বরিশালে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তাকে পাশে রেখেই ত্রাণের চাল বিতরণ
আলোকিত বার্তা:বরিশালে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তাকে পাশে রেখেই ত্রাণের চাল বিতরণ করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল বাড়ী মনির।পাশাপাশি আতঙ্ক রোধ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুস্থ হওয়া ওই ব্যক্তির করোনা ভাইরাস জয়ের কথা শোনানো হয় স্থানীয়দের। এসময় সেখানে আসা স্থানীয় গ্রামবাসী আগ্রহ নিয়ে শোনেন করোনা ভাইরাস থেকে বেঁচে ফেরা আব্দুর রব মুন্সীর কথা।আর এতে যেমন সাধারণ গ্রামবাসী সচেতন হবেন, তেমনি করোনা ভাইরাস জয় করা ওই ব্যক্তি সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তিনি ঘটনার বিবরণে মোবাইলে বলেন, স্থানীয় কাজীরচর গ্রামের বাসিন্দা আব্দুর রব মুন্সী পরিবার নিয়ে নারায়ণগঞ্জ থাকেন।লকডাউনের মধ্যে গত ৮ এপ্রিল মুন্সী একা গ্রামে এসে জ্বর-সর্দিতে আক্রান্ত হন।এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে উপজেলা প্রশাসনের পরামর্শে নিজ উদ্যোগে যানবাহনসহ সবকিছুর ব্যবস্থা করে গত ৯ এপ্রিল রব মুন্সীকে শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করি।১২ এপ্রিল বরিশালে প্রথমবারের মতো শের-ই বাংলা মেডিক্যালে চিকিৎসাধীন দুই রোগীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে মুন্সী একজন ছিলেন। এরপর সেখানে দীর্ঘদিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গ্রামের বাড়িতে ফেরেন মুন্সী।কিন্তু আক্রান্ত হওয়ায় তাকে আত্মীয়স্বজনসহ প্রতিবেশীরাও এড়িয়ে চলছিলেন। বিষয়টি অন্যদিকে যেতে পারে এ শঙ্কায় ওই রাতেই মুন্সীর সঙ্গে সাক্ষাত করি এবং তাকে বুধবার ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় আসার জন্য অনুরোধ জানাই।তিনিও রাজি হয়ে যান।
মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন পরিষদের ত্রাণ বিতরণ কার্যক্রম। সেখানেই উপস্থিত হন করোনা ভাইরাস থেকে বেঁচে ফেরা মুন্সী। ‘পরে বুধবার (২৯ এপ্রিল) যথাসময়ে মুন্সী ইউনিয়ন পরিষদ চত্বরে হাজির হন। যেখানে আগে থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে দেড়শ’ মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কার্যক্রমের আয়োজন চলছিল। মুন্সীর আগমনে একটু চমকের সৃষ্টি হয়। পরে তিনি প্রধান অতিথি হয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করেন এবং করোনা জয়ের অর্থাৎ আক্রান্ত থেকে সুস্থ হওয়া পর্যন্ত সচেতনতামূলক বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।’সেখানে মুন্সী বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হলেই ভয় পাওয়ার কিছু নেই। নিয়ম মেনে উপসর্গ গোপন না করে চিকিৎসকের পরামর্শ নিলে আক্রান্ত প্রায় সবাই সুস্থ্ হতে পারেন। এ ভাইরাস থেকে পরিত্রাণ পেতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বার বার সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্য বিভাগের দেওয়া অন্য নিয়মকানুন মেনে চলতে হবে।এসময় তিনি যারযার ধর্মানুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।চরগোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান সামসুল বারী মনিরসহ স্থানীয়রা জানান, মনযোগ দিয়ে তারা রব মুন্সীর করোনা জয়ের কথা শুনেছেন। যেখান থেকে সচেতনতামূলক অনেক তথ্যও জানতে পেরেছেন গ্রামবাসী।এতে তারা সচেতন হওয়ার পাশাপাশি করোনাজয়ী মুন্সী ও তার পরিবারের সদস্যদের এখন আর এড়িয়ে চলবেন না এবং তারা হেয় প্রতিপন্নও হবে না বলে আশা চেয়ারম্যানের।