সরকারের নির্দেশনা না মেনে জনসমাগম ও দোকান খোলা রাখায় বরিশালে ৩৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আলোকিত বার্তা:সরকারের নির্দেশনা না মেনে জনসমাগম ও দোকান খোলা রাখায় বরিশালে ৩৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৪ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে,সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বরিশাল নগরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও মারুফ দস্তেগীরের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়।
এছাড়া গৌরনদী,হিজলা ও বানারীপাড়াসহ বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।এসব অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা,জনসমাগম করা,সামাজিক দুরত্ব বজায় না রাখা,ভোক্তা অধিকার সংরক্ষণ না করা,ট্রাক ও পিকআপে যাত্রী পরিবহনের অপরাধে ৩৪ জনকে ৬৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।অপরদিকে,বরিশালের বিভিন্ন উপজেলায় মোট ২ হাজার ৩৯০ টি নিম্ম আয়ের ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা।জেলাজুড়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি অব্যাহত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সেনা সদস্যদের টহল।বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান,করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসন বরিশালের এ সব কার্যক্রম অব্যাহত থাকবে।জেলার দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।