আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে ,সংসদে বিল পাশ - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে ,সংসদে বিল পাশ


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী(সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ।বুধবার দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাশ হয়। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। এই আইনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। এটিকে আইনে রূপ দিতে বুধবার জাতীয় সংসদে বিল পাশ হলো। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপন করেন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সময় আপত্তি জানিয়ে বলেন, এ সংক্রান্ত একটি তুলনামূলক শিট তারা তিন থেকে চার মিনিট আগে হাতে পেয়েছেন। এটা পুরো পড়তে পারেননি। এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন। আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপত্তি জানানোর জন্য একটি নির্দিষ্ট সময় আছে। সেই সময় আপত্তি হলে গ্রাহ্য করতে পারতেন। বিলের এই পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই। এ সময় বিরোধী দলের নেতা বলেন, দুঃখজনকভাবে শিটটা তো পেয়েছেন এইমাত্র। তখন স্পিকার বলেন, বিষয়টি হয়তো পরে দেখবেন, বিলের এই পর্যায়ে আপত্তির কোনো সুযোগ নেই। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে পাশ করার প্রস্তাব করার সময় বিরোধী দলের নেতার বক্তব্যের জবাব দিয়ে বলেন, বিলটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণসংক্রান্ত সংশোধনী। আগের যে সন্ত্রাসবিরোধী আইন ছিল, তা সংশোধনের জন্য। বিরোধীদলীয় নেতার নিশ্চয় স্মরণ থাকার কথা, তারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। সে অনুযায়ী নির্বাচন কমিশনে তাদের নিবন্ধনটাও স্থগিত হয়ে আছে। এই আইনের অনুবলে পরবর্তী সময়ে ৪৭ অনুচ্ছেদ অনুসারে আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়।

বিলটির ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে সত্তার বা সংগঠন নিষিদ্ধ করার বিধান ছিল। অধ্যদেশের সংশোধনীতে সত্তা বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়। সত্তা বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে ২০২৫ সালের ১১ মে। পরদিন ১২ মে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে বিগত অন্তবর্তী সরকার। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে কোনো সত্তার কার্যক্রমকে নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছিল এবং কার্যক্রম নিষিদ্ধ সত্তার মিছিল, মিটিং, প্রকাশনাসহ যেসব কার্যক্রম নিষিদ্ধ করা যাবে তার বিধান অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাশ হওয়া ছাড়াও এদিন জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিত বিল জাতীয় সংসদে পাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের এই বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩নং আইন)’-এর গেজেট জারি করা হয়। পরে প্রয়োজনীয়তার নিরিখে ২০১৫ সালের ২৫ মে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ব্যবস্থাসমূহ নেওয়া এবং সুবিধাদি প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়। শুধু একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিবেচিত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিতকরণের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। এ প্রেক্ষিতে অধ্যাদেশটি ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমোদনের জন্য বিল আকারে উপস্থাপন করা হয়।বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে ৪টি রহিত করা হয় এবং ১৬টি পরবর্তী সময়ে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়। যে ১৫টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যদেশ। তবে বুধবার এ সংক্রান্ত যে বিল পাশ হয়েছে, সেখানে কোনো সংশোধনী আনা হয়নি।

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রশ্নে যা বললেন চিফ হুইপ : সন্ত্রাসবিরোধী আইনের বাস্তবায়ন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আমাদের রাজনৈতিক দর্শন প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহারের দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা ভালোবেসে মানুষের হৃদয় জয় করব।’ তারেক রহমান মনে করেন, তিনি বাংলাদেশের সব মানুষের প্রধানমন্ত্রী।বুধবার জাতীয় সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ আরও বলেন, আইনের শাসনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং কেউ অপরাধী প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী বিচার হবে, দল বিবেচনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, সংসদ বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাশ করার চাপে রয়েছে। ইতোমধ্যে ৪৪টি অধ্যাদেশ পাশ করা হয়েছে। দ্রুত অগ্রগতির জন্য একাধিক অধ্যাদেশকে একীভূত করে বিল আকারে উত্থাপন করা হচ্ছে। নির্ধারিত সময়সীমার ভেতর অধ্যাদেশগুলো পাশ করার জন্য সংসদে বসবে অতিরিক্ত অধিবেশন, প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে।

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন : সংরক্ষিত নারী আসনের বিষয়ে চিফ হুইপ বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট সম্ভাব্য ৩৬টি আসন পাবে, যা জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদ-সদস্য হওয়ার যোগ্যতা পূরণ সাপেক্ষে, সংসদে কার্যকর অংশগ্রহণের সক্ষমতার ভিত্তিতে এবং দীর্ঘ গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। সমাজের সব স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। চূড়ান্ত মনোনয়ন দলীয় প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

সংসদে সাউন্ড সিস্টেমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ : সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অদক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম সংঘটিত হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। চলমান অধিবেশন ব্যাহত না করতে তা অধিবেশন শেষে কার্যকর করা হবে।

সংসদে ৫টি বিল পাশ : এদিকে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ বিলসহ অন্তর্বর্তী সরকারের ৫টি অধ্যাদেশের বিল বুধবার জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলগুলোর বিশেষ কমিটির কোনো প্রস্তাব না থাকায় সরাসরি পাশ হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পাশ হওয়া বিলগুলো হলো-‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ বিল। পাশ করা এই বিলটিতে শেখ হাসিনার নাম বিলুপ্ত করার প্রস্তাব করা হয়। পাশ হওয়া অপর বিলগুলো হচ্ছে-‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬।

Top