অপহরণের ১১দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে
রফিকুল ইসলাম:অপহরণের ১১দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত অপহরণকারীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান,প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহরণকারীর অবস্থান নিশ্চিত করে নারায়ানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।মামলার এজাহারে জানা গেছে, গৌরনদীর ভুরঘাটা গ্রামের খালা বাড়িতে বেড়াতে আসে পাশ্ববর্তী কালকিনি উপজেলার ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী ইজমা আক্তার (১৪)। গত ১৫ জানুয়ারি সকালে খালাবাড়ির পাশ্ববর্তী বরিশাল-ঢাকা মহাসড়কের উপর দিয়ে কৌশলে মাইক্রোবাসযোগে স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়।
মামলার বাদি অপহৃতা স্কুল ছাত্রীর খালাতো ভাই ফরিদ বেপারী জানান, দীর্ঘদিন থেকে ইজমাকে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক অনিক চৌধুরী (২৬)। তিনি আরও জানান, তার খালাতো বোনের অপহরনের পর অনিকও নিখোঁজ হয়। সে সুবাদে থানায় অনিকসহ তার সহযোগিদের আসামি করে গত ১৬ জানুয়ারি অপহরণ মামলা দায়ের করা হয়।গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, মামলা দায়েরের পর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনিকের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অনিকের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।ওসি আরও জানান, গ্রেফতারকৃত অনিক চৌধুরী যশোর কোতোয়ালী থানার নতুন উপশহর গ্রামের কবির চৌধুরীর পুত্র। কর্মের সুবাদে সে (অনিক) দীর্ঘদিন থেকে কালকিনির সাহেবরামপুর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো।