সবই খোলা,বন্ধ খালি গণপরিবহন
আলোকিত বার্তা:ঈদ যত ঘনিয়ে আসছে, ভিড় বাড়ছে বিপণীবিতানগুলোতে। আর এর ফলে মানুষের ঢল নেমেছে রাজধানীর প্রায় প্রান্তেই।ঢাকায় ফিরে আসা মানুষদেরও ভিড় রয়েছে সড়ক ও মহাসড়কে। এসব মিলিয়ে প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে রাজধানী ঢাকা। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় বিপদে পড়েছেন কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে আসা মানুষেরা।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তৃতীয় দফার লকডাউনের আদলে ‘কঠোর নিষেধাজ্ঞা’র প্রথম দিনে এ চিত্র নজরে পড়েছে।সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় দফার কঠোর নিষেধাজ্ঞা আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়কালে গণপরিবহন চলাচল ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।আগের দুই দফার মতো তৃতীয় দফাতেও কঠোর নিষেধাজ্ঞা সেভাবে পালন হতে দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিকভাবেই চলছে। রাজধানীর রাজপথে দেখা মিলছে প্রাইভেটকারের সারি। ফলে প্রায় প্রতিটি ক্রসিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট।
বৃহস্পতিবার সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউনের কোনো দৃশ্যই চোখে পড়েনি। সড়কগুলো ছিল ব্যক্তিগত গাড়িতে ঠাসা। অনেক সড়কে ছিল যানজট।যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, গুলিস্থান, পল্টন, কাকরাইল, মালিবাগ, মৌচাক, রামপুরা, নতুন বাজার এলাকা ঘুরে যানজট দেখা গেছে। সকাল থেকেই মালিবাগ, তেজগাঁও ফ্লাইওভারে ছিল যানবাহনের চাপ। অন্য সড়কগুলোতেও দেদার চলেছে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, কাভার্ডভ্যান, রিকশা। ফুটপাতেও বেড়েছে সাধারণ মানুষের চলাচল।গেল কয়েকদিন ধরেই সিএনজি চালিত অটোরিকশায় শেয়ারে যাত্রী বহন করতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার পল্টন মোড়ে প্রায় আধাঘন্টা অবস্থান করে দেখা গেল, সিএনজি চালকরা রীতিমতো বাসের হেলপারদের মতো হাঁক দিয়ে যাত্রী ডাকছেন।কঠোর নিষেধাজ্ঞার প্রথমে রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকলেও, যতদিন পার হচ্ছে ততই এর সংখ্যা কমছে। বরং পুলিশ সদস্যরা যানজট নিরসনে এখন ব্যস্ত সময় পার করছেন।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলানোর অনুমতি চেয়েছি সরকারের কাছে। এ লকডাউনে তো বাস ছাড়া সবই চলছে।এদিকে, দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার ঘোষণার পর থেকেই রাজধানীমুখো দুই ফেরিঘাটে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার তা আরও বেড়েছে। যথারীতি স্বাস্থ্যবিধিও উপেক্ষিত ছিল এ ক্ষেত্রে।এদিকে, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলী, কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরু এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গত ৫ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে সারাদেশে গণপরিবহন বন্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রায় ৫০ লাখ সড়ক পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। তাদের বেঁচে থাকার মতো অবলম্বন নেই। উপার্জনের পথ বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে থাকার যন্ত্রণা পরিবহন শ্রমিকদের কাছে করোনা সংক্রমণের ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে।