৩ কোটি ২৯ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে
আলোকিত বার্তা:জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ কোটি ২৯ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে হার্টের ভাল্ব, স্টেন্ট ও পেসমেকার বিতরণ করা হবে। ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী সদয় হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসা গরিব রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ব, ১৫০ স্টেন্ট ও ১০০টি পেসমেকার কিনতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন ৩ কোটি ২৯ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে।
পরে অনুদানের চেকটি (চেক নং-৯৮২৩৬১৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. জুলফিকার আলী লেনিন প্রমুখ।