ধান-চাল সংগ্রহের সময় এগিয়ে আনল সরকার
মু.এবি সিদ্দীক ভুঁইয়া:সারা দেশে ১৫ মে থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও, বিশেষ পরিস্থিতিতে কেবল হাওরাঞ্চলের ছয়টি জেলায় এ কার্যক্রম ১২ দিন এগিয়ে এনে আগামী রোববার (৩ মে) থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে বোরো ধান সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের ছয় জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে, চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ ১৫ মে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে হাওড় অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
এতে আরও বলা হয়েছে, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবংএক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।