গুমের বিচার আইসিটিতে বহাল রেখে বিল পাশ - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

গুমের বিচার আইসিটিতে বহাল রেখে বিল পাশ


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:গুম, গণহত্যার মতো অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের বিধান বহাল রাখা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এটিসহ ১৪টি বিল পাশ হয়েছে। এছাড়া আরও দুটি বিল সংসদে তোলা হয়েছে। এগুলো পরে পাশ হবে।মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম, গণহত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) অধ্যাদেশ হুবহু সংসদে পাশ হয়েছে।জাতীয় সংসদ অধিবেশনে মঙ্গলবার দুদফায় এসব বিল পাশ হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপ দিতে এসব বিল পাশ করা হলো। বিলে এসব অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। বিলগুলোতে দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এর ওপর সংসদে তেমন কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীদের উত্থাপনের পর বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাশ করা হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসংক্রান্ত বিল নিয়ে আইনমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে বিতর্ক হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসংক্রান্ত বিলটি পাশের প্রস্তাব করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এটি এমন একটি বিল যার মধ্যে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা বলছেন, সরকার গুম প্রতিরোধে আইন করতে চাইছে না, তাদের তিনি এ আইনটি ভালো করে দেখার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান সরকার গুমের বিচারে বদ্ধপরিকর সেটার বহিঃপ্রকাশ এই আইনে এসেছে।

বিলটি পাশ হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আইনমন্ত্রীর বিল পাশের প্রস্তাব করতে গিয়ে যা বলেছেন তা অনাহূত। এটা না বললেই ভালো হতো। নির্দিষ্ট সময় যখন আসবে তখন এ বিষয়ে তারা কথা বলবেন।জবাবে আইনমন্ত্রী বলেন, বাইরে অনেকে গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সে কারণে এ বিল উপস্থাপনের আগে তিনি পরিষ্কার করেছেন যে গুমের বিচারে সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাইরে কতজন কত কথা বলে। আপনি সংসদের আলোচনার মধ্যে, সংসদ-সদস্যদের মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখেন। স্পিকার বলেন, আইনবিধি অনুযায়ী যেটা গৃহীত হবে সেটা নিয়ে কার্যক্রম গ্রহণ করা হবে।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে অনুমোদের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। বাকি ২০টির মধ্যে ৪টি রহিত করা এবং ১৬টি পরে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়। গতকাল পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রায় ৩০টি অধ্যাদেশ পাশ হলো।মঙ্গলবার পাশ হওয়া বিলগুলোর মধ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধনে কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (অ্যামেন্ডমেন্ট) বিল’, ‘সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল ও রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল আইনমন্ত্রী আসাদুজ্জামান পৃথকভাবে পাশের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাশ হয়।

এদিন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত তিনটি বিল পাশ হয়। এগুলো নাম পরিবর্তনসংক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল সংসদে পাশ হয়। খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি অনুমোদনে গতকাল শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল সংসদে পাশ হয়।

স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে পৃথকভাবে বিল দুটি পাশের জন্য সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ্উদ্দিন আহমদ। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিলটি উত্থাপনের সময় সালাহউদ্দিন আহমদ কিছুটা হাস্যরস করে বলেন, ‘খুব দুঃখের ব্যাপার! এতক্ষণ তো যা বললাম, এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে।’ এ সময় সংসদ-সদস্যদের অনেককেও হাসতে দেখা যায়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়,সিলেটের নাম পরিবর্তন করে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছিল অন্তর্বর্তী সরকার। এজন্য অধ্যাদেশ জারি করা হয়। এটি অনুমোদন করতে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’ সংসদে পাশ হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিলটি পাশের প্রস্তাব তোলেন।

এছাড়া নাম পরিবর্তন করে জারি করা অধ্যাদেশ অনুমোদনে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) বিল, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিলও সংসদে পাশ হয়েছে। বিল দুটি পাশের জন্য সংসদে তোলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গতকাল বিকালে নির্দিষ্টকরণ সম্পূরক (২০২৪-২৫ অর্থবছর) বিল, নির্দিষ্টকরণ (২০২৫-২০২৬ অর্থবছর) বিল পাশ হয়। এ দুটি বিল পাশের জন্য সংসদে তোলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) রহিতকরণ বিল পাশের জন্য তোলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাণিজ্যিক আদালত বিল পাশের জন্য তোলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

এর আগে সকালে ‘হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল’ সংসদে পাশের জন্য প্রস্তাব করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিলটি কণ্ঠভোটে পাশ হয়।

অন্যদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল গত সংসদে তোলা হয়েছে। এ দুটি ক্ষেত্রে যেভাবে অধ্যাদেশ জারি করা হয়েছিল বিলে তার কিছু সংশোধন আছে। এ দুটি ক্ষেত্রে বিশেষ কমিটিতে নোট অব ডিসেন্ট দিয়েছিল বিরোধী দল। এগুলো গতকাল উত্থাপন হলেও আলোচনা বা পাশ হয়নি। পরে এগুলো নিয়ে আলোচনা হবে।

Top