করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশালে হোম কোয়ারেন্টিনে থাকা ২ হাজার ৪৬৮ জন ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
পাখি আক্তার:করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশালে হোম কোয়ারেন্টিনে থাকা ২ হাজার ৪৬৮ জন ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।যার মধ্যে অধিকাংশই বিদেশফেরত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ১৪ দিন বাড়িতে থাকার পরও এদের কোনো শারীরিক অসঙ্গতি দেখা না যাওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।শুক্রবার(৩ এপ্রিল) বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৩ হাজার ৪৯ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৪৬৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বরগুনা জেলায় হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে এ পর্যন্ত বিভাগে কোয়ারেন্টিন থেকে মোট ২ হাজার ৪৬৮ জনকে ছাড়পত্র দেওয়া হলো।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল,ভোলা ও বরগুনা জেলায় কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি,বাকি ৩ জেলায় ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং বিভাগের ৬ জেলায় মোট ১০৬ জনকে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান,করোনা সন্দেহে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি করা হলেও বিভাগের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এ পর্যন্ত হয়নি। এছাড়া বিভাগের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিন এসে পৌঁছেছে। যেটি স্থাপনের কাজ চলমান।এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস জানান,হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণে পলিমারি চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন স্থাপনের জন্য কক্ষ প্রস্তুতের কাজ চলছে। কক্ষটি যথাযথভাবে প্রস্তুত করে তবেই বসানো হবে পিসিআর মেশিন। তবে কক্ষটি কবে নাগাদ সম্পূর্ণ প্রস্তুত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানলেও খুব শিগগিরই কক্ষ প্রস্তুত করে পিসিআর মেশিন স্থাপন শেষে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।