দেশে মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান হচ্ছে।ঢাকায় অভিযান চলছে,চট্টগ্রামেও শুরু হবে।
আলোকিত বার্তা:ঢাকার পর চট্টগ্রামে অভিযান শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইঙ্গিত দেন।তিনি বলেন,দেশে মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান হচ্ছে। ঢাকায় অভিযান চলছে, চট্টগ্রামেও শুরু হবে। এক্ষেত্রে দলমত দেখা হচ্ছে না। কারণ অনিয়ম দেশকে পিছিয়ে দেয়।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দেশের ৪৮টি বিদ্যালয়ের বিতার্কিক দল নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।মন্ত্রী বলেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র বড় কাজ হাতে নিয়েছে। প্রতিযোগিতা যেন চট্টগ্রামে সীমাবদ্ধ না থাকে। এটি জাতীয় টেলিভিশন কেন্দ্র। দেশে অনেক টেলিভিশন থাকলেও সবাই বিতর্ক প্রতিযোগিতা করে না। স্কুল বিতর্ক প্রতিযোগিতা যুক্তিভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান,তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.আজহারুল হক ও মো. নুরুল করিম উপস্থিত ছিলেন।আফরোজা চৌধুরী দিনার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।