হাসিনাকে আইনি প্রক্রিয়ায় আনতে চায় সরকার - Alokitobarta
আজ : শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে আইনি প্রক্রিয়ায় আনতে চায় সরকার


বিশেষ প্রতিনিধি:শেখ হাসিনা ইতোমধ্যে দেশের আদালতে সাজাপ্রাপ্ত হয়েছেন। দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেফতার ও রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি তার আপিল করার কোনো সুযোগ থাকে,সেটি আদালত বিবেচনা করবেন।সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন,শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান কি না বা তার বক্তব্য কী,তা আমাদের বিবেচ্য নয়।আমরা তাকে ফেরত চাই। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। আমরাও প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিদেশে পলাতক শীর্ষ অপরাধীদের ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে তিনজন ও সংযুক্ত আরব আমিরাতে একজনসহ চারজন আসামি বর্তমানে আটক রয়েছেন। তাদের মধ্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ওসমান শরিফ আল হাদি হত্যা মামলার আসামি রয়েছেন। আসামিদের দেশে ফিরিয়ে আনতে যা কিছু করণীয়, সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

দেশজুড়ে আরবি হরফখচিত পতাকা প্রদর্শন ও উগ্রবাদের উত্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রবাদ বা মৌলবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না। কিছু মানুষ ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ফায়দা লোটার বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। কিছু সংগঠন থাকতে পারে যাদের আমরা ইংরেজিতে ‘এক্সট্রিমিস্ট’ (উগ্রবাদী) বলতে পারি। তবে দেশের মাটিতে এই ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনিক বা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক আমরা চাই না। সবকিছুই জুডিশিয়াল বা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হোক।

বরিশালের আগৈলঝাড়া থানায় মাদক কারবারিদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুজন সাংবাদিকের (যুগান্তর ও বাংলা টিভির প্রতিনিধি) বিরুদ্ধে মামলার বিষয়টিও খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

যে কোনো অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান : শিক্ষার্থীদের সাম্প্রতিক সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সচিবালয়ে ঢুকে জোর করে পরীক্ষা স্থগিত করা কিংবা পরীক্ষা ছাড়াই পাশের দাবি আদায়ের যে প্রবণতা দেখা গিয়েছিল, এগুলো ‘অপসংস্কৃতি’। সরকার শিক্ষার মান ও দেশের শৃঙ্খলা রক্ষায় যে কোনো অপসংস্কৃতির বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে।

মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢালাও গোল্ডেন জিপিএ-৫, অটোপাশ ও পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, এগুলো শিক্ষার মানকে ধ্বংস করেছে। বিশ্বমঞ্চে একটি দক্ষ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার মান বজায় রাখতে সরকার আপসহীন থাকবে। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ ধৈর্য ধরে দায়িত্ব পালন করছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু ‘মিসইনফরমেশন’ বা ভুল তথ্য এবং প্রকৃত ঘটনার বাইরে ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে।

সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন : আগামী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভর করে। এখন বর্ষাকাল চলছে। তাই সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

জুলাই শহীদের সংখ্যা আরও বেশি : জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের তালিকা তৈরি প্রসঙ্গে মন্ত্রী জানান, জাতিসংঘের রিপোর্ট অনুসারে শহীদের সংখ্যা এক হাজার ৪০০ বলা হলেও এই সংখ্যা দুই হাজারের বেশি হতে পারে। স্বৈরাচারী সরকারের পতনের আগে শেষ মুহূর্তে হাসপাতালগুলো থেকে বহু নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছিল। অনেক ক্ষেত্রে যথাযথ চিকিৎসা বা লাশের হিসাব রাখা হয়নি। এমনকি অনেক লাশ বেওয়ারিশ হিসাবেও দাফন করা হয়েছিল।

Top