বিসিসি মেয়রের ছবি তোলায় সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা ! আহত সাংবাদিককে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র ছবি তোলায় দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানীর উপরে অতর্কিত হামলা হয়েছে। আহত অবস্থায় আবার তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে কোতয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাতে গ্রেফতার দেখানো হয়। এ সময় তার সাথে থাকা কামরুল মৃধা ও লাবু কেও মারধর ও গ্রেফতার দেখানো হয়। রবিবার তাদেরকে আদালতে উঠালে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, ১৩ সেপ্টেম্বর ভোর রাতে (রাত ০১:৩৫) মেয়র সাদিক আবদুল্লাহ স্বপরিবারে দলীয় লোকজন সহ নগরীর ত্রিশ গোডাউন এলাকায় বিনোদনের জন্য গিয়েছিলেন। সেখানে তিনি ‘হোবার বোর্ড’ চালান। মেয়রের সহযোগী আতিকুল্লাহ মুনিমের আইডি থেকে ‘হোবার বোর্ড’ চালানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) লাইভ করা হয়। এ সময়ে মেয়রের সাথে থাকা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর (নোমানী’র বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদি) শেখ সাঈদ আহম্মেদ মান্না সহ নেতাকর্মীরা সাংবাদিক নোমানী’কে মেয়রের ছবি তুলতে দেখতে পান। তখন সাংবাদিক নোমানীর উপরে অতর্কিত হামলা করেন মেয়রের সাথে থাকা ছাত্রলীগ নেতারা।
কাউন্সিলর মান্না’র অভিযোগ, নোমানী অসৎ উদ্দেশ্যে গোপনে মেয়র সাদেক আবদুল্লাহ’র ছবি তুলেছেন। এই অভিযোগে মেয়রের উপস্থিতিতে সাংবাদিক নোমানী’কে শারীরিক ভাবে লাঞ্চিত করে পুলিশের হাতে তুলে দেয়া হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬(২) ও ৩৩(২) ধারায় মামলা দায়ের করা হয়। সর্বশেষ জানা গেছে, সাংবাদিক মামুনুর রশীদ নোমানী’কে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।এদিকে দৈনিক শাহানামা’র সম্পাদক কাজী আবুল কালাম আজাদ এই ঘটনা’কে নিছক ‘ভুল বোঝাবুঝি’ বলেছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন, মেয়র সাদেক আবদুল্লাহ বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে মামলা প্রত্যাহারের ব্যবস্থা করবেন।অন্যদিকে জানাযায়,প্রায় ৩ যুগ কাজ করেন।দৈনিক শাহনামা’র প্রধান বার্তা সম্পাদক, দৈনিক খবরপত্র’র বরিশাল ব্যুরো চীফ, বরিশাল খবর ২৪ ডটকমের সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, সম্পাদক-প্রকাশক পরিষদ’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ’র বরিশাল শাখার নির্বাহী সদস্য।