তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আ:রাজ্জাক হাওলাদার:বরিশালের হিজলা উপজেলায় জাল সনদপত্র দিয়ে বাল্যবিয়ে সম্পাদন করায় বর ও তার বাবাসহ তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়েছে।তারা হলেন-বরিশালের মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের বড়ইয়া নলিকান্দি গ্রামের বাসিন্দা ও বরের বাবা জাকির ফকির,বর বেল্লাল ফকির ও কনের মামা হিজলা উপজেলার খুন্না গবিন্দুপুর গ্রামের বাসিন্দা নরুল আমিন।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলাম এ জরিমানা করেন।

ইউএনও আমীনুল ইসলাম জানান,বুধবার (১১ সেপ্টেম্বর) মুলাদী বাজারের এক কাজী অফিসে সাড়ে ১৭ বছর বয়সী বেল্লাল ফকিরের সঙ্গে প্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে রেজিস্ট্রি করা হয়। এ ক্ষেত্রে একটি জাল জন্মসনদ ব্যবহার করে বেল্লাল ফকিরকে প্রাপ্ত বয়স্ক দেখানো হয়েছে।

তিনি আরও বলেন,গোপনে বিয়ে হলেও শুক্রবার বিকেলে উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরদার বাড়িতে নববধূকে বরণের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিয়ে হাজির হই। এসময় বরের বাবা ও বর আইন লঙ্ঘনের কথা স্বীকার করেন। তাই বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ধারা ৭(১) ও ৮ অনুযায়ী বর ও তার বাবাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং বাল্যবিয়ের আয়োজন করায় একই ধারায় কনের মামা নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Top