পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

পোশাক খাতে অস্থিরতা ভুল বার্তা যাচ্ছে ক্রেতার কাছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:শ্রমিকদের বেতন বাড়াতে সরকার গঠিত মজুরি বোর্ড কাজ করছে।এরপরও তৈরি পোশাক খাতে অস্থিরতা থামছে না।শ্রমিকদের ব্যানারে টানা ১৫ দিন আন্দোলন করছে একটি পক্ষ।পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১৪৭টি গার্মেন্টস বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।শনিবার সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদ হাসান খান। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে গার্মেন্টস নিয়ে বিদেশি ক্রেতাদের কাছে ভুল বার্তা যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু অর্ডার (ক্রয় আদেশ) বাতিল করেছেন ক্রেতারা (বায়ার)। নিশ্চিত হওয়া অর্ডারও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শুধু পোশাক খাত নয়, পুরো অর্থনীতিতে সমস্যা তৈরি হবে।এছাড়াও আন্দোলন অব্যাহত থাকলে আজ থেকে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এ খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা।

বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৫ দিন পর্যন্ত আন্দোলন করছে পোশাক শ্রমিকদের একটি অংশ। তারা গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি করছেন। তবে আন্দোলন শুরুর পরপরই বেতন বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে শ্রমিক, মালিক এবং সরকারসহ সব পক্ষের প্রতিনিধি রয়েছেন। বোর্ড ইতোমধ্যে দুদফা বৈঠক করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন স্কেলে বেতন পাবেন। এরপরও শ্রমিক নামধারী একটি পক্ষ আন্দোলন, জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করছে।

জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের (বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ) সাবেক মহাপরিচালক ড. এম কে মুজেরী বলেন, বেশ কয়েকদিন থেকে গার্মেন্টস শিল্পে অস্থিরতা চলছে। এটি কারও কাম্য নয়। এর ফলে এ খাতে উৎপাদন কমছে। শ্রমিক ও মালিক উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও গার্মেন্ট খাত নিয়ে বিদেশে ভুল বার্তা যাচ্ছে। তিনি বলেন, বিদেশি ক্রেতারা ভুল বুঝতে পারে। ক্রেতাদের মধ্যে এ রকম আশঙ্কা তৈরি হতে পারে যে, অর্ডার দিলে গার্মেন্টস মালিকরা নির্ধারিত সময় পণ্য সরবরাহ করতে পারবেন না। পরিস্থিতি এমন হলে তারা অর্ডার বন্ধ করে দেবেন। তার মতে, বাস্তবে এমনটি ঘটলে শুধু পোশাক শিল্প নয়, পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি করছেন। জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতায় এর যুক্তি আছে। আবার নানা কারণে মালিকদের অবস্থাও ভালো নয়। এ অবস্থায় মজুরি বোর্ড গঠন হয়েছে। ফলে মজুরি বোর্ডের সুপারিশ পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করা উচিত।

জানতে চাইলে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম শনিবার বলেন-আগে যেসব ক্রেতা (বায়ার) আমাদের পাশে থাকতেন এবং যে কোনো সংকটে সহযোগিতা করতেন, এবার তাদেরও পাশে পাচ্ছি না। কারণ, তাদের নিজেদের ব্যবসার অবস্থাও ভালো নয়। বাজার পরিস্থিতি খারাপ,বিক্রিও কম। অন্যদিকে আমাদের প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক ভালো দামে পণ্য সরবরাহ করছে এবং বিভিন্ন ধরনের সুবিধাও দিচ্ছে। এর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।তিনি বলেন, গত ১৫ দিন ধরে এ অস্থিরতা চলছে। বিদেশি ক্রেতারা বিষয়টিকে অত্যন্ত নেতিবাচকভাবে নিয়েছেন। তারা বাংলাদেশ থেকে অনেক অর্ডার সরিয়ে নিয়েছেন। এখন কোনো সমস্যা দেখলেই দ্রুত অর্ডার অন্য দেশে স্থানান্তর করছেন। বিশেষ করে ত্রিপুরায় অনেক অর্ডার চলে গেছে। এছাড়া পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামেও অর্ডার স্থানান্তর হচ্ছে। তিনি জানান, ত্রিপুরার কারখানাগুলো এখন দীর্ঘ সময় কাজ করছে। তারা ৯ ঘণ্টার বেশি কাজ করছে এবং শুক্রবারও কারখানা চালু রাখছে। ফলে ক্রেতারা বিকল্প হিসাবে এসব দেশকে বেছে নিচ্ছেন।

তার মতে, বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে এসব দেশের উৎপাদন ব্যয়ের পার্থক্য খুব বেশি নয়। সামান্য দামের পার্থক্যের জন্যও ক্রেতারা এখন অন্য দেশে চলে যাচ্ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, শুধু নতুন অর্ডার নয়, নিশ্চিত হওয়া অর্ডারও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যেমন, সামারের জন্য যেসব অর্ডার নিশ্চিত হয়েছিল, সেগুলোর কাপড় এখনো আসেনি। সেই অর্ডারগুলোও অন্য দেশে স্থানান্তর করা হয়েছে। একইভাবে অটাম বা শরৎ মৌসুমের অর্ডার নিশ্চিত করার সময়ও ক্রেতারা বাংলাদেশ থেকে সরিয়ে নিচ্ছেন। অর্থাৎ অর্ডার প্লেসমেন্টের সময় এবং নিশ্চিত হওয়ার পর-দুই পর্যায়েই আমরা অর্ডার হারাচ্ছি। এর প্রভাব আগামী বছর আমাদের ব্যবসায় পড়বে। বিশেষ করে মার্চ থেকে ব্যাপকভাবে অর্ডার চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানতে চাইলে বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বর্তমানে দেশে যে শ্রমিক অসন্তোষ চলছে, তাতে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই। তবে এই ক্ষতির পরিমাণ এখনই পরিমাপ করা সম্ভব নয়। হয়তো কিছুদিন পর জানা যাবে। তিনি বলেন, ‘আমার মনে হয়, অর্থনৈতিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হবে বাংলাদেশের ভাবমূর্তি সংকট। ক্রেতারা যখন সময়মতো পণ্য পান না কিংবা এ ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েন, তখন সংশ্লিষ্ট দেশকে ঝুঁকিপূর্ণ সোর্সিং কান্ট্রি হিসাবে বিবেচনা করেন।’

তিনি বলেন, যে দেশে ঝুঁকির মাত্রা যত বেশি, সেখানে ক্রেতারা উচ্চমূল্যের অর্ডার দিতে তত কম আগ্রহী হন। এমনকি অর্ডার দিলেও পণ্যের দাম নির্ধারণের সময় এসব ঝুঁকির বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তার মতে, এ ধরনের সংকটের প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা যায় না। একটি বা দুটি মৌসুম পার হওয়ার পর এর প্রকৃত প্রভাব বোঝা যায়। কারণ, এর মধ্যে স্যাম্পলিং ও অর্ডারসংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের অস্থিরতার প্রভাব আমরা ২০২৬ সালের প্রথম আট-নয় মাসে পেয়েছি। এখন যদি একইভাবে শ্রমিক অসন্তোষ ও অনিশ্চয়তা চলতে থাকে, তাহলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হবে। এ অবস্থায় ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Top