করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ৮ জনকে ভর্তি করা হয়েছে।
আলোকিত বার্তা:করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম)হাসপাতালে নতুন করে ৮ জনকে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানায়,জ্বর,সর্দি ও কাশির উপসর্গ নিয়ে বরিশাল নগরসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে এসব রোগী ভর্তি হয়েছেন তারা করোনা আক্রান্ত কিনা পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।নতুন ভর্তি এ রোগীরা বর্তমানে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন জানিয়ে হাসপাতালের পরিচালক ডা.মো.বাকির হোসেন বলেন,নিয়মানুযায়ীই এ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এর আগে শেবাচিম থেকে রাজধানীর আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো ৬ জনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মো. বাকির হোসেন।
তিনি বলেন,এই খবর এ অঞ্চলের মানুষের করোনা সংক্রান্ত উদ্বেগ-উৎকণ্ঠা অনেকটা দূর করবে।করোনা সংক্রমণ এড়াতে সরকারি বিধি-নিষেধ মেনে নিজ নিজ ঘরে অবস্থান করাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান থাকবে।এর আগে শেবাচিম থেকে যে ৬ জনের নমুনা পাঠানো হয়,তাদের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হওয়া পটুয়াখালী সদরের জাকির হোসেনও রয়েছেন।