বরিশাল যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে
এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের যুবলীগ নেতা আলোচিত মন্টু হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মিলন শেখ(৩০)কে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা, বরিশাল বিমানবন্দর থানার ওসি(অপারেশন)মোস্তাফিজুর রহমান জানান, মিজানুর রহমান মন্টু হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মন্টু হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে গ্রেফতার করতে র্যাব ও পুলিশের ব্যাপক অভিযানের এক পর্যায়ে সে আদালতে আত্নসমর্পণ করেন।গত ১৪ ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর থানাধীন চাঁদপাশা ইউনিয়নের বকসিরচর গ্রামের বাড়ি থেকে যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্টুকে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে আনেন একই থানাধীন বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের মৃত ভুলু শেখের ছেলে মিলন শেখ(৩০),মিজান শেখ(২৭),জয়নাল কারীর ছেলে হুমায়ুন কবির(৩৫)ও বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের আবদুর রহমান তামিদারের ছেলে জাকির তামিদার(৩৮)।রাত গভীর হলেও যুবলীগ নেতা মন্টু বাড়ীতে না ফেরায় ও তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়ায় আত্নীয় স্বজন, এলাকার লোকজন আসামিদের বাড়িসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খোজাখুজি করেন। পরের দিন সকালে মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে যুবলীগ নেতা মন্টুর ব্যবহৃত মোবাইল দিয়ে তার স্ত্রীকে জানানো হয়, মন্টুর লাশ পাওয়া গেছে, তা নেয়ার জন্য।যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্টুর স্ত্রী মরজিনা বেগম বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা ১৫ মার্চ হত্যা মামলা গ্রহন করেন।