নির্ধারিত মহাসড়ক ব্যবহারে টোলের বিধান রেখে সংসদে বিল
আলোকিত বার্তা:মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ে সড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনের প্রস্তাব করা হয়েছে। বিলে বলা হয়েছে, এ আইন অমান্য করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে।শনিবার (৪ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সংক্রান্ত ‘মহাসড়ক বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি চার সপ্তাহের মধ্যে যাচাই করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠনো হয়।১৯২৫ সালের হাইওয়ে অ্যাক্ট রহিত করে মহাসড়ক নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা এবং অবাধ, সুশৃঙ্খল ও নিরাপদ যান চলাচলের জন্য নতুন আইন করা হচ্ছে।
বিলে বলা হয়েছে, আইনের অধীনে গেজেট করে সরকার কোনো সড়ক বা মহাসড়কে কারা প্রবেশ করতে পারবে বা কারা পারবে না, তা নির্ধারণ করবে। কোনটা মহাসড়কের সঙ্গে এক্সপ্রেসওয়ে হিসেবে ঘোষণা করা হবে, পরিচালনা কেমন করা হবে, কোনগুলো টোল নেওয়া হবে এসব ঠিক করবে।সরকার বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি মহাসড়ক উন্নয়ন, মেরামত বা রক্ষণাবেক্ষণ, মহাসড়ক সংশ্লিষ্ট সুয়ারেজ সিস্টেম, ড্রেন, কালভার্ট, সেতু নির্মাণ ও সংস্কার করবে।এতে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের প্রভাব হতে মহাসড়কের সম্ভাব্য ক্ষতি হ্রাসের জন্য মহাসড়ক নেটওয়ার্কের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো চিহ্নিত করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সহনশীল টেকসই অবকাঠামো নির্মাণ করা হবে।