জামায়াত আমিরের প্রত্যাশা,বিএনপি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:পিলখানা হত্যাকাণ্ডের বিচার বর্তমান বিএনপি সরকার করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান।বুধবার দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ বনানী ও গুলশান থানা জামায়াতের নেতা ও শহীদ পরিবারের সদস্যরা।ডা.শফিকুর রহমান বলেন,পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় ২টা তদন্ত কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে কোনো প্রতিবেদন সামনে আসেনি, আলোর মুখ দেখেনি। উলটো এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয় তখনকার সরকারের পক্ষ থেকে। তদন্তের প্রতিবেদন জাতির সামনে এলে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই ক্ষমতাসীনদের সঙ্গে এই হত্যাকাণ্ডের গভীর সম্পর্ক ছিল, যে কারণে তারা চাননি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখুক।
তিনি বলেন,৫৭ দেশপ্রেমিক ও কমিটেড সেনা কর্মকর্তাকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। হত্যার আগে তাদেরকে পিলখানায় বদলি করে নিয়ে আসা হয়। কাউকে কাউকে মাত্র একমাস আগে বদলি করে আনা হয়েছিল।তিনি আরও বলেন, এই ঘটনায় তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সম্পর্কে আজেবাজে কথা বলা হয়েছে এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককেও জড়ানোর চেষ্টা করা হয়েছে। নাসির উদ্দিন পিন্টুকেও অভিযুক্ত করা হয়েছে। সে নাকি নৌকা দিয়ে লোক পার করে দিয়েছে, এজন্য তাকে দায়ী করে জেলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।বিরোধীদলীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদনে আংশিক সত্য প্রকাশ হয়েছে। জামায়াত আমির বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আমি আশা করি। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়-মূল গাছগুলোর জাতে বিচার হয়, সেটা চাই।