কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
এবি সিদ্দীক ভুইয়া:ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মঙ্গলবার( ২৫ আগস্ট)মামলাটি দায়ের করেন কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের এক তরুণী।এ মামলায় মনির ছাড়াও ধর্ষণে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আসামি করা হয়।আদালতের বিচারক আবু শামীম আজাদ বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি)তদন্ত করে আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী আবুল কালাম আজাদ।মামলার অভিযোগের বরাত দিয়ে আইনজীবী আবুল কালাম আজাদ জানান,আমুয়া গ্রামের বাসিন্দা ওই নারী ২০১৭ সালে এইচএসসি পাশ করেন।তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য যান।মনির ওই নারীকে প্রথমে প্রেমের ও পরে বিয়ের প্রস্তাব দেন।পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল নগরীর আগরপুর রোডে একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন।পরবর্তীতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে মনির বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন। মনির গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।এরপর থেকেই পাল্টে যায় তার চরিত্র। সম্প্রতি মনির তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন।এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
নির্যাতিত ওই নারী বলেন,মনির তাকে চাকরি না দিয়ে স্ত্রী হওয়ার কথা বলেন। কিন্তু আমি সরল বিশ্বাসে তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তিনি ভালোবাসার মর্যাদা রাখেননি। আমাকে বিয়ের কথা বলে কাগজে সই নিয়ে এখন তা অস্বীকার করছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।এ ব্যাপারে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক মনির সাংবাদিকদের জানান, প্রতিপক্ষরা আমার মর্যাদা নষ্ট করতে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। এ বিষয়ে আমি কিছু জানি না।