সুখরঞ্জন বালীকে ‘গুমে’র অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুখরঞ্জন বালীকে ‘গুমে’র অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার


নুর নবী জনী:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ সুখরঞ্জন বালীকে ‘গুমের’ অভিযোগে সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তার নাম ফজলুর রহমান।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, পরে সীমান্ত এলাকায় তাকে পাওয়া গেছে। তবে সুখরঞ্জনের পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠনের অভিযোগ ছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাকে তুলে নেওয়া হয়।

আলোচিত ওই ঘটনায় ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে অভিযোগ দেন সুখরঞ্জন। তিনি দাবি করেন, যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়া এবং পরে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তিনি গুম ও নির্যাতনের শিকার হন।সেই অভিযোগের সূত্র ধরে সাবেক পুলিশ কর্মকর্তা ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।

Top