দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনো অব্যাহত আছে
আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনো অব্যাহত আছে। তাদের মদদ দিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিদেশি শক্তি। এ ব্যাপারে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে।জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি।শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং ১৫ আগস্টের খুনি, যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের ছেলেপেলে, যুদ্ধাপরাধীদের দোসর এবং বংশধররা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, এই বাংলাদেশে ১৫ আগস্ট হত্যাকাণ্ড হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। আমার জীবনের ওপর বহুবার হামলা হয়েছে। ’৭৪ সালে কামালের (শেখ কামাল) ওপর হামলা হয়েছে। তাকেও গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। যখন দেখল সে বেঁচে গেছে। তার নামে মিথ্যা অপবাদ ছড়ানো হলো। অর্থাৎ পরাজিত শক্তি সক্রিয় ছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দালাল চক্র এবং পাক সরকারের দোসররা কোনা দিন চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। দেশ স্বাধীন হওয়ার পর তারা পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তাই পরাজয়ের প্রতিশোধ নিতে তারা ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটায়। এরপরই তারা ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা চিরতরে মুছে ফেলার অপচেষ্টা চালায়। টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকা এবং স্কুল-কলেজের পাঠ্যবইয়ে বিকৃত ইতিহাস প্রচার শুরু করে। ভাবখানা এমন যে বাংলাদেশ স্বাধীন হয়নি আবার পাকিস্তানের প্রদেশেই রয়ে গেছে।’
তিনি বলেন, ‘জাতির পিতার নামটা মুছে ফেলতে চাইলেও আজকে ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর নামও সারাবিশ্ব জানে। আর কারও পক্ষে এটা মুছে ফেলা সম্ভব নয়। সেটা সম্ভব হয়েছে কারণ, আমরা তার (জাতির পিতার) আদর্শ নিয়ে চলেছি, লক্ষ্য স্থির করে চলেছি।’
শেখ হাসিনা তার বক্তব্যে জাতির পিতা হত্যার নেপথ্য ক্রীড়নকসহ এ দেশে হত্যা ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির গোড়াপত্তনকারী হিসাবে সেনাশাসক জিয়াউর রহমানকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ’৭৫-এর পর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে বেইমান, মোনাফেক, মীরজাফর খন্দকার মোস্তাকগংরা। তাদের শক্তিটা ছিল জিয়াউর রহমান।শেখ হাসিনা বলেন, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিয়াউর রহমান একটি গুলি ছুড়েছে এমন কোনো প্রমাণ নেই। কেউ এটা প্রমাণ করতে পারবে না।প্রধানমন্ত্রী জাতির পিতার আত্মস্বীকৃত খুনি ফারুক-রশিদের দম্ভভরে বিবিসিতে দেওয়া ইন্টারভিউ প্রসঙ্গ টেনে বলেন, ‘কর্নেল ফারুক-রশিদ বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল তাতে তারা স্বীকার করেছে; শুধু তাই নয় অনেক পত্র-পত্রিকাতেও তাদের বক্তব্য এসেছে যে, জিয়াউর রহমান এই খুনিদের সঙ্গে সব সময় ছিল। জিয়াউর রহমানই ছিল মূল শক্তির উৎস এবং সে-ই বেইমানিটা করেছিল। অথচ এই জিয়াকে মেজর থেকে জাতির পিতাই মেজর জেনারেল করেছিলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জন-সেই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন বা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতির পিতার অমোঘ বাণী ‘বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস’-উল্লেখ করে তিনি বলেন, বাধাবিঘ্ন আসতেই থাকবে। কিন্তু সৎ পথে থাকলে এবং সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়ে চললে অবশ্যই সাফল্য অর্জন করা যায়। তবে এটাও ঠিক, সত্যের পথ সব সময় কঠিন হয়। আর সেই কঠিন পথকে যারা ভালোবেসে গ্রহণ করে এগিয়ে যেতে পারে তারাই সাফল্য আনতে পারে।শেখ হাসিনা বলেন, মেধাবী ছাত্রদের অস্ত্র, মাদক ও অর্থ তুলে দিয়ে বিপথে নিয়ে গেছে জিয়াউর রহমান। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে হুমকি দিয়েছিল, আওয়ামী লীগকে মোকবিলা করতে তার ছাত্রদলই যথেষ্ট। তিনিও ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন।
তিনি বলেন, জাতির পিতা কোনো কাজ অধরা রেখে যাননি। সব কাজের ভিত্তি তিনি প্রস্তুত করে গেছেন। যখনই পরাজিত শক্তি দেখল আর বাংলাদেশকে বাধা দিয়ে রাখা যাবে না; তখনই ১৫ আগস্টের ঘটনা ঘটায় তারা। সেই কথা মনে রেখেই কিন্তু আমাদের পথ চলতে হবে। মনে করতে হবে আমাদের পায়ে পায়ে শত্রু আছে। পদে পদে বাধা আছে। আমাদের চলার পথ মসৃণ নয়, কণ্টকাকীর্ণ। এর মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। মাত্র ১২ বছরের মধ্যে আজ বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী, আমার দেখা নয়া চীন ও গোয়েন্দা ডায়েরি ৭ খণ্ডে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই বাংলাদেশের ইতিহাস এবং অনেক সত্য বেরিয়ে আসে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে বইগুলো পড়তে হবে।শেখ হাসিনা দেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গমাতার অবদানের কথাও আলোচনায় তুলে আনেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গিছেন। তার পাশে থেকে সব সময় প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন আমার ‘মা’ বেগম ফজিলাতুননেছা মুজিব। আমার মা ছাত্রলীগকে গড়ে তোলায় দিকনির্দেশনা দিতেন। আর্থিক সংকট দেখা দিলে নিজের হাতের গয়না বিক্রি করে টাকা জোগাড় করে দিতেন।প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি দেশ ও জনগণের কাজে ছাত্রলীগকে মনোনিবেশ করার নির্দেশ দেন এবং করোনাভাইরাসের সময় দেশের জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
লাশের দাফন-কাফন থেকে শুরু করে অসুস্থদের জন্য অক্সিজেন, ক্ষুধার্তদের জন্য খাদ্য সরবরাহ এবং কৃষকদের গোলায় ধান তুলে দেওয়ার মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করেছে কোনো কাজই ছোট নয়। এভাবেই মানবসেবার মধ্যদিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে ছাত্রলীগের নেতাকর্মীরা।৭৫-পরবর্তী সামরিক শাসকরা জনগণকে অবহেলা করেছিল স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই জনগণের জন্যই আমাদের রাজনীতি। ওই যে গ্রামে যে মানুষটা পড়ে আছে তাদের জীবন মানটা উন্নত করাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সংগঠন করতে হবে। তৈরি থাকতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে।ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান এমপি। সভায় প্রধানমন্ত্রী ছাত্রলীগের বার্ষিক প্রকাশনা ‘জন্মভূমি’ এবং ‘জয় বাংলা- ম্যাগাজিনের (২য় সংস্করণ) মোড়ক উন্মোচন করেন। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব এবং ১৫ আগস্টের শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।