মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ
শাহাদাত হোসেন রুবেল:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে। বুধবার(৭ আগস্ট)সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কয়েকজন অভিভাবক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এ হামলা চালিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান,একদল সন্ত্রাসী বিদ্যালয়ে ঢুকে তিনিসহ শিক্ষক আজিজুর রহমান,একে আজাদ, মজিবর রহমান এবং নাজমুলকে মারধর করেছেন। এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ওপরও হামলা করে তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।