২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল ‎কাহালপুর ডা. মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রিয়াজুল ইসলাম সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। তিনি দলের বাইরেও ভোট পেয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তবে এ নির্বাচনে মির্জা আব্বাস, ওসমান ফারুক, রুমিন ফারহানাসহ ৬ জন ভোট দেননি। সিইসি তার ঘোষণায় বলেন, সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে তিনি যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাতেই তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়।রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণার পরপরই সংসদ কক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে একটি লাল গোলাপ তুলে দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজ আসন ছেড়ে তার সঙ্গে কোলাকুলি করে অভিনন্দন জানান। কর্নেল (অব.) অলি আহমদও তাকে অভিনন্দন জানিয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ২৩ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেবেন। অন্তত আগামী পাঁচ বছর তিনি রাষ্ট্রপতি থাকবেন।

তৃণমূল থেকে রাজনীতি শুরু করা মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন। এজন্য ‘ক্লিন ইমেজ’-এর রাজনীতিক বলে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় ঐক্য ধরে রাখার পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনে মাঠে ছিলেন তিনি। অসংখ্যবার জেল খেটেছেন, পুলিশের হামলার শিকার হয়েছেন। ছাত্ররাজনীতি থেকে শিক্ষকতা, সেই পেশা ছেড়ে ফের রাজনীতির মাঠ। রাজনীতিতে নেমেই নির্বাচিত হয়েছিলেন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এখন তিনি রাষ্ট্রপতির মতো গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছেন।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হলো। তফসিল অনুযায়ী বেলা ২টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে নির্বাচনি কর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন সংসদ-সদস্যদের উদ্দেশে বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ-সদস্যরা ভোট দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। আইন ও বিধিমালা তুলে ধরে তিনি দুজন প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন এবং ভোট দেওয়ার পদ্ধতি বলে দেন। বেলা ২টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যালট গ্রহণ করেন। সবাই নিজ নিজ টেবিলে সই করার মধ্য দিয়ে ভোট দেন। ২টা ১০ মিনিটে সংসদ কক্ষের মাঝখানে খোলা জায়গায় রাখা টেবিলে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভোট দেন। ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ভোট ব্যালট বক্সে ফেলেন। এরপর বিএনপির অন্য সংসদ-সদস্যরা তাদের ব্যালট বাক্সে ফেলতে শুরু করেন। বেলা ২টা ১৯ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাদের ব্যালট বাক্সে ফেলেন। তখন বিরোধীদলীয় অন্য সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের নেতৃত্বে নির্বাচন সহায়তা কর্মকর্তারা সংসদ কক্ষে ভোট গণনা শুরু করেন। মাত্র ২০ মিনিটে গণনা শেষ হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচনি এজেন্ট ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং অলি আহমদের এজেন্ট ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকাল ৫টা ২০ মিনিটে ফল ঘোষণা করেন সিইসি নাসির উদ্দিন। তিনি জানান, ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। সবার ভোটই বৈধ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আগমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে ছয়জন ভোট দেননি। ফল ঘোষণার সময় সরকারদলীয় সদস্যরা করতালি দিয়ে স্বাগত জানান।

ফল ঘোষণার পরই তারেক রহমান দাঁড়িয়ে মির্জা ফখরুলকে একটি গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান। নিজ আসন ছেড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে তাকে অভিনন্দন জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এরপর একে একে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের এমপি এটিএম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজন নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজ আসন ছেড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। প্রধানমন্ত্রী এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও বিরোধীদলীয় নেতার সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে।

নির্বাচনে ভোট দেননি ছয়জন : নির্বাচনে ছয়জন ভোট দেননি। তারা হলেন বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। বিএনপির তিনজনই বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং ভোটদানে বিরত থাকার বিষয়ে তারা পূর্বানুমতি নিয়েছেন।

৩৪৩ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। যার মধ্যে বিএনপি ও তাদের জোটের ২৪৭ ভোট, স্বতন্ত্র ৭ এবং ইসলামী আন্দোলনের একটি ভোট রয়েছে। জামায়াত জোটের ৯০ সংসদ-সদস্যদের মধ্যে ৮৮ জন ভোট দিয়েছেন। ভোট দেননি গাজী নজরুল ইসলাম ও খেলাফত মজলিসের আবুল হাসান। নির্বাচনি কর্তা অলি আহমদের ভোটের সংখ্যা বলার পর বিরোধীদলীয় এমপিরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে দুপুর ১টা থেকে সংসদ-সদস্যরা সংসদ কক্ষে আসতে শুরু করেন। ১টা ৫৫ মিনিটের দিকে সংসদ কক্ষে প্রবেশ করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এরপরই আসেন প্রধানমন্ত্রী ও সংসদনেতা। ২টা থেকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুই প্রার্থীর পক্ষে তাদের নির্বাচনি এজেন্ট সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সামনে নির্বাচনের সহায়ক কর্মকর্তারা তিনটি ব্যালট বক্স সিল করেন। এরপর ভোট প্রক্রিয়া নিয়ে কথা বলেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুরুতে এক মিনিট মাইকবিভ্রাট ছিল। ভোটগ্রহণ উপলক্ষ্যে সংসদ কক্ষে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিকাল ৩টার মধ্যেই কক্ষে উপস্থিত এমপিরা ভোট দিয়ে দেন। ২টা ৫৫ মিনিটের দিকে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা। ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পরে বিকাল পৌনে ৫টায় সংসদনেতা এবং ৫টার দিকে বিরোধীদলীয় নেতা হাউজে প্রবেশ করেন। নির্বাচনি কর্তা বিকাল ৫টায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার ঘোষণা দেন।

সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত আসনে বসেই নির্বাচনি কর্তা ও সিইসিকে ভোট পরিচালনা করতে দেখা যায়। এ সময় তার বাম পাশের তিনটি চেয়ারে বসেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ডানের দুটো চেয়ারে বসেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ও সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। সাংবাদিকরা তাদের জন্য নির্ধারিত দুটি গ্যালারিতে বসেই নির্বাচন প্রত্যক্ষ করেন। এ সময় সাধারণ পাঁচটি ও দুটো ভিআইপি গ্যালারিতে দর্শকদের প্রবেশের সুযোগ রাখা হয়নি।

বর্জনের দেড় ঘণ্টা আগেই ভোট দেন ইসলামী আন্দোলনের অলি উল্লাহ : বিকাল ৩টা ৫১ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।’ কিন্তু বেলা ২টা ২০ মিনিটের দিকে ইসলামী আন্দোলনের একমাত্র এমপি অলি উল্লাহকে ব্যালট বক্সে ভোট ফেলতে দেখা গেছে। যদিও পরে ভোট বর্জনের বিবৃতিটি মুছে ফেলে ইসলামী আন্দোলন।

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ আজ : নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

Top