে।
পৌনে ৩ বছরে ১৯ সদস্যকে হারাল একাদশ সংসদ : পৌনে ৩ বছরে ১৯ জন আইনপ্রণেতাকে হারিয়েছে জাতীয় সংসদ, যাদের ১৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের, দুজন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। দেশের সংসদের ইতিহাসে এত স্বল্পসময়ের ব্যবধানে এত সংখ্যক সংসদ-সদস্যের মৃত্যুর খবর পাওয়া যায়নি। দশম সংসদের পুরো ৫ বছরে মারা যান ১৫ জন সদস্য। একাদশ জাতীয় সংসদের এযাবত মৃত সংসদ-সদস্যদের চারজন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। সর্বশেষ নানা স্বাস্থ্যগত জটিলতায় আক্রান্ত হয়ে সোমবার ভোরে মারা যান জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ-সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী।চলতি একাদশ সংসদের যাত্রাই শুরু হয় সংসদ-সদস্যের মৃত্যুর মধ্য দিয়ে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন পরেই ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিশোরগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। অবশ্য সৈয়দ আশরাফ নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশ হলেও থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকায় তিনি শপথ নিতে পারেননি। সেই হিসাবে তিনি একাদশ সংসদের সদস্য হিসাবে গণ্য হননি। একাদশ সংসদের প্রথম অধিবেশন বসার আগেই তিনি মারা যান। চলতি সংসদ বিরোধীদলীয় নেতাকেও হারিয়েছে।
২০১৯ সালের ১৪ জুলাই মারা যান সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একাদশ সংসদের এ পর্যন্ত ১৪টি অধিবেশন বসেছে। শোকপ্রস্তাবের জন্য কোনো কোনো অধিবেশন একাধিকবার মুলতবি করতে হয়েছে। করোনাভাইরাসের বিস্তার বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর সব মিলিয়ে এ পর্যন্ত দেশে শতাধিক সংসদ-সদস্য আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে বর্তমান সংসদের চারজন সদস্যের। সংসদ-সদস্যদের মধ্যে সর্বপ্রথম করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ নাসিম। তিনি গত বছর ১৩ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এরপর ওই বছরই ২৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান নওগাঁ-৬ আসনের সংসদ-সদস্য ইসরাফিল আলম। করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত হয়ে ১১ মার্চ মারা যান সিলেট-৩ আসনের সংসদ-সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। ১৪ এপ্রিল মারা যান সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ বছর ২ সেপ্টেম্বর মারা গেছেন সিরাজগঞ্জ-৬ আসনের হাসিবুর রহমান স্বপন, কুমিল্লা-৭ আসনের সংসদ-সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ মারা যান ৩০ জুলাই এবং ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ-সদস্য আসলামুল হক ৪ এপ্রিল মৃত্যুবরণ করেন।সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন, ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের আবদুল মান্নান, ২১ জানুয়ারি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী যশোর-৬ আসনের ইসমাত আরা সাদেক, ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী পাবনা-৪ আসনের শামসুর রহমান শরীফ, ৬ মে ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা এবং ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-১৮ আসনের অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান।একাদশ সংসদের প্রথম বছরে ২০১৯ সালের ৯ জুলাই মারা যান আওয়ামী লীগ সংসদ-সদস্য রুশেমা বেগম। একই বছরের ৭ নভেম্বর বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি চট্টগ্রাম-৮ মঈন উদ্দীন খান বাদল এবং ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের গাইবান্ধা-৩ আসনের সংসদ-সদস্য মো. ইউনুস আলী সরকার মারা যান।