আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,সরকার কোনোভাবেই চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না।আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি।উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় না দেওয়া প্রশ্নে বিরোধী দলের সম্পূর্ণ সহযোগিতা পাব।জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে বুধবার একথা বলেন তিনি। তারেক রহমান বলেন,সংসদের রীতি অনুযায়ী বিরোধী দলের সঙ্গে আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে। তবে অবশ্যই শত্রুতা নয়। প্রতিহিংসা-প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা।

প্রাথমিক স্কুলে হবে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল : ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় ৫৪৫টি পার্ক ও খেলার মাঠ রয়েছে। তিনি বলেন, প্রাইমারি স্কুল লেভেলে ছেলেমেয়েদের ফুটবল খেলা কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২২ লাখ ছেলেমেয়ে অংশ নিয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর থেকে প্রাথমিক স্কুলের বাচ্চাদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ডকাপ (ফুটবল) শুরু করতে যাচ্ছি। প্রাথমিক স্কুল থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা মাধ্যমিক স্কুলেও তা নিয়ে যাব।

বে-টার্মিনাল বাস্তবায়ন করা হবে : ঢাকা-৫ আসনের সংসদ-সদস্য কামাল হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে কোনো দুর্নীতি হলে তাদের বিচার অবশ্যই হবে। বন্দরে পর্যায়ক্রমিকভাবে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে চেষ্টা করবে সরকার।

চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বে-টার্মিনাল বাস্তবায়নের পদক্ষেপ আমরা নিয়েছি। এটি চালু হলে মাদার ভ্যাসেলগুলো সরাসরি বন্দরে ভিড়তে পারবে। সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ২০১০ সালে কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং ছিল যথাক্রমে ৪ কোটি ৫৩ লাখ ৬৬৩ টন এবং ১৩ লাখ ৪৩ হাজার ৪৪৮ টিইইউএস। ২০২৫ সালে তা দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ কোটি ৮১ লাখ ৮১২ টন এবং ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউএস।

এর আগে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের পর যাদের দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা তৈরি করা, তারা তা নিরপেক্ষভাবে না করে বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করেছে। আমরা সঠিকভাবে মুক্তিযোদ্ধা ও শহীদদের চিহ্নিত করার চেষ্টা করব। বর্তমান সরকার পবিত্র দায়িত্ব হিসাবে তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। সরকারদলীয় সংসদ-সদস্য রুহুল আমীন দুলালের (পিরোজপুর-৩) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে এ পর্ব অনুষ্ঠিত হয়।

সমাপনী ভাষণে নতুন কর্মসংস্থান তৈরির আশা প্রকাশ করে সংসদ নেতা বলেন, ভবিষ্যতে আমরা যদি স্বৈরাচার-তাঁবেদার রুখতে চাই-তাহলে অবশ্যই রাষ্ট্র ও জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকার শুধু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার জন্য কার্ড দেবে তা নয়, আর্থিক সক্ষমতা আমরা অবশ্যই তৈরি করব। একই সঙ্গে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। সেজন্য আমরা বিভিন্ন সেক্টরে ভাগ করে পরিকল্পনা নিয়েছি। ফলে আশা করি আমরা কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারব। বাজেট অধিবেশনের সমাপনীকে ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে তারেক রহমান বলেন, বাজেট নিয়ে যারা চুলচেরা বিশ্লেষণ করেন তারাও বলেছেন এই বাজেটটি জনবান্ধব।

দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে সংসদ নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার বাহিনী হিসাবে আমরা গড়ে তুলতে চাই। দুর্নীতির মাধ্যমে স্বৈরাচারের সময়ে প্রতিবছর এ দেশ থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার করে দেওয়া হয়েছে। সব সমস্যার অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। যে কোনোভাবে হোক সেই দুর্নীতিতে হাত বেঁধে হোক আর টুঁটি চেপে ধরে হোক-নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

সব কার্ড নিয়ে আসছে ইউনিভার্সেল কার্ড : বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে। যেখানে সমাজের প্রতিটি শ্রেণিপেশার মানুষ ন্যূনতম রাষ্ট্রীয় সেবা পাবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কাজগুলো আমরা শুরু করেছি। আমরা সব কার্ড পর্যায়ক্রমে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছি। এই সব কার্ডকে এক সময় আমরা ‘ইউনিভার্সেল কার্ড’ নামে একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই।

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : এর আগে প্রধানমন্ত্রী সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি নিমগাছের চারা রোপণ করে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হয়। এদিন তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-ও প্রদান করেন। এ সময় তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশ্বে শক্তিশালী হবে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড : সংরক্ষিত আসনের সদস্য সুলতানা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে আন্তর্জাতিকমানের বিভিন্ন ডিজিটাল ডিভাইস উৎপাদন ও সংযোজনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকার যুগোপযোগী শুল্ক সুবিধা দিচ্ছে। ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে স্থানীয় শিল্পের বিকাশ ঘটবে। এতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্ব দরবারে আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, নেটওয়ার্ক ডিভাইস, মনিটর, ডিজিটাল ওয়াচ ও মোবাইল ইত্যাদি প্রযুক্তি পণ্য দেশে উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এই খাত বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও বড় ভূমিকা রাখবে।

Top