নাশকতা দমনে কঠোর সরকার,দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা
মু.এবি সিদ্দীক ভুঁইয়া:জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন অপতৎপরতা, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী গুজব ও ভীতি ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি জুলাই গণহত্যায় ফাঁসির দণ্ডিত আসামি। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রচলিত প্রত্যর্পণ আইন ও বিচারিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে।দলটির সাম্প্রতিক বেশকিছু সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ড মানুষকে করছে আতঙ্কিত, যা ভাবিয়ে তুলেছে সবাইকে। গাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন সরকারি দপ্তরের সামনে ও জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন নাগরিকরা। অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতেও ভয় পাচ্ছেন। এমন বাস্তবতায় জনমনে সৃষ্ট আতঙ্ক দূর করতে কার্যক্রম নিষিদ্ধ দলটির নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘোষণা করেছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ দেশকে অস্থিতিশীলের চেষ্টা করলে বা জননিরাপত্তা বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন সরকার নাকচ করে দিয়েছে, যা আইনি ও প্রশাসনিকভাবে তাকে কঠোর বার্তারই বহিঃপ্রকাশ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদ বলেন,ডিসেম্বরকেন্দ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও এসআরবি সম্মিলিতভাবে কাজ করছে। যারা বোমা কিংবা ককটেল হামলায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, কেউ ছাড় পাবে না। টার্গেট করে তাদের সবাইকে ধরা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নজরদারিতে (মনিটরিং) রাখা হয়েছে। নাশকতাকারীদের ধরতে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি ইউনিটকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভীতি প্রদর্শনের ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্য অপরাধীদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ব্যক্তি বা গোষ্ঠী গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। দেশের অর্থনৈতিক গতিশীলতা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়েছে। যাতে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং চেকপোস্টে তল্লাশি চলাকালীন ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ৩৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণে সরাসরি জড়িত ৯ জন এবং বাকিরা চেকপোস্টে তল্লাশি ও অন্যান্য ঘটনায় গ্রেফতার হন। এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশকিছু তাজা ককটেল, ককটেল বিস্ফোরণে ব্যবহৃত মাধ্যম এবং যাতায়াতের জন্য ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে। শুধু সুনির্দিষ্ট ককটেল বা নাশকতার মামলাই নয়, পাশাপাশি ডিএমপির সার্বিক নিয়মিত ও বিশেষ অভিযানে প্রতিদিন চার থেকে পাঁচ শতাধিক অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর প্রতিটি প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, জনমনে ভীতি দূর করতে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ছড়ানো বিভিন্ন ধরনের অপপ্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে কড়া নজরদারি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা, গোয়েন্দা নজরদারি এবং দৃশ্যমান নিরাপত্তার কারণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা এবং অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করতে পুলিশ সদর দপ্তরের অধীনে উচ্চপর্যায় কমিটি ও একাধিক উপকমিটি গঠিত হয়েছে। এসব কমিটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে। অপরাধীদের ধরতে স্মার্ট ট্র্যাকিং সিস্টেম কার্যকর করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগাম তথ্য সংগ্রহে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। কূটনৈতিকভাবে দুই দেশের অবস্থান তলানিতে গিয়ে ঠেকে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসাবে দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের সম্পর্কের জায়গায় কিছুটা উন্নতি হলে বাংলাদেশিদের জন্য ভারতে সব ধরনের ভিসা চালু করা হয়। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে গণমাধ্যমে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনের পর থেকে পরিস্থিতি আবার অবনতি হতে শুরু করে। সর্বশেষ ডিসেম্বরে তার দেশে ফিরে আসার ঘোষণার পর টানাপোড়েন আবার নতুন মাত্রা পায়। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনার প্রত্যর্পণ ইস্যু এখন যতটা না কূটনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক।
সাবেক রাষ্টদূত মাহফুজুর রহমান বলেন, সত্যি বলতে আমরা এখন জানি না দুই দেশের মধ্যে কী ধরনের আলাপ-আলোচনা হচ্ছে। সম্পর্কে টানাপোড়েন আছে কি না বা থাকলে সেটা কীরকম-কিছুই স্পষ্ট নয়। তবে এটি স্পষ্ট যে, দুদেশের রাজনৈতিক সম্পর্কের মধ্যে একটা বৈরিতা আছে। তিনি বলেন, ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসার পর যখন ভিসার অনুমোদন দিতে শুরু করলেন, তারপর থেকে দুই দেশের সম্পর্কের গতিপ্রকৃতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেই মনে হচ্ছিল। পরে ৫ আগস্টে এসে আবার একটা হোঁচট খায় যখন শেখ হাসিনা দিল্লিতে প্রেস কনফারেন্স করেন। তারপর থেকেই বিষয়টি পুরোপুরো অস্বচ্ছ হয়ে পড়ে। দুই দেশের সরকারের পক্ষ থেকেও একেকবার একেক ধরনের বক্তব্য এসেছে। আমি মনে করি, জনমনে যে আতঙ্কের কথা বলা হচ্ছে, সেটি এই অস্বচ্ছতা ও অস্পষ্টতা থেকেই সৃষ্টি। এ জায়গায় দুই দেশের সরকারের দায় আছে। তাই বিষয়টি সম্পর্কের পর্যায়ে স্পষ্ট করা দরকার।