বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে - Alokitobarta
আজ : রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে


মোহাম্মাদ মুরাদ হোসেন: যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশটির সরকার শিগ্গিরই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানি প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় পুলিশ সদস্যদের ওই পুরস্কার দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজি মো. আলী হোসেন ফকিরসহ মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।১২ জুন আবুধাবির ফেডারেল এনসিবি ইমেইলের মাধ্যমে বেনজীরকে গ্রেফতারের খবর জানায়। ২০২৪ সালের ৪ মে স্ত্রী-সন্তান নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আসামিকে গ্রেফতারের পর ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আমিরাতের পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে। বর্তমান সরকারের কাজের গতি বিগত যে কোনো সময়ের চেয়ে দ্রুততর বলে তিনি উল্লেখ করেন।

দুবাই থেকে বেনজীরকে ফিরিয়ে আনা সহজ হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগ্গির বেনজীরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। কাগজপত্র পাঠানোর পর তারা এখনো কোনো জবাব দেয়নি। তাছাড়া শুক্র-শনিবার আমিরাতে ছুটির দিন। রোববার (আজ) আমরা অফিশিয়ালি খোঁজ নেব।

আমিরাতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি আছে কি না এবং কোন প্রক্রিয়ায় বেনজীরকে ফেরত আনা হবে-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএই-এর সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) চুক্তি রয়েছে। এ প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে। কোনো জটিলতা হবে মনে করি না।

আমিরাতের রাষ্ট্রদূতের কাছে ‘নোট ভারবাল’ : বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদির কাছে ‘নোট ভারবাল’ দেওয়া হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে বৃহস্পতিবার এটি দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বিদেশে গ্রেফতার একজন আসামিকে দেশে ফেরত আনতে ইন্টারপোলের কিছু প্রক্রিয়া ও ধাপ আছে। এরই অংশ হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগ থেকে ওই ‘নোট ভারবাল’ দেওয়া হয়েছে।

Top