কর্মচারী নিয়োগ ফের পরিচালনা পর্ষদের হাতে - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

কর্মচারী নিয়োগ ফের পরিচালনা পর্ষদের হাতে


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।পরিপত্রে ২০২৫ সালের সেপ্টেম্বরে জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের জানুয়ারিতে জারি করা নির্দেশমালার সংশ্লিষ্ট বিধান পুনর্বহালের কথা বলা হয়েছে। এর ফলে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের দায়িত্ব আবারও পরিচালনা পর্ষদের হাতে ফিরল।মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-নিুমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক (পাশ) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়-অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত অংশ ছাড়া অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার সংশ্লিষ্ট বিধান বহাল থাকবে। এর ফলে ট্রেড সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণা বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কসহ বিভিন্ন কর্মচারী পদে আগের নিয়মেই নিয়োগ দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের ভিত্তিতে। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ দিয়ে আসছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। এসব নিয়োগে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সম্প্রতি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে, ২০২৫ সালের সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের কাছ থেকে প্রত্যাহার করেছিল। সে সময় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে নিয়োগ পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কোনো সদস্যের থাকার সুযোগ ছিল না। নতুন পরিপত্রে সেই সিদ্ধান্ত বাতিল করে আবারও পরিচালনা পর্ষদের মাধ্যমে কর্মচারী নিয়োগের ব্যবস্থা বহাল করা হয়েছে।

Top