বরিশাল নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আলোকিত বার্তা:সরকারি আদেশ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাঘুরি, সামাজিক দুরত্ব নিশ্চিত না করা, জনসমাগম ঘটানো ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় বরিশাল নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনভর এসব অভিযানে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী ও মো. সাইফুল ইসলাম পরিচালিত অভিযানে সরকারি আদেশ অমান্য করায় নগরের বিভিন্ন এলাকায় দু’টি দোকান ও এক ব্যবসায়ীকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক ও জিয়াউর রহমানের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তি ও চারটি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে জনসমাগম ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় টেকের বাজারের ৬ ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ও পাতারহাট বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মনিরা খাতুন অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।এছাড়া মুলাদী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ অভিযান চালিয়ে এক চা বিক্রেতাকে ৩ হাজার টাকা ও এক মুদি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেন। গৌরনদী উপজেলার টর্কি বন্দর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন অভিযান চালিয়ে তিন দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।