মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার
জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে হাঁটছে সরকার।বিগত দিনের মতো অনেক যোগ্য প্রার্থীকে ভিন্ন মতের ট্যাগ দিয়ে বাদ দেয়ার ঘটনাও ঘটছে এতে করে প্রকৃত মেধাবীরা হতাশ হয়ে পড়ছেন।
একজন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করার পর পুলিশ ও অন্যান্য সংস্থার ভেরিফিকেশনে যাচাই বাছাইয়ের নামে বাদ পড়ছে অনেকে মেধাবী।তাদের অনেকের ভাষ্য, মেধার দেশে যাচায়ের নামে এক ধরনের তোঘলকি পরীক্ষা চলছে। এমন পরীক্ষায় ঝড়ের পড়ছেন অনেক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ-তরুণী। সরকারি চাকরিতে রাজনৈতিক পরিচয়ভিত্তিক বৈষম্য বন্ধ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগীরা। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নামে নিয়োগ থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২০ হাজার শূন্য পদ দ্রুত পূরণে সরাসরি উদ্যোগ নিয়েছে সরকার। কোন দপ্তরে কত পদ খালি, কোন পদে নিয়োগের অনুমোদন রয়েছে, কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং কোন নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে—এসব বিষয়ে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে ইতোমধ্যে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় এসব তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে শূন্য পদের তালিকা, অনুমোদিত অর্গানোগ্রাম এবং চলমান নিয়োগ কার্যক্রমের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (এমআরএ) ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ (সিএজি) একাধিক সরকারি প্রতিষ্ঠানের চিঠিপত্র ও নথি পর্যালোচনা করে এ উদ্যোগের কথা জানা গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শূন্য পদ ও চলমান নিয়োগের তথ্য প্রস্তুত করে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে।অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের এ উদ্যোগের লক্ষ্য শুধু শূন্য পদ পূরণ নয় দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করা এবং সরকারি চাকরিতে নিয়োগের কাঠামোয় পরিবর্তন আনাও এর উদ্দেশ্য।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দ্রুত এসব নিয়োগ শেষ করতে চাইলেও পুরো প্রক্রিয়ায় তিন থেকে চার বছর সময় লাগতে পারে। কারণ প্রতিটি নিয়োগ কার্যক্রমই সময়সাপেক্ষ।তিনি বলেন, কতটি পদে কতজন নিয়োগ দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে নিয়োগের অনুমোদন, বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই, এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা, ফল প্রকাশ, পুলিশ ভেরিফিকেশন, নিয়োগপত্র জারি ও যোগদান—প্রতিটি ধাপেই নির্দিষ্ট সময় লাগে।বর্তমানে একটি বিসিএসের নিয়োগ পরীক্ষা শেষ করতে দেড় বছর বা তারও বেশি সময় লাগছে। অন্যান্য সরকারি দপ্তরের নিজস্ব নিয়োগ পরীক্ষায়ও প্রায় একই ধরনের সময় লাগে। ফলে বিপুলসংখ্যক শূন্য পদে নিয়োগ সম্পন্ন করতে সময় লাগবে। এ জন্য প্রয়োজন হবে অর্থায়নেরও।
বেকার ২৬ লাখের বেশি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে প্রাতিষ্ঠানিকভাবে বেকারের সংখ্যা ২৬ লাখের বেশি। এর বাইরে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকা, কম কর্মঘণ্টা বা কম আয়ের কাজে যুক্ত থাকা এবং চাকরিপ্রত্যাশী তরুণদের বড় একটি অংশ শ্রমবাজারে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।এ অবস্থায় সরকারি চাকরির প্রায় ৫ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু সরকারি চাকরি দিয়ে দেশের সামগ্রিক কর্মসংস্থান সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা বিপুলসংখ্যক তরুণের তুলনায় সরকারি চাকরির সুযোগ সীমিত। তাই সরকারি নিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন মনে করেন ,এক ধরনের বৈপরীত্য সবসময় দেখা যায়—দেশে শিক্ষিত বেকার রয়েছেন, আবার সরকারি দপ্তরগুলোতে শূন্য পদও রয়েছে। ফলে বেকাররা যেমন কাজের সুযোগ পাচ্ছেন না, তেমনি সরকারি দপ্তরগুলোও জনবল সংকটের কারণে তাদের নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। সেই পরিপ্রেক্ষিতে সরকারের নিয়োগ উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তিনি বলেন, তবে যোগ্যতম ব্যক্তি যাতে নিয়োগ পান, সে জন্য নিয়োগের সব প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।
কোথায় কত শূন্য পদ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২। এর মধ্যে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০টি পদে কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। ফলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।গ্রেডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮২ হাজার ২১৬টি পদ শূন্য রয়েছে ২০তম গ্রেডে। এরপর ১৬তম গ্রেডে ৭৯ হাজার ৮৬৮টি, দশম গ্রেডে ৬৮ হাজার ৪১৩টি, ১১তম গ্রেডে ৫২ হাজার ৬২৪টি এবং নবম গ্রেডে ৪৯ হাজার ৯৮৪টি পদ শূন্য রয়েছে। নবম গ্রেডে বিসিএসের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে।এছাড়া ১৩তম গ্রেডে ৪২ হাজার ৩৫টি, ১৪তম গ্রেডে ৩০ হাজার ৫০৫টি, ১৫তম গ্রেডে ২৭ হাজার ১৩৪টি, ১৯তম গ্রেডে ২৩ হাজার ৮৭৯টি এবং ১৭তম গ্রেডে ২০ হাজার ৯৬৮টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদের বেশির ভাগই সরকারের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে। এসব প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ১ হাজার ১৫২। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনগুলোতে ১ লাখ ৯৯ হাজার ৩৮৪টি, মন্ত্রণালয় ও বিভাগে ৬ হাজার ৮০৮টি এবং বিভাগীয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ১৪ হাজার ৫৭৮টি পদ শূন্য রয়েছে।
নিয়োগ পরীক্ষাতেও পরিবর্তন
শূন্য পদ পূরণের পাশাপাশি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও নম্বর বণ্টন পদ্ধতিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১১ থেকে ২০তম গ্রেডের সরাসরি নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মুখস্থনির্ভরতার পরিবর্তে প্রার্থীর বাস্তব দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ে বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্য রয়েছে।
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করতে নতুন পরীক্ষা বিধিমালা বা নম্বর বণ্টন পদ্ধতি চালুর বিষয়েও কাজ চলছে। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও (পিএসসি) বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতি যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তিনভাবে হয় সরকারি নিয়োগ
বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগের প্রধান পথগুলো হলো পিএসসি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নিয়োগ কমিটি এবং বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক বা আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগে পিএসসি বিসিএস ও নন-ক্যাডার পরীক্ষার আয়োজন করে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের অনেক পদে সংশ্লিষ্ট অধিদপ্তর, বিভাগ বা মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। এ ছাড়া প্রকল্প বা বিশেষায়িত কাজের জন্য চুক্তিভিত্তিক ও আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হয়। সরকারের বর্তমান উদ্যোগের মাধ্যমে শুধু একটি নিয়োগকারী সংস্থা নয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও নিয়োগকারী প্রতিষ্ঠানের সব শূন্য পদের চিত্র এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী গত ২১ জুন সংসদে বলেছেন, শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। এ ছাড়াও দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শ্রেণিওয়ারি শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। কোন গ্রেডে কত পদ তার বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শ্রেণিওয়ারি শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে প্রথম শ্রেণিতে (১ম-৯ম) ৬৮ হাজার ৮৮৪টি, ২য় শ্রেণিতে (১০ম-১২তম) ১ লাখ ২৯ ১৬৬, ৩য় শ্রেণিতে (১৩তম-১৬তম) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯, ৪র্থ শ্রেণিতে (১৭তম-২০তম) ১ লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য (অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক-যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে) ৮ হাজার ১৩৬টি পদশূন্য রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০জুন সংসদে বলেছেন, সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। তিনি বলেন, এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো আরও গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছে।‘যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূন্য পদ) নিয়োগ প্রক্রিয়া শুরু করবো ইনশাআল্লাহ।
ভিন্নমতের কারণে বৈষম্যের প্রতিবাদ
সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি ও নিয়োগবঞ্চনার অভিযোগ তুলে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং রাজনৈতিক বৈষম্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক গত ২৫ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সরকারি চাকরিতে ফেভারিটিজম, কোটা, বৈষম্য ও রাজনৈতিক লিংক-লবিংয়ের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। তারা বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় চাকরির জন্য নির্বাচিত হওয়ার পর কোনো নাগরিককে রাজনৈতিক মতাদর্শ, পারিবারিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে তা বৈষম্যমূলক ব্যবস্থার পুনরাবৃত্তি হবে।বিবৃতিতে তারা আরও বলেন, রাষ্ট্রের সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়নের হাতিয়ার হতে পারে না। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে তার মেধা, যোগ্যতা, সততা ও আইনের প্রতি আনুগত্যকে প্রাধান্য দেওয়া উচিত।
পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীকে শুধু রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক পরিচয় বা পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে নিয়োগ থেকে বঞ্চিত করা উচিত নয়।’ এছাড়া পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রার্থীর বিষয়ে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হলে এর সুনির্দিষ্ট, আইনসম্মত ও যাচাইযোগ্য কারণ উল্লেখ করার দাবি জানান তারা। তারা রাজনৈতিক বৈষম্য ও নিয়োগবঞ্চনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের ন্যায়সঙ্গত প্রতিকার এবং স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।এদিকে সরকারি চাকরিতে রাজনৈতিক পরিচয়ভিত্তিক বৈষম্য বন্ধ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তি।জবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেয়া হবে না। সরকারকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দ্রুত নিরসন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে।’ সরকারকে তার মেয়াদে জনকল্যাণ ও শিক্ষার্থীবান্ধব নীতিকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান তিনি।
জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ থাকবে। ভেরিফিকেশনের নামে হয়রানি ও বৈষম্য বন্ধ করে শিক্ষকসহ সব সরকারি নিয়োগে মেধা ও যোগ্যতাকে প্রধান মানদন্ড করতে হবে।জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘সরকারের শিক্ষা খাতে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে আজকের এ মানববন্ধন। এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেয়া, ভাইভায় অতিরিক্ত নম্বর এবং নতুন পুলিশ ভেরিফিকেশন কার্ড চালুর মতো সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি আরো বলেন,পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় বা জুলাই আন্দোলনে অংশগ্রহণের মতো বিষয় বিবেচনা করে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে কি-না, তা স্পষ্ট করতে হবে।’ দেশের বিভিন্ন জেলার দুই হাজারের বেশি শিক্ষার্থীর নিয়োগ বাতিলের কারণ দ্রুত প্রকাশের দাবিও জানান তিনি।জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে সরকার গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এলেও পরে ভাইভা ও ভেরিফিকেশনের নামে নতুন করে নিয়োগ বাণিজ্যের চেষ্টা করা হয়েছে।’ ভেরিফিকেশনের মাধ্যমে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা প্রার্থীদের বাদ দেয়া হচ্ছে কি-না, তা স্পষ্ট করার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, শিক্ষার্থী ও জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেয়া হবে না। সরকারকে শিক্ষার্থী ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।
জনপ্রশাসন বিশেষজ্ঞ মো. ফিরোজ মিয়া মনে করেন,‘মেডিকেল ছাড়পত্রের পাশাপাশি প্রধান শর্ত হলো পুলিশ ভেরিফিকেশন, যার আইনি ভিত্তি রয়েছে। তবে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই, যদিও সরকার চাইলে তা করতে পারে। কিন্তু ১০ মাসের বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’সরকার আন্তরিক হলে এক থেকে দুই মাসের মধ্যেই ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের কাজ শেষ করা সম্ভব। এভাবে দীর্ঘসূত্রতা সফল প্রার্থীদের হতাশ করে, নানা নেতিবাচক অনুমানের জন্ম দেয় এবং শেষ পর্যন্ত সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।’
পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি
পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি ও বৈষম্যের অভিযোগ তুলে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। তাঁদের অভিযোগ, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পরেও বৈষম্যমূলকভাবে ক্যাডার ও নন-ক্যাডার গেজেট থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা এই দাবি জানান।এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থী কানজিলাল রয় জীবন। তিনি বলেন, ‘৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডাররা নানা প্রতিকূলতা পেরিয়ে চাকরিতে যোগদানের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়ার অপব্যবহারের কারণে তাঁদের চাকরিতে যোগদান থেকে বিরত রাখা হয়েছে।’
লিখিত বক্তব্যে বলা হয়, মেধার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ ও বাতিল নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হলেও পরবর্তী সময়ে নতুন গেজেট থেকে ২৫৭ জনকে বাদ দেওয়া হয়। এরপর সম্পূরক গেজেটে কয়েকজনকে পুনরায় অন্তর্ভুক্ত করা হলেও এখনো ৬৫ জন প্রার্থী গেজেটবঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন।কানজিলাল রয় জীবন অভিযোগ করে বলেন, ডিজিএফআই ও এনএসআই—এই দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তথ্যের অমিল থাকায় অনেকের গেজেট আটকে রাখা হয়েছে। কোনো অপরাধমূলক বা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত না থাকা সত্ত্বেও শুধু ‘জনশ্রুতির’ ভিত্তিতে তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এসময় আরও বলা হয়, ৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ব্যক্তিসহ মোট ২০ জন এবং ৪৮তম বিশেষ বিসিএসে ২৭ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে।
৩২তম থেকে ৩৯তম বিসিএস পর্যন্ত প্রায় ৪০০ জন বাদ
একটি গণমাধ্যমের অনুসন্ধানে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩২তম থেকে ৩৯তম বিসিএস পর্যন্ত প্রায় ৪০০ জন প্রার্থী পিএসসির সুপারিশ পাওয়ার পরও নেতিবাচক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের কারণে চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছিলেন। তাদের মধ্যে ছয়টি বিসিএসে ২৩০ জন চিকিৎসক ছিলেন। সংবাদমাধ্যমটির অনুসন্ধানে তাদের অনেকের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না বলে তথ্য পাওয়া যায়।
৩৭তম বিসিএসের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। পিএসসি বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। কিন্তু প্রায় ৯ মাস পর প্রকাশিত গেজেটে ১ হাজার ২২১ জনের নাম আসে। অর্থাৎ ৯৩ জন প্রথম গেজেটে বাদ পড়েন। পরে মুক্তিযোদ্ধা কোটার ৩২ জন নিয়োগ পেলেও ৬১ জন বাদ থেকে যান। তাদের মধ্যে প্রশাসন, শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন ক্যাডারের প্রার্থী ছিলেন। প্রতিবেদনে বলা হয়, বাদ পড়া প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না।
এখানে একজন প্রার্থীর অভিজ্ঞতা বিশেষভাবে প্রশ্ন তৈরি করে। তিনি বিসিএসের পাশাপাশি অন্য কয়েকটি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন এবং সেসব চাকরিতে তার পুলিশ ভেরিফিকেশন ইতিবাচক ছিল। কিন্তু বিসিএসের ক্ষেত্রে প্রতিবেদন নেতিবাচক হয়। একই ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন নিয়োগে ভিন্ন ভিন্ন ভেরিফিকেশন ফলাফল হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে-ভেরিফিকেশনের মানদন্ড কি সব ক্ষেত্রে একই?
২৫৯ জনের ঘটনা আরও বড় প্রশ্ন তৈরি করেছিল। পরবর্তী সময়ে ২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ পেয়েও নেতিবাচক পুলিশ ভেরিফিকেশনের কারণে নিয়োগবঞ্চিত ২৫৯ জনকে সরকার নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রকাশ করে।যদি একজন প্রার্থী পিএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশ পান, কিন্তু পুলিশ ভেরিফিকেশনের কারণে নিয়োগ না পান এবং কয়েক বছর পর সরকার তাকেই পুনরায় নিয়োগ দেয়-তাহলে পূর্ববর্তী নেতিবাচক প্রতিবেদনের যথার্থতা, প্রক্রিয়া ও মানদন্ড সম্পর্কে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
৪৩তম বিসিএস পুরোনো প্রশ্ন নতুন করে
সাম্প্রতিক ৪৩তম বিসিএসের ঘটনাও বিষয়টিকে আবার জাতীয় আলোচনায় এনেছে। পিএসসি ২১৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং এজেন্সির প্রতিবেদনের ভিত্তিতে ৫৯ জনসহ মোট ৯৯ জনকে বাদ দিয়ে ২ হাজার ৬৪ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরবর্তীকালে ২ হাজার ১৬৩ জনের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআইয়ের মাধ্যমে পুনরায় অধিকতর যাচাই-বাছাই করা হয়।
সেই প্রতিবেদনের ভিত্তিতে আরও ২২৭ জনের প্রাক-চরিত্র সম্পর্কে বিরূপ মন্তব্য পাওয়া যায়। তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে অবশিষ্ট ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দেওয়া হয়। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। ৪৩তম বিসিএসের ২২৭ জনকে সরাসরি ‘পুলিশ ভেরিফিকেশনে বাদ’ বলা যথাযথ হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, তাদের বিষয়ে এনএসআই ও ডিজিএফআইয়ের পুনর্যাচাই প্রতিবেদনে আপত্তি পাওয়া যায়।
কী বলছে সংবিধানের ২৭ অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ বলছে, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় পাওয়ার অধিকারী। আর ২৯(১) অনুচ্ছেদে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগের সমতার কথা বলা হয়েছে। অতএব সরকারি চাকরির মূল দর্শন হওয়া উচিত—যোগ্যতা + আইনগত যোগ্যতা + নিরপেক্ষতা।
ব্যক্তির অপরাধের দায় ব্যক্তির। ব্যক্তির চরিত্র যাচাই করুন, পরিবারের রাজনৈতিক চরিত্র নয়। কেউ জাল সনদ দিলে ব্যবস্থা নিন, কেউ রাষ্ট্রবিরোধী অপরাধ করলে তদন্ত করুন, কেউ গুরুতর অপরাধে দণ্ডিত হলে চাকরির আইনগত অযোগ্যতা থাকলে তাকে বাদ দিন-কিন্তু একজন প্রার্থীর বাবা কোনো রাজনৈতিক দলের সমর্থক-এ কারণে সন্তানকে বাদ দেওয়ার যুক্তি কী?একজন প্রার্থীর ভাই অন্য দলের রাজনীতি করেন-এ কারণে প্রার্থী অপরাধী হয়ে যাবেন কেন? একটি গণতান্ত্রিক সমাজে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক মতাদর্শ তার নিজস্ব। সন্তান পিতার রাজনৈতিক মতাদর্শ উত্তরাধিকারসূত্রে পাবে-এমন কোনো কথা নেই। রাষ্ট্র যদি পারিবারিক রাজনৈতিক পরিচয়কে ব্যক্তির চাকরির যোগ্যতার মাপকাঠি বানায়, তাহলে নাগরিকের ব্যক্তিসত্তা কোথায় থাকে?
বাংলাদেশে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিতর্ক রয়েছে। সর্বশেষ ৪৯তম (বিশেষ) বিসিএসে চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েও ৫৭ জন বাদ পড়ায় (যদিও পরে ৪০জনকে গ্রেজেট ভুক্ত করা হয়) এই বিতর্ক নতুন করে দেখা দিয়েছে। বাদ পড়ার পেছনে পুলিশ ভেরিফিকেশনের নেতিবাচক প্রতিবেদনকে দুষছেন নিয়োগবঞ্চিতরা। একই কারণে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সর্বশেষ নিয়োগেও বিপুল সংখ্যক প্রার্থীর কাছে চূড়ান্ত নিয়োগপত্র না পৌঁছানোর অভিযোগ উঠেছে। বঞ্চিতদের অনেকের দাবি, ভেরিফিকেশনে ফৌজদারি অপরাধ রয়েছে কিনা খতিয়ে দেখার বদলে প্রাধান্য দেওয়া হয়েছে প্রার্থী ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে।