অশ্বিনী কুমারের নামে বরিশাল কলেজের নামকরণের দাবিতে স্মারকলিপি
রফিকুল ইসলাম:অশ্বিনী কুমার দত্তের বাসভবনে পরিচালিত সরকারি বরিশাল কলেজের নাম ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র নামে করার সরকারি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে শিক্ষামন্ত্রী এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসকের হাতে বরিশাল নাটকের পক্ষ থেকে ওই স্মারকলিপি তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বরিশাল নাটকের সহ-সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক পার্থ সারথি, সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান সাগর, সহ-আবৃত্তি সম্পাদক সামছুন নাহার নিপা, অর্থ সম্পাদক জোবায়ের হোসেন শাহেদ, শিশু নাট্য বিষয়ক সম্পাদক তাহমিনা দুলারী, সিনিয়র সদস্য সামছুদ্দিন আহমেদ কামাল, আবুল খায়ের সবুজ, মিঠুন রায়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশের তথা বরিশালের কৃতি সন্তান মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তার নামে বরিশাল সরকারি কলেজের নামকরণের দাবিতে কয়েক যুগ ধরে বরিশালের সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসছে। ওই আন্দোলনের ধারাবাহিকতায় সরকারি বরিশাল কলেজের নামকরণ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে করে গেজেট নোটিফিকেশন জারি হওয়া অনেকটা এগিয়ে গেছে। এটা বরিশালবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির স্বীকৃতিও বটে। তাই অবিলম্বে এই প্রস্তাবনা বাস্তবায়ন হওয়া উচিত।পাকিস্তান সরকারের আমলে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনটি সরকার রিকিউজিশন করে এবং তিনি সর্বদা ধর্মনিরপেক্ষতায় বিশ্বসী ছিলেন বলে তার বাসভবনে ব্রজমোহন কলেজের কসমোপলিটান ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৬ সনে তার বাসভবনে প্রতিষ্ঠা করা হয় ‘বরিশাল নৈশ মহাবিদ্যালয়’। বাংলাদেশের স্বাধীনতার পর নৈশ কলেজটিকে প্রথমে বরিশাল দিবা ও নৈশ কলেজে রূপান্তর করা হয়। পরে এটির নামাকরণ করা হয় ‘বরিশাল কলেজ’। কলেজটিকে ১৯৮৬ সনে জাতীয়করণ করা হলে কলেজটির নামাকরণ করা হয় ‘সরকারি বরিশাল কলেজ’। ১৯৯২ সনে অশ্বিনী কুমারের বাসভবনটি ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়। বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের নিকট একই দাবি করা করা হলে বিষয়টি তদন্ত করে গত ফেব্রুয়ারি মাসে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন। ওই সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের দাবি করা হয়েছে স্মারকলিপিতে।