বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রধান সহকারীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন
এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রধান সহকারীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষা বিভাগীয় সর্বস্থরের কর্মচারীরা।শনিবার(০৩ অক্টোবর)সকাল সাড়ে ১০টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রধান সহকারি মো.ওয়াহিদুজ্জামানের উপর হামলাকারীদের কলেজ থেকে বহিষ্কার এবং গ্রেফতার পূর্বক বিচারের দাবি করেন বক্তারা।মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এর আগে শিক্ষা বিভাগীয় সর্বস্থরের কর্মচারীবৃন্দ সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো.অহিদুজ্জামানের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীর ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মো.মোস্তফা কামালের সাথে সাক্ষাত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের প্রধান সহকারী হামিদুল ইসলাম,সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী সাবিহা সুলতানা,বরিশাল কলেজের প্রধান সহকারী মিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।গত বুধবার চাঁদার দাবিতে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে প্রধান সহকারী মো.ওয়াহিদুজ্জামানের উপর হামলায় চালায় ছাত্রলীগ পরিচয়দানকারীরা। তারা তাকে মারধর করে।এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় হামলাকারী ছাত্রলীগ দাবীদার মো.রাকিবকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের হলেও আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।